শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে আহত ২ তরুণী

news-image

মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক দুটি ঘটনায় দুই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে অবশেষে প্রতারণা ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে বিজিবি সদস্য মো. আইয়ুব আলীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আইয়ুব আলীর পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে। ফলে ওই ছাত্রী আইয়ুবের পরামর্শে তার বাড়িতে গিয়ে বিয়ের দাবি করে। এরপর আইয়ুবের পরিবারের সদস্যরা ওই ছাত্রীর ওপর নির্যাতন চালায়। তাকে গাছের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করে।
 
অপরদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকের কাছে বিয়ের দাবি করায় আগুনে ঝলসে দেওয়া হয়েছে এক কলেজছাত্রীকে। প্রেমিক সানির দেওয়া আগুনে শহরের মহিলা কলেজের এইচএসসি মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রীর কোমর থেকে পা পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়। এক সপ্তাহ পর বৃহস্পতিবার ভোরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়।
 
জানা গেছে, গত ৫ আগস্ট বিজিবি সদস্য মো. আইয়ুব আলীর বাবা মো. মোকছেদ আলী তার ছেলের বিয়ে ঠিক করে দরগ্রামের রহুলী গ্রামে। প্রেমিক আইয়ুব আলীর পরামর্শে বিয়ের দাবি নিয়ে বুধবার সন্ধ্যায় বাড়িতে উঠে সাটুরিয়া উপজেলার আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রী। এরপর মধ্যযুগীয় কায়দায় তার ওপর শারীরিক নির্যাতন করেন আইয়ুবের বাবা মোকছেদ আলী, মা আছিয়া বেগম ও ভাই মামুন হোসেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এরপর স্থানীয় লোকজন আইয়ুব আলীর বাবাকে তার ছেলের সঙ্গে বিয়ের চাপ দেয়। রাত ৩টার দিকে সাটুরিয়া থানার উপপুলিশ পরিদর্শক নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে তার মায়ের জিম্মায় দিয়ে দেওয়া হয়।
 
ওই শিক্ষার্থীর মা জানান, তার মেয়ের সঙ্গে আইয়ুবের সম্পর্কের কথা গ্রামের সবাই জানেন। মেয়েকে আইয়ুবের সঙ্গে বিয়ে দেবে বলে আইয়ুবের চাকরির সময় গরু বিক্রি করে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু এখন আইয়ুবকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে তারা মামলা করেছেন। মামলায় তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও মারধরের অভিযোগ আনা হয়েছে।
 
এ ব্যাপারে সাটুরিয়ার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, ওই শিক্ষার্থীর মা বৃহস্পতিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগ মামলা আকারে রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
 
এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিক সানির দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন শহরের মহিলা কলেজের এইচএসসি মানবিক বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় মামলার পর প্রেমিক সানির বাবা মজিবরকে গ্রেফতার করে পুলিশ।
 
ওই ছাত্রীর বাবা জানান, তিন বছর থেকেই সানির সঙ্গে তার মেয়ের প্রেম চলছিল। এতে দু'জনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ে করতে বললে সানি অস্বীকৃতি জানায়। ৩০ জুলাই ছাত্রীটি সানির মা সালমার কাছে যায়। এ সময় সে বিয়ের দাবিতে মা ও ছেলেকে চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে সানি তার মা সালমার সামনে ছাত্রীটিকে লাথি ও ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সানি পাশের ঘর থেকে কেরোসিন এনে প্রেমিকার পেটে ছুড়ে মারে এবং দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে আশপাশের ফ্ল্যাট থেকেও লোকজন ছুটে আসতে শুরু করে। এ সময় সানি শাসিয়ে বলে, আমরা কিছু করেছি এ কথা বললে তোমাকে আর বিয়ে করব না। আর যদি বল তুমি নিজে শরীরে আগুন দিয়েছ তাহলে আগামী সাতদিনের মধ্যে তোমাকে বিয়ে করব। লোকজন ছুটে এসে ছাত্রীটিকে জেরা করলে গুরুতর অগ্নিদগ্ধ হয়েও শুধু সানিকে বিয়ে করার প্রলোভনে নিজেই নিজের শরীরে আগুন দিয়েছে বলে জানায়। এরপর ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ তিনশ' শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় নারায়ণগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।
 
এদিকে এ ঘটনা সংবাদকর্মীদের মাধ্যমে পুলিশের কাছে পৌঁছলে বৃহস্পতিবার ভোরেই প্রেমিক সানির বাবা মজিবরকে গ্রেফতার করে পুলিশ। প্রেমিক সানিকে প্রধান আসামিসহ তার মা সালমা ও আটককৃত বাবা মজিবরের বিরুদ্ধে নারী নির্যাতন এবং ধর্ষণ শেষে হত্যার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়।
 
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, আসামি সানির বাড়িতে হানা দিয়ে তার বাবাকে আটক করি এবং ভোরের মধ্যে মামলা দায়ের করি। সানির বাবাকে আটকের সময় তার মা সালমা জ্ঞান হারিয়ে ফেলায় তাকে আটক করতে পারিনি। মহৃল আসামি সানি এখনও পলাতক।