সরাইল উপজেলা আইন শৃঙ্খলা সভায় মামলার নিরপেক্ষ তদন্তের দাবী, ক্ষুদ্ধ হয়ে ওসি’র সভা ত্যাগ
সরাইল প্রতিনিধিঃ সরাইল উপজেলা আইন শৃঙ্খলা সভায় পক্ষ পাতিত্ব না করে নিরপেক্ষ ও সুষ্ঠ্য তদন্তের দাবী করেন ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সম্পাদক মোঃ শের আলম মিয়া। তার বক্তব্যকে সমর্থন করেন শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন সহ সকল চেয়ারম্যানরা। এতে চরম উত্তেজিত ও ক্ষুদ্ধ হন শাহজাদাপুর ইউপি চেয়ারম্যানের উপর। বিষয়টি স্বাভাবিক ভাবে নেননি উপস্থিত অন্য চেয়ারম্যানরা। পরে সভা ত্যাগ করে চলে যান ওসি। সূত্র জানায়, শাহজাদাপুর গ্রামে ফিরোজ মিয়া (৮৩) নামের এক বৃদ্ধ খুনের ঘটনায় নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। মফিল মেম্বার বলছে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধকে খুন করেছে। আর গ্রামের হাজারো লোকের বক্তব্য হচ্ছে, ‘খাস পুকুরের ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানো ও প্রতিশোধ নেওয়া উদ্যেশ্যে মফিল মেম্বার এবং তার লোকজনই ফিরোজ মিয়াকে হত্যা করেছে। এ ঘটনায় উভয় পক্ষই পরস্পরকে আসামী করে দুটি হত্যা মামলা দায়ের করেছে। আদালত দুটি মামলা এক সাথে তদন্তের নির্দেশ দিলেও পুলিশ রহস্যজনক কারনে শুধু একটি মামলা নিয়েই ব্যস্ত। এক মামলার আসামীরা পলাতক আরেক মামলার আসামীরা থানায় ও গ্রামে পুলিশের সাথে ঘুরে বেড়ায়। এমন অভিযোগ পরের মামলার বাদী পক্ষের লোকজনের। গত শনিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ সরাইল থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ মামলাটি তদন্ত করতে যান শাহজাদাপুরে। তদন্তের বিষয়টি আগেই মফিল মেম্বার গংদের জানানো হয়। জানানো হয়নি প্রতিপক্ষকে। পুলিশ সোজা চলে যায় কফিল ও মফিলদের বাড়িতে। বাহিরে পাহারা দেয় পুলিশ। গ্রামের নিরপেক্ষ কোন লোককে ওই বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি। চক বাজারে গ্রামের দেড় সতাধিক নিরপেক্ষ লোক এ হত্যা সম্পর্কে পুলিশের উর্দ্ধতন কর্তা ব্যক্তির কাছে কিছু বলার জন্য দিনভর অপেক্ষা করলেও পুলিশ তাদের কাছেও যায়নি। এক পক্ষের কথা শুনেই চলে আসেন। এতে করে ওসি’র প্রতি সন্দেহ ও সংশয় দানা বাঁধে গ্রামের সাধারন মানুষের। গতকালের আইন শৃঙ্খলা সভায় শের আলম এরই ইঙ্গিত দিয়ে বলেন, ওই হত্যার পর মূল ঘটনা কি তা আপনি (ওসি) আমাকে বলেছিলেন। আমিও আপনাকে বলেছিলাম। কে? কাহারা? কেন? এ হত্যা কান্ড ঘটিয়েছে তার তথ্য আপনার কাছে আছে। আমার কাছেও আছে। কিন্তু আপনি এখন আর সেই জায়গায় নেই। কেন? জানি না। জনপ্রতিনিধিদের অবজ্ঞা করে আপনি চলতে পারবেন না। মামলায় নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। সত্যকে গ্রহন করুন, মিথ্যাকে বর্জন করুন। শাহজাদাপুরে সেইদিন শুধু এক পক্ষের সাথে কথা বলে চলে আসলেন কেন বুঝতে পারলাম না। পুনরায় সুষ্ঠ্য তদন্ত করুন। নতুবা জটিল ও বিতর্কিত এ মামলাটি আরো স্বচ্ছ নিখুত তদন্তের স্বার্থে সিআইডিতে হস্তান্তর করুন। ভাইস চেয়ারম্যানের এ বক্তব্যকে সমর্থন করেন ও পত্রিকায় প্রকাশিত রিপোর্টের বিবরন দিয়ে শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আবদুল হক ব্যঙ্গ করে বলেন, ‘পত্রিকায় তো কত কথাই লিখে।’সাথে সাথে চরম উত্তেজিত হয়ে ওসি চিৎকার করে বলেন, আপনার (চেয়ারম্যানের) ডিরেকশনে আমি কাজ করব না। আমি কাজ করব আমার উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে। পরে উপস্থিত সকল চেয়ারম্যান ওসি’র ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, আইন শৃঙ্খলা সভায় এমন আলোচনা আসতেই পারে। এ জন্য এমন ভাবে উত্তেজিত হওয়া ঠিক নয়। স্পর্শকাতর এ মামলার আরো অধিকতর তদন্তের দাবী জানায় চেয়ারম্যানরা। চেয়ারম্যানদের রোষানলে পড়ে ওসি (তদন্ত) আবদুল হক বলেন, তদন্ত শেষ হয়নি। চলছে। প্রথম মামলার বাদী পক্ষ যদি দোষী হয়। তাদের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ পত্র দেয়া হবে। চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন বলেন, আমি সবসময় উনাকে (ওসি) বিনয়ের সাথে তথ্য সরবরাহ করে থাকি। রাগ বা উত্তেজিত হয়ে কোন সময় কথা বলি না।











