শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি’র ফলাফল : সবার নিচে পৌর কলেজ

news-image

আমিরজাদা চৌধুরী : উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ:গতি অব্যাহত আছে। এ বছর এই কলেজের ৫৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে  মাত্র ১৫১ জন। ফেল করেছে ৪৪৪ জন। পাসের হার শতকারা ২৫.৩৮ ভাগ। রোববার এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পর্যালোচনায় দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার এমপিও ভূক্ত কলেজ গুলোর মধ্যে পৌর কলেজের ফলাফল হয়েছে সবচেয়ে খারাপ ।

ব্রাহ্মণবাড়িয়া সদরের সংসদ সদস্য শিক্ষানুরাগী  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এই কলেজটিসহ আরো ৩ টি এমপিও ভূক্ত কলেজের পরিচালনা কমিটির সভাপতি। অন্য কলেজগুলোর পাশের হার মোটামুটি বা সন্তোষজনক হলেও  এই কলেজের ফল বিপর্যয় ঘটেছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে কলেজটি কি সংসদ সদস্যের খবরদারির বাইরে চলছে কিনা। পৌর কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলো ২৫ জন।

এরমধ্যে পাশ করেছে মাত্র ৬ জন। মানবিকের ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৫৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ জন পাশ করেছে। ওদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার অন্য ৪ টি এমপিও ভূক্ত কলেজের ফলাফল সন্তোষজনক বা মোটামুটি মানের বলে বিবেচিত।

বিজয়নগর উপজেলার ইসলামপুর কাজী শফিকুল ইসলাম কলেজের পাসের হার শতকারা ৮৩.৩১ ভাগ। চম্পকনগর কলেজের পাশের হার শতকারা ৪৭ ভাগ।

সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের পাসের হার শতকারা ৭৫.৪ ভাগ এবং  সুহিলপুর হারুন আল রশিদ কলেজের পাশের হার শতকারা ৪৬ ভাগ। সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী পৌর কলেজ ছাড়াও হারুন আল রশিদ কলেজ,চম্পকনগর কলেজ ও চিনাইর কলেজের পরিচালনা কমিটির সভাপতি।

এরমধ্যে পৌর কলেজ ছাড়া অন্য ৩ টি কলেজের ফলাফল ভালো হয়েছে। এই অবস্থায় জেলা সদরের একমাত্র এমপিও ভূক্ত কলেজ পৌর কলেজের শিক্ষার হাল নিয়ে প্রশ্ন উঠেছে। পৌর কলেজের ২০১৪ সালের এইচ এস সি পরীক্ষার ফলাফলও সুবিধের ছিলোনা। ঐবছর পাস করেছিলো  শতকারা ৩২ ভাগ।