শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষ শাহজাহান আলমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণা ও মানহানির মামলা

news-image

নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ বে-সরকারি শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ও তাঁর স্ত্রী রোকসানা বেগমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে প্রতারণা ও মানহানির অভিযোগ মামলা  হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেষ্ঠ্য বিচারিক হাকিম (আশুগঞ্জ) মনিরা সুলতানা তাদেরকে আগামী ৭ সেপ্টেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেন। 
শাহজাহান আলম আশুগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু কারিগরী কলেজের অধ্যক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, শাহজাহান আলমের লেখা ‘শেখড়ের সন্ধ্যানে’ বইয়ে আশুগঞ্জ প্রেসক্লাবের ইতিহাস নিয়ে মিথ্যা তথ্য দেয়ার আভিযোগে এ মামলা দায়ের করা হয়। আশুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাদেকুল ইসলাম দন্ডবিধি ৪১৭ ও ৫০২ ধারায় এ মামলা দায়ের করেন। 
মামলার এজহার সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে সেলিম পারভেজকে আহবায়ক করে আশুগঞ্জ প্রেসক্লাবে প্রথম আহবায়ক কমিটি গঠন করা হয়। ১৯৯৫ সালে মিজানুর রহমান নামে স্থানীয় এক সাংবাদিককে সভাপতি ও সেলিম পারভেজকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। চলতি বছরের জুন মাসে শাহজাহান আলম তাঁর স্ত্রী রোকসানা বেগমকে প্রকাশক করিয়া ‘শেকড়ের সন্ধ্যানে’ একটি বই প্রকাশ করেন। উক্ত বইয়ের ৫৬ পৃষ্ঠায় শাহজাহান আলম আশুগঞ্জ প্রেসক্লাব ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় বলে উল্লেখ করেন। সে বইয়ের ২২১ পৃষ্ঠায় তিনি নিজেকে আশুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও উল্লেখ করেন। ১৯৮৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন বলে ‘শেখরের সন্ধ্যানে’ বইয়ে তিনি উল্লেখ করেন। বইটিতে তিনি আরও উল্লেখ করেন ‘শেখড়ের সন্ধ্যানে’ বইটি লেখার সময় যমুনা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সমকালে আশুগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন ও দৈনিক সংগ্রামের আশুগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হক তাঁকে সক্রিয় সহযোগিতা করেছেন। 
যমুনা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সমকালে আশুগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন ও দৈনিক সংগ্রামের আশুগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হক জানান, বইটি লেখার সময় তাঁরা শাহজাহান আলমকে কোন সহযোগিতা করেনি এবং তাঁরা বইটির প্রকাশনা সম্পর্কে কিছু জানেন না। তাঁরা বলেন, ২০ জুলাই আশুগঞ্জ উপজেলায় বইটির প্রকাশনা উৎসবে বইটি পড়ে এই মিথ্যা, প্রতারণামূলক ও মানহানিকর তথ্য জানতে পেরেছেন।