গোদাগাড়ীতে তিন কোটি টাকার হেরোইনসহ আটক ২
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় তিন কোটি ১০ লাখ টাকা মূল্যের তিন কেজি ২০০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত দুই মাদক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর ভেড়ীপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটককৃতরা হলেন- সারাংপুর ভেড়ীপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে রেজাউল করিম ওরফে গাড়ু (৪৩) এবং একই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে তাজিমুল হক (২৮)। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে আটককৃতরা ভারত থেকে হেরোইনের বড় এই চালানটি নিয়ে এসে পদ্মা নদী পার হয়ে গ্রামের ভেতর প্রবেশ করছিলেন। এসময় তাঁরা সারাংপুর ভেড়ীপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন।মুকুল জ্যোতি চাকমা আরো জানান, হেরোইনের আন্তর্জাতিক বাজারদর হিসেবে উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় তিন কোটি ১০ লাখ টাকা। গোদাগাড়ীর কুখ্যাত ওই দুই হেরোইন ব্যবসায়ীকে আটকের ঘটনায় রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর-এ সার্কেলের পরিদর্শক খলিলুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।এদিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র জানায়, হেরোইনসহ গাড়ু ও তাজিমুলকে আটকের পর তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ভারত থেকে হেরোইন আমদানির জন্য গোদাগাড়ীর সারাংপুর এলাকায় তাঁদের একটি সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট ‘গাড়– সিন্ডিকেট’ নামেই পরিচিত। এর নেতৃত্ব দেন আটক রেজাউল করিম ওরফে গাড়– নিজেই। তাঁর সাথে আছেন সারাংপুর এলাকার জনৈক আসাদুল ও দারোগা নামের দুই ব্যক্তি। প্রতি সপ্তাহে তাঁরা বগচর সীমান্ত দিয়ে ভারত থেকে অন্তত দুই থেকে তিনটি হেরোইনের বড় চালান ভারত থেকে আনেন। মাছ ধরার নৌকায় করে পদ্মা পাড়ি দিয়ে সেসব চালান গোদাগাড়ী ঢোকে। এরপর সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাইকারিতে পাঠানো হয়।ওই সূত্র আরো জানায়, আটককৃতদের এমন জবানবন্দির সত্যতাও আছে। এমন খবর তাঁরা আগেই পেয়েছিলেন। তাই গত এক সপ্তাহ ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওই এলাকায় উঁৎপেতে থেকে হেরোইন আমদানীকারকদের নজরদারীতে রেখেছিলেন। এরপরই হেরোইনের বড় এই চালানটি আটক করা হলো। রাজশাহী অঞ্চলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এটিই সবচেয়ে বড় হেরোইনের চালান আটক।











