মানব পাচারকারী ও ধর্ষকসহ ৭৫ জন গ্রেফতার
ধর্ষক ও মানব পাচারকারীসহ বিভিন্ন স্থানে ৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ : তাড়াশে ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। আটককৃতরা হল- তাড়াশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ইসলাম মিনির ছেলে আল মামুন মিন্টু, মির্জা ফজলুর রহমান, গোলাম মোস্তফা, আশিস সিং, মজিবুর রহমান পিন্টু ও আনোয়ার পারভেজ। বেলকুচিতে মানব পাচারের অভিযোগে আবদুল করিম (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জলঢাকা : আশরাফুল আলম নামে এক শিশু ধর্ষণকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
কক্সবাজার : উখিয়ার শীর্ষ মানব পাচারকারী শাহজাহানকে সোনারপাড়া বাজার থেকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর : নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসান কবির শামীমকে রোববার জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুর থানা পুলিশ নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শিবিরকর্মী আবদুর রউফকে রোববার গ্রেফতার করেছে।
গৌরনদী : উপজেলার বার্থী বাজার থেকে শনিবার সন্ধ্যায় নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপিকর্মী নুরুল হক ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।
পাইকগাছা : পাইকগাছা থানা পুলিশ মাদকদ্রব্য সেবন, বিক্রেতা ও জুয়াড়িসহ ১৮ জনকে আটক করেছে। শনিবার সোলাদানার দীঘা গ্রাম থেকে নিশিকান, বিজন মিস্ত্রি, ধিরাজ মণ্ডল, দীপংকর সরদার, পঙ্কজ কবিরাজ ও প্রিয়ংকর রায়কে জুয়াখেলা অবস্থায় পুলিশ আটক করে।
ঈশ্বরদী : যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক লিটনকে ঈশ্বরদী থানা পুলিশ গ্রেফতার করেছে। রবিবার শহরের আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা : পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে বিএনপি নেতা এনামুল হককে শনিবার গ্রেফতার করা হয়েছে।
আগৈলঝাড়া : আগৈলঝাড়ায় জিআর মামলার পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হল কার্তিক সরকার, হরেকৃষ্ণ সরকার ও বিশ্বেষর সরকার।
স্বরূপকাঠি : স্বরূপকাঠির মাহামুদকাঠি গ্রামের মঞ্জুয়ারা বেগম হত্যা মামলার আসামি শাকিল ও আরেফিনকে গ্রেফতার করেছে পুলিশ।
পটুয়াখালী : পটুয়াখালী সদর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন হিরা তালুকদার, মানিক ওরফে বাবু গাজী।
নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলায় জিরো পয়েন্ট এলাকা থেকে মামুনুর রশিদ (২৬) নামের এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরাঞ্চল ও মেঘনা নদীর শীর্ষ ৭ জলদস্যুকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হল নয়ন পাটোওয়ারী ওরফে তসলিম, বাবলু, সাহারাজ উদ্দিন, আকবর হোসেন, সেকান্দর, সাখাওয়াত হোসেন, আলাউদ্দিন।
বগুড়া ব্যুরো : ধুনট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গোসাইবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনুল হাসান মুকুলের বাড়ি থেকে পুলিশ চার জুয়াড়িকে গ্রেফতার করেছে। শনিবার রাত ১০টায় ধুনট থানা পুলিশ তার নাটাবাড়ি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এব্যাপারে ওই বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার সকালে এদের আাদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











