অবসরের ঘোষণাই দিয়ে ফেললেন ক্লার্ক
হুট করেই যেন ক্ষুধাটা মরে গেল মাইকেল ক্লার্কের। দিন চারেক আগেও তো ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করার জন্য ভীষণ মরিয়া মনে হচ্ছিল তাঁকে। চলতি অ্যাশেজে রানখরায় ভুগতে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়কের 'শেষ' দেখে ফেলছিলেন যাঁরা, ট্রেন্টব্রিজ টেস্ট শুরুর আগের দিন তাঁদেরও এক হাত নিতে ছাড়েননি। মনোভাবটা ছিল সমালোচকদের বিরুদ্ধে লড়াইয়ে অক্লান্ত এক সেনানীরই। কিন্তু গতকাল ইনিংস ও ৭৮ রানের হারে টানা চতুর্থবারের মতো ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ খোয়ানোর পর সেই ক্লার্কই ক্লান্তি আর অবসাদে নুয়ে পড়লেন যেন। দিয়ে ফেললেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণাও। জানিয়ে দিয়েছেন, ওভালে ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টেই টানতে যাচ্ছেন সমাপ্তিরেখা। তার মানে বাংলাদেশ সফরে নতুন অধিনায়কের নেতৃত্বে আসছে অস্ট্রেলিয়া। ক্লার্কের উত্তরসূরি স্টিভেন স্মিথের হওয়াটা একরকম নিশ্চিতই।
অথচ পাঁচ মাস আগেও বোঝার উপায় ছিল না যে এত দ্রুতই বিপন্ন এক জাহাজের নাবিক হয়ে উঠবেন তিনি! গত ২৯ মার্চ দেশের মাটিতে তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জেতার পরপরই জানিয়ে দিয়েছিলেন যে সীমিত ওভারের ক্রিকেট আর খেলছেন না তিনি। টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার চিন্তাই যে ওয়ানডে থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে বড় প্রভাবক ছিল, জানিয়েছিলেন সেটিও। কিন্তু এই অ্যাশেজে নিজের ও দলের পারফরমেন্সের যোগফলে ব্যর্থতাটা এমন জায়গায় যে টেস্ট ক্যারিয়ার আরো লম্বা করার চিন্তা বিসর্জনই দিয়ে বসতে হলো তাঁকে।
গত এক শতাব্দীর মধ্যে তিনিই প্রথম অস্ট্রেলিয়ান, যাঁকে টানা চারবার ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ হারের স্বাদ নিতে হয়েছে। এর মধ্যে প্রথম দুবার (২০০৫ ও ২০০৯ সালে) ছিলেন হারের লজ্জায় নীল হওয়া অস্ট্রেলিয়া দলের সাধারণ এক সদস্য। ২০১৩ সালের পর এবারও ব্যর্থ অধিনায়ক হিসেবে। এবার চরম ব্যর্থ ব্যাটসম্যান ক্লার্কও। অনেকের বিবেচনায়ই সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়ে যাওয়া অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক শেষ ৩০ ইনিংসের মধ্যে ২৫-র ঘরে পৌঁছাতে পেরেছেন মোটে ছয়বার। সেই রানখরা অব্যাহত থেকেছে এবারের ইংলিশ সামারেও। আট ইনিংসে তাঁর গড় মোটে ১৬.৭১! সর্বোচ্চ ইনিংসটি মোটে ৩৮ রানের। টানা ব্যর্থতার পথ ধরে তাঁর টেস্ট গড়ও নেমে গেছে ৫০-র নিচে। বিশ্বকাপ জিতে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানা ক্লার্ককে কী বাজেভাবেই না বিদায় নিতে হচ্ছে টেস্ট ক্রিকেট থেকে।
অস্ট্রেলিয়ার মিডিয়া অবশ্য শনিবার সকালেই ইঙ্গিত দিয়ে রেখেছিল যে এমন ঘোষণা আসতে চলেছে। সেটি সত্যি করে ট্রেন্টব্রিজে হারের পরপরই অবসরের সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানিয়ে দেন ক্লার্ক, 'আর একটি টেস্ট খেলব। এবং সেখানেই আমার ক্যারিয়ার শেষ।' বাজে সময়ে দলকে ছেড়ে যেতে চান না বলেই আরেকটি টেস্ট খেলার সিদ্ধান্তের কারণ বলেও জানিয়েছেন তিনি, 'আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। তবে এই দুঃসময়ের মধ্যেই দলকে ফেলে যেতে চাই না। সে জন্যই ওভালের টেস্টটি খেলব।' ১১৪ টেস্টের ক্যারিয়ারে ২৮ সেঞ্চুরির মালিকের ওভালেই শেষ সুযোগ একটি ক্ষেত্রে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের সমকক্ষ হওয়ার। সে জন্য আর একটি সেঞ্চুরিই লাগে। সেটি হোক বা না হোক, এই সিরিজে নিজেকে ব্যর্থ বলে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা নেই তাঁর, 'আমি নিজেকে কখনোই জবাবদিহির ঊর্ধ্বে মনে করি না। আমার পারফরমেন্স যেমন হওয়া দরকার ছিল, তার ধারেকাছেও আমি ছিলাম না।' অ্যাশেজ হারের জন্য শুধু নিজেকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে বললেন, 'আমি কাউকেই দোষারোপ করছি না। আমিই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারিনি।'
ক্লার্ক মনে করছেন এটিই তাঁর সরে যাওয়ার সেরা সময়ও, 'মাত্র ছয় বছর বয়সে আমি এই খেলাটা খেলতে শুরু করেছিলাম। পরের অ্যাশেজ সামনে রেখে অস্ট্রেলিয়াকে প্রস্তুতির সুযোগ করে দিতে চেয়েছি বলেই আমার মনে হচ্ছে, চলে যাওয়ার এটাই সঠিক সময়।' সেই সঙ্গে ক্যারিয়ারে এ পর্যন্ত পৌঁছানোর পেছনে অন্যদের অবদানের কথাও ভুলে যাননি, 'আমি যখন প্রথম দলে আসি, তখন আমার ১১ জন বড় ভাই ছিলেন। যাঁরা দলের জন্য অবদান রাখার মতো অবস্থায় পৌঁছাতে সহায়তা করেছেন আমাকে। আশা করছি, কিছু অবদান আমি রাখতেও পেরেছি।' এদিকে আলাদা সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনকে ক্লার্ক এও বলেছেন, 'এটাই সঠিক সময়। এখন সময়টা পরবর্তী প্রজন্মের। কেউই চলে যেতে চায় না। কিন্তু গত ১২ মাসের পারফরমেন্স আমার নিজের কাছেই গ্রহণযোগ্য ছিল না।' সিদ্ধান্তটি ঠিক কখন নেওয়া, সেটিও জানিয়েছেন তিনি, '(দ্বিতীয়) দিনের খেলা শেষে (শুক্রবার) হোটেলে ফেরার পরপরই সিদ্ধান্তটি নেই। সতীর্থরা শুনে অবশ্য বেশ অবাকই হয়েছে।' বিস্ময়কর এটাও যে দিন চারেক আগেও ক্ষুধার্ত ক্লার্কের ক্ষুধাটা মরে যাওয়া! এএফপি











