বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিশ্চয়তায় ৩ হাজার যাত্রী

news-image

প্রকৃত হজপ্রার্থীরা ভিসা না পাওয়ায় আশকোনা হজ ক্যাম্পে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে কর্তৃপক্ষ, হাব নেতাদের সঙ্গে কোটাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হজ এজেন্সির মালিকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। যে কোন সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গতকাল দিনভর হজ ক্যাম্পে উত্তেজনা বিরাজ করে। মানববন্ধনসহ প্রতিবাদী কর্মসূচির সিদ্ধান্ত নেন কোটাবঞ্চিত হজযাত্রীরা। ক্যাম্পের ভেতরেই ওই কর্মসূচি পালন করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাইরে বের করে দেন। পরে কোটাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত এজেন্সির মালিকদের সমন্বয়ে রুহুল আমিন মিন্টু নামের এক হজযাত্রীকে আহ্বায়ক ও আবদুল মতিনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এদিকে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে প্রায় ৩ হাজার হজপ্রার্থীর সৌদি আরবে যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আদৌ তারা এ বছর হজের ভিসা পাবেন কি-না এ নিয়ে সংশয়ে রয়েছেন। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হজ ফ্লাইট শুরু হওয়ার আগেই ত্রুটিপূর্ণ ডাটাবেজ নিয়ে কর্তৃপক্ষ ও হজ এজেন্সি মালিকদের সংগঠন-হাব নেতাদের সঙ্গে এজেন্সি ও হজপ্রার্থীদের মধ্যে বিরোধ চলে আসছিল। ফ্লাইট শুরু হওয়ার পর থেকে এ বিরোধ তুঙ্গে ওঠে। এ ব্যাপারে গঠিত যাচাই কমিটির পর্যালোচনা করে দেখা যায় ডাটাবেজে প্রচুরসংখ্যক ভুয়া হজপ্রার্থী রয়েছে। এতে বিভিন্ন এজেন্সির প্রায় ৩ হাজারের মতো প্রকৃত হজপ্রার্থী যাবতীয় প্রক্রিয়া শেষ করার পরও ভিসা পাচ্ছেন না। ফলে শুরু থেকে তাদের ভিসা দেয়ার জন্য দাবি জানাতে থাকে। বরাবরই কর্তৃপক্ষ বিষয়টি সুরাহা করতে আশ্বাস দিলেও শেষ মুহূর্তে টালবাহানা শুরু করে। ফলে ৩ হাজারের মতো প্রার্থীর হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। কর্তৃপক্ষ ও হাব নেতাদের যোগসাজশে ডাটাবেজে অন্তর্ভুক্ত ভুয়া নামের রিপ্লেসমেন্ট হিসেবে নতুনদের সুযোগ দেয়া হলেও আগেই প্রক্রিয়া সম্পন্ন করে রাখা হজপ্রার্থীদের সুযোগ দেয়া হচ্ছে না।   


সংশ্লিষ্ট সূত্র জানায়, হজযাত্রী রিপ্লেসমেন্ট ও এজেন্সি মালিকদের বারকোড দেয়া নিয়ে গত সোমবার রাতে হজ ক্যাম্পে পরিচালকের অফিসে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এইচ হারুন ক্ষতিগ্রস্ত এজেন্সি মালিকদের প্রতিনিধি ও হাব নেতাদের নিয়ে একটি বৈঠকে বসেন। বৈঠকে হজযাত্রী রিপ্লেসমেন্ট দেয়া ও এজেন্সি মালিকদের প্রত্যেককে একটি করে বারকোর্ড দেয়া নিয়ে পরস্পর বিরোধী মত দেন ক্ষতিগ্রস্ত এজেন্সি মালিক প্রতিনিধিরা ও হাব প্রতিনিধিরা। হাব নেতারা রিপ্লেসমেন্ট ও এ বারকোর্ড দেয়ার পক্ষে মত দেন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত এজেন্সি মালিকরা রিপ্লেসমেন্ট ও বারকোর্ড দেয়া আপাতত বন্ধ রেখে কোটাবঞ্চিতদের কোটা দেয়ার জোর দাবি জানান। এ নিয়ে হাব সভাপতির সঙ্গে ক্ষতিগ্রস্ত এজেন্সি মালিকদের প্রতিনিধি আবদুল মতিন ভূঁইয়া ও আবু সাঈদ আনসারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাঈদ আনসারীকে হাবের উপস্থিত নেতারা ধাক্কা দিয়ে বের করে দেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এর কিছুক্ষণ পর হাব সভাপতি ইব্রাহীম বাহার বের হয়ে এলে ক্ষতিগ্রস্ত এজেন্সি মালিকরা তার ওপর চড়াও হন। একপর্যায়ে হাবের অন্য নেতারা বের হয়ে এলে একপক্ষ আরেক পক্ষকে ধর ধর বলে শোরগোল করতে থাকে। এ সময় পুরো হজ অফিসে উত্তেজনা দেখা দেয়। হাব নেতারা আবারও পরিচালকের কক্ষে প্রবেশ করে কোটাবঞ্চিত এজেন্সির অপর প্রতিনিধি আবদুল মতিন ভূঁইয়াকে শাসাতে থাকেন। একপর্যায়ে তিনিও বের হয়ে যান। পরে হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, সহসভাপতি ফরিদ আহমেদ মজুমদার, সদস্য আফতাব উদ্দিনসহ অন্য নেতারা বাইরে অবস্থান নেন। অন্যদিকে প্রতিপক্ষ এজেন্সি মালিকরা শোরগোল ও স্লোগান দিতে থাকেন।


এ ব্যাপারে গতকাল বিকালে উপসচিব হাসান জাহাঙ্গীর বলেন, ভিসা নিয়ে যে জটিলতা আগে ছিল সেটা কেটে গেছে। রিপ্লেসমেন্ট-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি জানি না। এ ব্যাপারে কমিটি বলতে পারবে। এদিকে গতকাল দিনভর আশকোনা হজ ক্যাম্পে উত্তেজনা বিরাজ করে। বিকালে ক্যাম্পের ভেতরে মানববন্ধন করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বের করে দেয়। পরে আন্দোলনকারীরা ক্যাম্পের পার্শ্ববর্তী একটি মসজিদে অবস্থান নেন। সেখানে রুহুল আমিন মিন্টুকে আহ্বায়ক এবং আবদুল মতিনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। সন্ধ্যার দিকে ওই কমিটির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে তারা বিশেষ মোনাজাত করেন। আন্দোলনকারীরা জানান, ধর্ম মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন এমপির অনুরোধে আজকের (গতকাল) কঠোর কর্মসূচি থেকে ফিরে আসা হয়েছে। বিষয়টি সুরাহা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। এখনও বিষয়টি নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে