শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছে-ভাতে স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া

news-image

ডেস্ক রির্পোট : উদ্বৃত্ত থাকছে প্রধান খাদ্যশস্য ধান। রপ্তানি করেও চাহিদার সমান থাকছে মাছ। এ ছবি ব্রাহ্মণবাড়িয়ার। 'মাছে-ভাতে বাঙালি' কথাটির যথার্থতা যেন নোঙর ফেলেছে ব্রাহ্মণবাড়িয়ায়। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদিত ধান এখন উদ্বৃত্ত থাকছে, যা প্রায় ৯০ হাজার টন ছাড়িয়ে গেছে। বছরে পাঁচ লাখ ২৬ হাজার ৬৯০ টন খাদ্য চাহিদার বিপরীতে উৎপাদিত হচ্ছে ছয় লাখ ১৬ হাজার ৮২২ টন (দুই হাজার ৬৪০ টন গমসহ)। অন্যদিকে জেলা মৎস্য অফিস থেকে পাওয়া তথ্যমতে, বছরে প্রায় ৫৪ হাজার টন মাছের যে চাহিদা তা এখন পূরণ হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদন করেই। গত অর্থবছরে মাছের এ চাহিদা পূরণে সক্ষম হয় ব্রাহ্মণবাড়িয়া। এই অর্থবছরে চাহিদার চেয়ে বেশি পরিমাণ মাছ উৎপাদিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। ৯টি উপজেলা ও পাঁচটি পৌরসভা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার আয়তন প্রায় ১৯০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৩১ লাখ। গত অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়ায় ১.৪ শতাংশ হারে জনসংখ্যা বাড়ে। এতে খাদ্য (মাছ-ভাত) চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উৎপাদনও। জেলা কৃষি সম্প্রসারণ অফিসের দেওয়া তথ্যমতে, ২০১৪-১৫ সালের জরিপ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার বার্ষিক খাদ্য চাহিদা পাঁচ লাখ ২৬ হাজার ৬৯০ টন। এর মধ্যে বীজ উৎপাদন ও গো-খাদ্যের জন্য ১১.৫৮ হারে ৭১ হাজার ৪২৮ টন ও মানুষের খাবারের জন্য চার লাখ ৫৫ হাজার ২৬২ টন চাহিদা নিরূপণ করা হয়।

ওই সময় উৎপাদিত হয়েছে ছয় লাখ ১৬ হাজার ৮২২ টন খাদ্যশস্য। এর মধ্যে রয়েছে চার লাখ ৪৬ হাজার ৮৫০ টন বোরো, এক লাখ ২১ হাজার ৪৩৭ টন রোপা আমন, ২৭ হাজার ৬৫০ টন আমন, ১৮ হাজার ২৪৫ টন আউশ ধান ও দুই হাজার ৬৪০ টন গম।

সূত্রমতে, ব্রাহ্মণবাড়িয়ায় আবাদি জমির পরিমাণ এক লাখ ৪৫ হাজার ১৫০ হেক্টর। ফসলি জমি (এক, দুই, তিন, চার ফসলি মিলিয়ে) দুই লাখ ৬৭ হাজার ৭৬ হেক্টর। ১২ হাজার ৮৪৫টি অগভীর নলকূপ, চার হাজার ১২৯টি পাওয়ার পাম্প, ৩৫৪টি গভীর নলকূপের মাধ্যমে উল্লিখিত জমির সেচব্যবস্থা নিশ্চিত করা হয়। তিন লাখ ৮১ হাজার ৪১৫ কৃষক পরিবার রয়েছে এ জেলায়। এর মধ্যে প্রান্তিক কৃষকের সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৫৯।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু নাছের বলেন, 'ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও আবহাওয়া বৈচিত্র্যময়। যে কারণে অঞ্চলভিত্তিক খাদ্যশস্যসহ বিভিন্ন ফসলের ভালো ফলন হয়। অনেক আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দিনকে দিন খাদ্যশস্যের চাহিদার সঙ্গে উৎপাদনও বেড়ে যাচ্ছে। সরকার কৃষিপণ্যে ভর্তুকি দেওয়ার পাশাপাশি উৎপাদন বাড়াতে যে ধরনের পদক্ষেপ নিয়েছে তাতে মনে করি সাফল্যের ধারা অব্যাহত থাকবে। এ ছাড়া কৃষিতে আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহারও উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।'

এদিকে জেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে মাছের চাহিদা ছিল ৫৩ হাজার ৯১২ টন। প্রাকৃতিক ও চাষসহ সব মিলিয়ে উৎপাদন হয় ৪৪ হাজার ২৫ টন। অর্থাৎ ৯ হাজার ৮৮৭ টন মাছের ঘাটতি থেকে যায়। তবে হাওরের একটি বিশেষ প্রকল্পের সুফল পেতে শুরু করায় গত অর্থবছরে মাছের উৎপাদন ঘাটতি কমে চাহিদার সমান এসে ঠেকেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর রয়েছে ২২ হাজার ১১৮টি। পাঁচ হাজার ৬৯৬ হেক্টর আয়তনের এসব পুকুর থেকে ২৩ হাজার ৪৫১ টন মাছ উৎপাদিত হয়। ৩৯৫টি প্রাকৃতিক জলাশয় থেকে মাছ আহরণ হয় ১৫ হাজার ৯৩৩ টন। ১১ হাজার ১৫৬ হেক্টর আয়তনের ২৭টি নদী থেকে আহরণ করা হয় তিন হাজার ৮৭১ টন মাছ। ২৪৬টি ৪০৬ হেক্টর আয়তনের বেসরকারি খামার থেকে মাছ উৎপাদিত হয় দুই হাজার ৫৭৫ টন। ৪০ হাজার ১৫২ হেক্টর আয়তনের প্লাবন ভূমি থেকে ছয় হাজার ৭২৬ টন মাছ উৎপাদিত হয়। ১৯৩টি বিল বা জলমহাল থেকে মাছ উৎপাদিত হয় চার হাজার ৮৬১ টন। এ ছাড়া খাল ও ধান ক্ষেতসহ অন্যান্য জলাশয় থেকেও মাছ উৎপাদিত হয় ব্রাহ্মণবাড়িয়ায়।

উল্লেখ্য, পুকুরে মাছচাষে চতুর্থ ও হাওর-বিলে মাছ চাষে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমান সরকার এটিকে তাদের অন্যতম সাফল্য হিসেবে মনে করছে। ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদিত মাছ জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিনই ভারতে রপ্তানি হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, '২০১৩-১৪ অর্থবছরে মাছের ঘাটতি থাকলেও হাওরে পোনা অবমুক্ত, বিল নার্সারি করাসহ বিভিন্ন পদক্ষেপের কারণে গত বছর মাছের চাহিদা পূরণ করা গেছে।' তিনি বলেন, 'মাছ উৎপাদনে যে সফলতা এসেছে তা ধরে রাখাই আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কেননা মাছের খাবারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। এ ছাড়া পানি দূষণের কারণেও মাছের প্রজনন কম হচ্ছে কিংবা ডিম মরে যাচ্ছে। চাষিদের মাছ চাষে উৎসাহিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরাও নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি।'

 

kalerkantho.com