ব্লগারদের সীমালঙ্ঘন না করতে পরামর্শ
কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেয়ার জন্য মুক্তমনা ব্লগারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। একই সঙ্গে কাউকে সীমালঙ্ঘন না করারও পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল বিকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুক্তমনা ব্লগারদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা একটি অপরাধ। একটি পেনাল কোড ও আইসিটি অ্যাক্টে শাস্তিযোগ্য অপরাধ। যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন তাহলে তার ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।’ ব্লগারদের প্রতি এই আহ্বান জানানোর পাশাপাশি তিনি ধর্মীয় উগ্রপন্থিদের উদ্দেশ্যে বলেন, এর জন্য আবার কেউ কাউকে হত্যা করবে তা যেমন ইসলামী আইনেও নেই। তাদের হত্যাকারী হিসেবেই বিবেচনা করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এই সংবাদ সম্মেলনের আগে পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন আইজিপি। সংবাদ সম্মেলনে আইজিপি একেএম শহীদুল হকের সঙ্গে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
ব্লগারদের উদ্দেশ্য করে আইজিপি বলেন, আমরা যেন কেউ সীমালঙ্ঘন না করি। এমন কিছু লেখা উচিত নয়, যা অন্যের অনুভূতিতে আঘাত হানে। তিনি বলেন, কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত পেলে মামলা করুন। আমরা আপনাদের সহযোগিতা করবো। তবে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। ব্লগার নিলয় হত্যা প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশ তদন্ত করছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই আমরা খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে সফল হবো। আগের একাধিক ব্লগার হত্যাকাণ্ড প্রসঙ্গে আইজিপি বলেন, ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডে ছয় আসামিকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। এছাড়া আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যাচেষ্টার ঘটনাতেও আদালতে চার্জশিট দেয়া হয়েছে। তেজগাঁওয়ে ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের ঘটনায় দু’জনকে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে। পরে পুলিশ ওই ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে। একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এছাড়া, অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের ধরতে যত ধরনের চেষ্টা ও কৌশল রয়েছে তার সবই প্রয়োগ করা হচ্ছে বলে জানান তিনি। আইজিপি বলেন, ইতিমধ্যে এফবিআইয়ের সহযোগিতা নিয়ে মূল আসামিদের ফেস চিহ্নিত করা হয়েছে। তবে তাদের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। তাদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সর্বশেষ ব্লগার নিলয় নিহত হওয়ার আগে পুলিশের দ্বারস্থ হয়েও কোন সহযোগিতা পায়নি কেন এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন। ডিএমপি কমিশনার, ডিবি ও পুলিশ সদর দপ্তরের গোয়েন্দাদের দিয়েও বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। তবে নিলয় যে জীবনের নিরাপত্তার জন্য পুলিশের কাছে গিয়েছিল এমন কোন তথ্য-প্রমাণ তারা পায়নি। তবে এরপরও যদি এরকম তথ্য-প্রমাণ পাওয়া যায় তবে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট কোন ব্যক্তির বিষয়ে আগাম কোন তথ্য থাকে না। এ জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। পুলিশের কাছে তথ্য দিয়ে জনগণকে সহায়তা করতে হবে। ব্লগারদের নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা ডিবি পুলিশ বা ডিএমপি কমিশনারের কাছে গেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এসময় র্যাবের ডিজি বেনজীর আহমেদ বলেন, যে ৮৪ জনের তালিকার কথা বলা হচ্ছে, এই তালিকার নামগুলোর বেশিরভাগই ছদ্মনাম। এই ছদ্মনামের ব্লগারদের খুঁজে বের করে নিরাপত্তা দেয়াও সময়সাপেক্ষ কাজ। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।
তিন শিশু হত্যার প্রসঙ্গ: সিলেট, খুলনা ও বরগুনায় নির্মমভাবে তিন শিশুকে হত্যার আসামিদের দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। তিনি বলেন, শিশু হত্যাকাণ্ড একটি জঘন্যতম অপরাধ। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে যাতে করে শিশু হত্যাকাণ্ডের মতো নির্মম অপরাধের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। তিনি বলেন, গত কয়েকদিনে ৩ শিশু হত্যাকাণ্ডের ঘটনায় কোনটির সঙ্গে কোনটির মিল নেই। আসামিদের বিরুদ্ধে অন্য কোন অপরাধ বা মামলাও নেই। এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে মানবিকতাবোধের অবক্ষয়ের কারণে। পৃথক এই তিন ঘটনার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আইজিপি বলেন, সিলেটের রাজন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনার মূল আসামি কামরুল সৌদি পুলিশের হেফাজতে রয়েছে। ইন্টারপোল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কামরুলের বিরুদ্ধে যাতীয় ডকুমেন্ট সেখানে পাঠিয়ে দেয়া হয়েছে। আইজিপি বলেন, যদি কামরুলকে ফেরত আনতে দেরি হয় তাহলে তাকেসহ অন্যদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হবে।
আইজিপি বলেন, বরগুনায় রবিউল হত্যাকাণ্ডের ঘটনায় ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার বিরুদ্ধে খুব শিগগিরই চার্জশিট দেয়া হবে। এছাড়া, খুলনার রাকিব হত্যার তদন্তের অগ্রগতি সম্পর্কে আইজিপি বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ জন স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশা করছি, এ মাসের মধ্যে ৩ জনের বিরুদ্ধেই চার্জশিট দেয়া সম্ভব হবে।











