আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম রিপোর্ট পড়ে এমপি হাসপাতালে : গনমাধ্যম কর্মীদের ভিডিও তে সেই দালাল
মাহবুব খান বাবুল : সরাইল হাসপাতালের অনিয়ম দূর্নীতি সরজমিনে দেখলেন স্থানীয় সংসদ সদস্য। গত শনিবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম অনলাইন পত্রিকায় “সরাইল হাসপাতাল দালালদের দখলে” শিরোনামে প্রকাশিত সংবাদটি পড়েন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। ক্ষোভে তিনি ছুটে যান সরাইল হাসপাতালে। সেখানে আসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া। তারা কথা বলেন কর্তৃপক্ষের সাথে। ওইদিন সেখানে হাজির হয় কিছু গনমাধ্যম কর্মী। এমপি’র উপস্থিতিতেই সেখানে ভিডিওতে ধরা পরে পত্রিকায় প্রকাশিত ছবির সেই দালাল মহিলা। দালালির কথা ক্যামেরার সামনে স্বীকারও করেছেন ওই মহিলা। শুধু ওই মহিলাই নয়, এ সময় হাসপাতালে উপস্থিত ছিল আরো ৬/৭ জন মহিলা দালাল। এমপি’র উপস্থিতি টের পেয়ে তারা বিশেষ ইশারায় দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়েন। অনলাইন পত্রিকার রিপোর্ট শতভাগ সত্য বলে মন্তব্য করলেন এমপি। দালালদের গ্রেপ্তারের জন্য অবশ্য পুলিশ ও ডাকা হয়েছিল। সরজমিনে গেলে সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হক মৃধা বলেন, শনিবার সকালে আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম অনলাইন পত্রিকার রিপোর্টটি পড়ি। বেলা ১২টায় পুলিশের পিকআপ ছাড়াই কাউকে না জানিয়ে চলে যায় হাসপাতালে। সেখানে গিয়ে আমি ইউএইচও ডাঃ হাসিনা আখতার বেগমের সাথে রিপোর্ট নিয়ে কথা বলি। সম্প্রতি চিকিৎসকদের ইচ্ছা মাফিক অনুপস্থিতি, কর্মস্থলে আসা যাওয়া, আধুনিক ওটি থাকার পরও গর্ভবতী মহিলাদের অপারেশন না হওয়া ও দালালদের দৌরাত্ব নিয়ে কথা হয়। ইউএইচও দালালদের দৌরাত্বের কথা অকপটে স্বীকার করেছেন। তিনি গর্ভবতীদের অপারেশন না হওয়ার কারন হিসেবে এনেশথেসিয়ার চিকিৎসকের শুন্যতাকে চিহ্নিত করেছেন। দালালদের দমনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম অনলাই প্রকাশিত সেইদিনের প্রতিবেদনকে শতভাগ সত্য বলেছেন এমপি। হাসপাতালে হঠাৎ এমপি’র উপস্থিতির খবর পেয়ে সেখানে হাজির হন কয়েকজন গনমাধ্যম কর্মী। সেই সময় অনলাইন এ ছাপা দালাল মহিলারা আবারও ওইদিন মিডিয়া কর্মীদের ক্যামেরায় ধরা পড়েন (অডিও, ভিডিও)। ক্যামেরার সামনে মোছাম্মত নাছরিন আক্তার (৩০) প্রতিদিন আগত রোগীদেরকে বুঝিয়ে হাসপাতাল সংলগ্ন একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, এটাই আমার কাজ। বিনিময়ে মাস শেষে টাকা পায়। এর বেশী কিছু জানি না। ওই ভিডিও গুলো তৎক্ষনাৎ এমপিকে দেখানো হয়। তিনি তড়িত দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষকে সাথে সাথে মুঠোফোনে পুলিশকে ডেকে আনেন হাসপাতালে। কিন্তু ততক্ষণে বিশেষ কৌশলে ও ইশারায় দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়ে দালাল চক্র। ওদিকে স্থানীয়দের অভিযোগ সরাইলে থেকে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে সরকার কোটি টাকা খরচ করে ইউএইচও’র জন্য কোয়ার্টার তৈরী করেছে। কিন্তু বর্তমান ইউএইচও গত ৯ মে এখানে যোগদান করলেও একদিনের জন্য বাসায় থাকেননি। উনার বরাদ্ধকৃত বাসাটি হাসাপাতালের এক দারোয়ানের কাছে ভাড়া দিয়ে রেখেছেন। উপ-স্বাস্থ্য কেন্দ্রে কিছু চিকিৎসক কাজ করছে কর্তৃপক্ষের দেয়া এমন তথ্যের সরজমিনে কোন সত্যতা পাওয়া যায়নি। সকাল ১১টায় শাহবাজপুর স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা সেখানে ডাক্তার নেই।
সাড়ে বারটায় গিয়ে দেখা যায় শাহজাদাপুর স্বাস্থ্য কেন্দ্রটিতে ঝুলছে তালা। একাধিক পুরুষ ও মহিলা রোগী বাহিরে ঘুরছে। বারান্দায় দেদারছে ঘুমোচ্ছেন দুই ব্যক্তি। রোগী সাফিয়া বেগম (৫৫), জামিলা বেগম (২৭), তোহরা বেগম (৩৫) ও পাখি আক্তার (৩০) বলেন, মাসে একদিনও ডাক্তার সাহেবকে চোখে দেখি না। ঔষধ ও পায় না। আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ নোমান মিয়া বলেন, আগে দালাল আসতো। এখন আর আসে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনা আখতার বেগম বলেন, দালালরা রোগী সেজে বসে থাকে। তাদের ধরা কঠিন।











