শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শর্ত সাপেক্ষে চালু হচ্ছে ওমরাহ ভিসা

news-image

শর্ত সাপেক্ষে বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা চালু করতে রাজি হয়েছে সৌদি আরব। আসন্ন হজ মওসুমের পরপর আবেদনকারীদের ভিসা ইস্যুর প্রক্রিয়া শুরু হতে পারে। সৌদি কর্তৃপক্ষের শর্তগুলো ঢাকা মেনে নিয়েছে এবং আগামী দিনে তা মেনে চলার নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছে ঢাকা ও রিয়াদের দায়িত্বশীল একাধিক সূত্র সঙ্গে আলাপে ঢাকার এক কর্মকর্তা বলেন, ওমরাহ পালনই একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের এমন আবেদনকারীদের ভিসা দিতে চায় সৌদি কর্তৃপক্ষ। প্রকৃত আবেদনকারীর বিষয়টি সরকারের মাধ্যমেই নিশ্চিত হতে চায় তারা। বিশেষ করে সন্দেহভাজন প্রার্থী যাদের না ফেরার আশঙ্কা রয়েছে তাদের বিষয়ে হজের আদলে পুলিশ ভেরিফিকেশন বা অন্য কোনভাবে আগাম তথ্য পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে দেশটির কর্তৃপক্ষের। এছাড়া, রিয়াদ বিভিন্ন সময়ে দেশের যেসব হজ বা ওমরাহ এজেন্সির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট দিয়েছে তাদের ওপর নজরদারি জোরদার করার তাগিদ দিয়েছে। ঢাকার অপর এক কর্মকর্তা সঙ্গে আলাপে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে বরাবরই ইতিবাচক সৌদি কর্তৃপক্ষ। এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য হজ এবং ওমরাহ ভিসা প্রদানেও দেশটির অগ্রাধিকার রয়েছে। কিন্তু প্রতি বছরই দেশের কিছু লোক বিশেষত ট্র্যাভেল এজেন্সি সেই ‘অগ্রাধিকার’-এর অপব্যবহার করে। হজ মওসুমে তারা খুব সুবিধা করতে না পারলেও ওমরাহ নামে দেশটিতে লোক পাঠায়। সেই কাজে মোটা অংকের লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে। সৌদি সরকার বিষয়টি বাংলাদেশ সরকারকে একাধিকবার জানালেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। বিষয়টি সৌদি আরব সহজভাবে নেয়নি। গত মার্চে তারা বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা দেয়া পুরোপুরি বন্ধ করে দেয়। ওই কর্মকর্তা জানান, গত বছর হজের পর বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের ৬৭টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে অনুরোধ করে। এর আগের বছরগুলোতে বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন পাঠায় দেশটির কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশ কিছু ব্যবস্থা নিয়েছে জানিয়ে সরকারের দায়িত্বশীল ওই কর্মকর্তা বলেন, ওই তালিকায় এমন এজেন্সিও রয়েছে যাদের নামে সৌদি থেকে প্রতি বছরই কম বেশি অভিযোগ আসে। সরকার ব্যবস্থা নেয় কিন্তু তারা সংশোধন হয় না। বাংলাদেশ সরকার অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে সময় সময় সৌদি কর্তৃপক্ষকে তা জানানোও হয় বলে জানান সংশ্লিষ্ট ওই কর্মকর্তা। এদিকে সৌদি আরবে কাজ করে দেশে ফেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন ওমরাহ ভিসায়  সৌদি আরবে গিয়ে বাংলাদেশীদের ফিরে না আসার প্রবণতা নিয়ে দারুণভাবে উদ্বিগ্ন দেশটির কর্তৃপক্ষ। সেখানে বিমানবন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিষয়টি রেকর্ড হয় জানিয়ে ওই কর্মকর্তা বলেন, চলতি মাসের শুরুতে বাংলাদেশ সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজার বিন ওবাইদ মাদানির সঙ্গে জেদ্দায় দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেখানে ওমরাহ ভিসা চালু করার অনুরোধ করেছেন তিনি। এছাড়া সৌদি আরবে বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে আরও বাংলাদেশী কর্মী ও পেশাজীবীদের নিয়োগ দিতেও আনুরোধ জানিয়েছেন শাহরিয়ার আলম। তার অনুরোধের বিষয়টি সৌদি কর্তৃপক্ষ ইতিবাচকভাবে নিয়েছে এবং ফের ভিসা চালুর অঙ্গীকার করেছে বলে জানান ওই কর্মকর্তা। উল্লেখ্য, প্রতি মাসে প্রায় ৭-৮ হাজার লোক ওমরাহ পালন করতে যান বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে। রমজান মাসে এ সংখ্যা ২০ হাজারে গিয়ে দাঁড়ায়। ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট মতে, গত ডিসেম্বর থেকে মার্চে ভিসা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০-৪৫ হাজার নাগরিক ওমরাহ পালন করতে সৌদি আরব  গেছেন। গড়ে এদের ভিসার মেয়াদ ছিল ১৪  থেকে ২৮ দিন। ওমরাহ পালন করতে গিয়ে এদের মধ্যে প্রায় হাজার দেড়েক লোক দেশে  ফেরেননি।