‘বর্তমান সরকার ক্ষমতায় এসে মুক্তবুদ্ধির চর্চার দ্বার খুলে দিয়েছে’
‘বর্তমান সরকার ক্ষমতায় এসে মুক্তবুদ্ধির চর্চার দ্বার খুলে দিয়েছে’বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো আওয়ামী লীগ সরকারের দেওয়া অনুমোদন নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করছে আওয়ামী লীগ সরকারকেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চ্যানেল কর্তৃপক্ষকে সরকারের এই অবদানের কথা স্মরণে রাখার আহ্বান জানান। আজ বুধবার রাজধানীর রমনার সার্কিট হাউস রোডে তথ্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশে ৩২টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি বেতারের অনুমোদনও আওয়ামী লীগ সরকারের সময়ই দেওয়া হয়েছে। সেখানে বসে আমাদের সমালোচনাটাই সবচেয়ে বেশি হয়। এ সুযোগটা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। টেলিভিশন কিনে শুধু ব্যবসা করলে চলবে না। বাঙালি হিসেবে আমাদের চিন্তা, চেতনা, সংস্কৃতি যেন আরো বিকশিত হয়, সে বিষয়গুলোর দিকেও দৃষ্টি দিতে হবে।
ইলেকট্রনিক মিডিয়ার জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ার জন্য ওয়েজবোর্ড প্রণয়ন দরকার।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে মুক্তবুদ্ধির চর্চার দ্বার খুলে দিয়েছে। বাংলাদেশে বারবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। কিন্তু বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, সে আলোকেই এখানে পহেলা বৈশাখ উদযাপিত হয়। বাঙালি জাতি আজ যা কিছু পেয়েছে তার পেছনে বঙ্গবন্ধুর অবদান রয়েছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একসময় জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করেছি। আজকে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে চলছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে এগিয়ে গেছে। বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
দেশের সব মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশে ১২ কোটি ৬৮ লাখ সিম আছে। এ সুযোগটা কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। ডিজিটাল সেন্টার আমরা চেয়েছি। সমালোচনা করুন তবে যেন বিকৃত না করে, মানুষকে বিভ্রান্ত না করে। যেটুকু ভালো করেছি, সেটা বলারও যেন সাহস থাকে।
প্রধানমন্ত্রী বলেন, মৌলিক চাহিদা মেটানোর জন্য নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশে তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা উচ্চ আয়ের দেশে উন্নীত হতে চাই। সেভাবেই আমাদের পরিকল্পনা রয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করব। সেটার জন্য প্রচার দরকার। তিনি আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটা প্রচার করা এবং সামনে নিয়ে আসা দরকার। ইনশাল্লাহ, আর কেউ বাংলাদেশকে আটকাতে পারবে না। এ বিশ্বাস আমাদের আছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে।











