শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার থেকে এলিভেটেডের নির্মাণ কাজ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রোববার থেকে শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বাস্তবায়ন কাজ। একই দিনে নির্মাণ প্রতিষ্ঠানকে প্রকল্পের জমি হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় সূত্রে জানাগেছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিপরীতে কাওলা নামক স্থানে রোববার সকাল ১১টায় এ প্রকল্পের ভৌত নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

সম্প্রতি থাইল্যান্ড সফরকালে সে দেশের রাজধানী ব্যাংককের একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নির্মাণ প্রতিষ্ঠান ইটাল-থাই কোম্পানির চেয়ারম্যান প্রেমচাই কার্নাসুতার সঙ্গে আলোচনা শেষে রোববার প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে নির্মিত হবে। প্রায় ১২ হাজার ২’শ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী হয়ে তেজগাঁও-মগবাজার-কমলাপুর-কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এ উড়াল সড়ক নির্মিত হবে। এছাড়া সংযোগ সড়কসহ এর দৈর্ঘ্য হবে প্রায় ৪৬ কিলোমিটার।

এই এক্সপ্রেসওয়ের একটি লিংক থাকবে হোটেল সোনারগাঁওয়ের পেছনে। অপরটি হবে তেজগাঁও সাতরাস্তা হয়ে ফার্মগেট পর্যন্ত। পরবর্তী সময়ে এক্সপ্রেসওয়েটি সম্প্রসারণ করে উত্তর দিকে জয়দেবপুর চৌরাস্তা ও দক্ষিণে নারায়ণগঞ্জকে যুক্ত করা হবে, যা একদিকে কাঁচপুর সেতু এবং অন্যদিকে নির্মিতব্য পদ্মা সেতু, ঢাকার উত্তর-দক্ষিণ ও মধ্যাংশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোকেও যুক্ত করবে।

এদিকে রাজধানীর যানজট নিরসনে ২০০৯ সালে ২৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয় মহাজোট সরকার।

এরআগে ২০১১ সালে শুরু হয়ে এটি ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। সেসময় প্রকল্প ব্যয় ধরা হয় ৮ হাজার ৭০৩ কোটি ১২ লাখ টাকা। কিন্তু বাস্তবায়নকাল বিলম্ব হওয়ায় বর্তমানে প্রকল্প ব্যয় বেড়েছে প্রায় চার হাজার কোটি টাকা। প্রকল্পের মোট ব্যয়ের ৭৩ শতাংশ বিনিয়োগকারী ও ২৭ শতাংশ সরকার বহন করবে। এ জন্য থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে ২০১১ সালের ১৯ জানুয়ারিতে চুক্তি হয়। ওই বছরের ৩০ এপ্রিল প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া এক্সপ্রেসওয়ে নির্মাণ তদারকিতে স্বাধীন পরামর্শক নিয়োগে ব্যয় হচ্ছে ৫২ কোটি ৮০ লাখ টাকা। প্রাথমিকভাবে যা ধরা হয়েছিল ৪৯ কোটি ৫৬ লাখ টাকা। এক্ষেত্রে ব্যয় বাড়ছে প্রায় ৩ কোটি টাকা। থাইল্যান্ডের এমএম কোম্পানি লিমিটেডকে প্রকল্পটির স্বাধীন পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।

এক্সপ্রেসওয়েতে প্রতিদিন প্রায় সাড়ে ১৩ হাজার যানবাহন চলাচল করবে বলে প্রাথমিক সমীক্ষায় ধরা হয়। পর্যায়ক্রমে এ সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাবিত নকশা অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এয়ারপোর্ট রোড থেকে শুরু হয়ে কমলাপুর পর্যন্ত বিদ্যমান রেল লাইনের ওপর দিয়ে নির্মাণ করা হবে। এর পর কমলাপুর থেকে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) অতীশ দীপঙ্কর সড়কের ওপর দিয়ে সায়েদাবাদ পর্যন্ত নির্মাণ করা হবে। পরের অংশটি গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভারের অংশের ওপর দিয়ে (তিন তলা বিশিষ্ট সড়ক) যাত্রাবাড়ি অতিক্রম করে কুতুবখালি পর্যন্ত যাবে।