শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে গৃহকর্মীকে ধর্ষনের পর হত্যার চেষ্টার অভিযোগে মামলা

news-image

 স্টাফ রিপোর্টার সরাইল : আমডা হুব গরিব। তাই তারার বাড়িত কাম করতাম। স্বপন চাচা বিদেশ তাহে। দুই বিয়া করছে। তাইনের মা হরমপুর মাজারে গেছে। বাড়ি হালি। আমারে রাইতে দইরা তার ঘরে লইয়া গেছে। কইতাছে আমি অনেক বড় লোক। তরে বিয়া করুম। অনেক টেহা দিমু। বলেই তাইনে আমার পাউ বাইন্দা লাইছে। জোর কইরা জামা কাপড় হুলা শুরু করছে। কাপড় ছিরা ফালাইছে। আমি কইলাম-আপনেরে চাচা ডাহি। আমার জামাই আছে। বাতিজির লগে মাইনসে ইতা করে না। আমার কোন ক্ষতি কইরেন না। পরে ওড়না দিয়া আমার মুখ বাইন্দা লাইছে। ইচ্ছা মতন আমারে তিনবার হারাপ কাম করছে। কাম শেষ কইরা কইতাছে-‘ মাইনসেরে কইবি না। আমার মান ইজ্জত থাকত না। তোরা গরিব মানুষ। তরার কোন ইজ্জত নাই। যদি কথাডা কেউরে কছ তাইলে আমি তরে মাইরা মাটিতে ফুইতা দিমু। কেউ কিছু করতে পারব না।’ আমারে টাইন্না তাদের বয়লারে লইয়া যায়। পরে জোর কইরা আমার মুখে বিষ ডাইল্লা দেয়। ভিতরে জ্বলতে তাহে। চোখে আইন্দার দেহি। রাইতে অই আমারে হিয়ান তাইক্কা আনেন। হাসপাতালে নিয়া গেছেন। স্বপন চাচা ও গেছিলেন। ডাক্তররে জানি কানে কানে কিতা কইছে। ছিড়া কাপড় তারা ফালাইয়া দিছে। ৪দিন পরে গত মঙ্গলবারে হাসপাতাল তাইক্কা আমি আইছি। আমার জামাই জাইন্না ফালাইছে। অহন আর আমারে নিত না। আমার অহন কি অইব? আইনের কাছে আইছি। কেইচ করছি। আমি এর বিচার চাই। বলেই হাউ মাউ করে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে দরিদ্র পরিবারের এক গৃহকর্মী গৃহবধু। তার বাড়ি উপজেলার পানিশ্বর ইউনিয়নের নোয়াহাটি গ্রামে। মামলা ও গৃহবধুর পারিবারিক সূত্রে জানা যায়, দিনমজুর পিতার কন্যা ওই গৃহবধু তাদের প্রতিবেশী রইছ মিয়ার প্রবাসী ছেলে স্বপনদের বাড়ির গৃহকর্মী ছিল। স্বামী থাকে গ্রামের বাড়ি ইটনার মিঠামইনে। পাঁচ সন্তানের জনক স্বপনের রয়েছে দুই স্ত্রী। একজন ঢাকায় আরেকজন থাকে গ্রামের বাড়িতে। সম্প্রতি স্বপন বিদেশ থেকে বাড়িতে এসেছে। গত রমজানের আগ থেকেই ২০ বছর বয়সের ওই গৃহবধু তাদের বাড়িতে কাজ করছে। নারী লোভী স্বপনের লোলুপ দৃষ্টি পড়ে কাজের বুয়ার উপর। গত ১৪ আগষ্ট শুক্রবার রাতে মা সহ পরিবারের কয়েকজন বাড়িতে না থাকার সুযোগে স্বপন গৃহকর্মীকে হাত বেঁধে জোর করে নিয়ে যায় তার শয়ন কক্ষে। বিয়ে ও টাকার লোভ দেখিয়ে বুয়াকে কু-প্রস্তাব দেয়। রাজি হয়নি সে। জোর করে তার সালোয়ার খুলে। পড়নের জামা ছিড়ে ফেলে। তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেয় লম্পট স্বপন। রাতেই গৃহকর্মীকে টেনে খিছরে নিয়ে যায় বাড়ির পশ্চিম পাশে তাদের বয়লারে। সেখানে হত্যার উদ্যেশ্যে জোর করে ওই গৃহকর্মীর মুখে বিষ ঢেলে দেয় স্বপন। গৃহকর্মীর আর্তচিৎকার শুনে তার পিতা সেখান থেকে উদ্ধার করে সমাজের লোকজনকে জানায়। গভীর রাতে তাকে নিয়ে যান জেলা সদর হাসপাতালে। স্বপনও যান সেখানে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়। ৪দিন চিকিৎসার পর গত ১৮ আগষ্ট মঙ্গলবার গৃহকর্মী হাসপাতাল ত্যাগ করেন। গত বুধবার রাতে স্ব-শরীরে থানায় হাজির হয়ে গৃহকর্মী বাদী হয়ে স্বপনের বিরুদ্ধে ধর্ষনের পর বিষ পানে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। গৃহকর্মীর পরিবারের একাধিক সদস্য জানান, মামলা দায়েরের পর ওই গ্রামের অনেক প্রভাবশালী লোক মামলা তুলে নিতে তাদেরকে চাপ দিচ্ছেন। অনেকে আবার প্রশাসনের লোকজনকে গালমন্দও করছেন। স্থানীয় কতিপয় সর্দার মাতব্বর ঘটনাটিকে টাকার বিনিময়ে ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছেন। গৃহকর্মী বলেন,“ পেড বাচাইতে কাম করতে আইয়া সব আরাইলাম। আমার জীবনডা শেষ। জামাই আমারে আর নিত না। বাপে কাম কইরা সংসার চালা। এখন আমি কই যামু। আমি আইনের কাছে বিচার চাই।” গৃহকর্মীর বৃদ্ধ দিনমজুর বাবা বলেন, “ মাইয়ার ইজ্জতঅ নিল। আবার মাইরা ফালাইত চাইছিল। চিল্লি হুইন্না আমি তারে আনছি। আমার টেহা অ নাই, মানুষ অ নাই। আছে হালি আল্লাহ। আসল বিচার চাই।” অভিযুক্ত স্বপন মিয়ার মুঠোফোনে (০১৯১৭-২১৩০০৯) একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ মুজিবুর রহমান বলেন, তদন্ত কওে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে আলোচনার জন্য উভয় পক্ষকেই থানায় ডেকে আনা হয়েছে  (গতকাল দুপুর ১২টায়)। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত স্পর্শকাতর চাঞ্চল্যকর এ মামলাটি নথিভূক্ত হয়নি।