ব্যাংককে বোমা হামলায় বিদেশি গোষ্ঠী দায়ী নয়
চলতি সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বোমা হামলার জন্য আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র দায়ী নয় বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। আর চীনকেও তাদের লক্ষ্য বলে মনে করছে না তারা। গতকাল বৃহস্পতিবার এ কথা জানায় থাই পুলিশ। পুলিশের ধারণা, এর পেছনে পরিকল্পনাকারী হিসেবে কমপক্ষে ১০ ব্যক্তি জড়িত। ব্যাংককে ওই বোমা হামলায় ২৩ জন নিহত হয়। মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত ওই হামলার দায় এখনও স্বীকার করেনি কেউ। ব্যাংককের একটি বিখ্যাত মন্দির ইরওয়ানে সমবেত সফরকারীদের ওপর ওই হামলা চালানো হয়। থাই সরকার বলেছে, পর্যটনের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাইল্যান্ডের অর্থনীতিকে চাপে ফেলার জন্যই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে তারা কোনো দলকে এই ভয়ঙ্কর হামলার জন্য দায়ী করছে না। খবর আলজাজিরা, এএফপি।
থাই জান্তা সরকারের মুখপাত্র কর্নেল উয়িনথাই সুভারি বলেছেন, 'মিত্র দেশগুলোর নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আমাদের নিরাপত্তা সদস্যরা একযোগে কাজ করে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছে, তাতে মনে হয়েছে এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের কোনো সম্পর্ক নেই।' ইরওয়ান মঠে সাধারণত চীন এবং পূর্ব এশিয়ার পর্যটকরাই এসে থাকেন। মঙ্গলবার নিহত ২৩ জনের মধ্যে ১৪ জনই ছিলেন বিদেশি পর্যটক। তাদের মধ্যে ৭ জন আবার চীন ও হংকংয়ের নাগরিক। তবে মুখপাত্র উয়িনথাই বলেছেন, এটা বলা যাবে না যে, চীন এবং হংকংয়ের পর্যটকরাই হামলাকারীদের লক্ষ্য ছিল। তবে কারা এর জন্য দায়ী হতে পারে, সে ব্যাপারে বিশদ কিছু বলেননি মুখপাত্র কর্নেল উয়িনথাই।
থাইল্যান্ডের সঙ্গে চীনের পর্যটনসহ বিভিন্ন অর্থনৈতিক ব্যাপারে গভীর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এদিকে বুধবার পুলিশ বলেছে, সিকিউরিটি ক্যামেরার ফুটেজে যে তরুণকে বোমা পুঁততে দেখা গেছে, সে ইউরোপিয়ান কিংবা মধ্যপ্রাচ্যের হতে পারে। বৃহস্পতিবার থাই কর্তৃপক্ষ বলেছে, হলুদ শার্ট এবং শর্টস পরা মানুষটা থাই হতে পারে। তবে সে চেষ্টা করেছে, তাকে যেন বিদেশি বলে মনে করা হয়।
ইন্টারপোলের সহায়তা চায় থাইল্যান্ড :বোমা হামলার জন্য বিদেশি সন্ত্রাসী দায়ী নয় বলে মনে করা হরেও থাইল্যান্ড প্রধান সন্দেহভাজন হিসেবে একজন বিদেশি খুঁজে বের করার জন্য ইন্টারপোলের সহায়তা চেয়েছে। প্রাথমিকভাবে তারা অবশ্য এই ব্যাপারে বিদেশি কোনো সাহায্যের কথা চিন্তা করেনি। ন্যাশনাল পুলিশের উপমুখপাত্র কিসসানা পাথানরচারিওন বলেছেন, আমরা সহায়তা পাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।
ব্যাংককে এই হামলার মোটিফ এখনও বের করতে পারেনি। তবে পুলিশ বলেছে, হামলার পেছনে যারাই থাকুক, তারা খুব পরিকল্পনা করেই কাজটা করেছে। এর পেছনে খুব বড় কোনো সন্ত্রাসী শক্তি রয়েছে বলে ধারণা করছে তারা।











