আশুগঞ্জে রতন হত্যা মামলা বিপরীতে ডায়াবেটিসে মৃত্যুকে হত্যার অভিযোগ এনে পাল্টা মামলা
নিজস্ব প্রতিবেদক : নাজমার মৃত্যু হয়েছে ডায়াবেটিসে। কিন্তু মামলা হলো তাকে হত্যার। অভিযোগ উঠেছে ভুয়া সনদ দিয়ে এই হত্যা মামলা করা হয়েছে। মোটা অংকের টাকা নিয়ে আশুগঞ্জ থানা পুলিশ এই মামলা রেকর্ড করেছে আরেকটি হত্যা মামলার বিপরীতে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রতন হত্যা মামলার বাদী রতনের পিতা মালু মিয়া অভিযোগ করেন তার ছেলের হত্যা মামলার আসামীরাই এই মামলা করেছে। এতে তিনি ছেলে হত্যার বিচার পাবেন কিনা তা নিয়ে শঙ্কায় পড়েছেন।
জানা যায়, গত ৩১ মে সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামে ধান ক্ষেতের নাড়া কাঁটাকে কেন্দ্র করে একই গ্রামের কালু ডাকাতের বাড়ি ও হাবাজের বাড়ির দুই নারীর মধ্যে বাক্-বিতন্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কালু ডাকাতের বাড়ির লোকজনের হাতে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রতন মিয়া (৩২)। এ ঘটনায় গত পহেলা জুন নিহতের পিতা মালু মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় ৬৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এর পাল্টা হিসেবে গত ২ রা জুলাই রতন হত্যা মামলার ৪০ নম্বর আসামী নূরু মিয়ার মেয়ে নাজমাকে হত্যার অভিযোগে নূরু মিয়ার ছেলে মো: জাকির হোসেন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৭৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দেন। আদালত তদন্ত করে ঘটনার সত্যতা পেলে মামলা রেকর্ড করার নির্দেশ দেয়। গতকাল সোমবার রাতে ৪ ঠা আগষ্ট নাজমাকে হত্যার অভিযোগে মামলা রেকর্ড করে। ৫ লাখ টাকা ঘুষ নিয়ে মামলাটি করার অভিযোগ উঠেছে। হত্যা মামলা দায়ের করতে ঢাকা মেডিকেল কলেজ থেকে আনা ভুয়া সনদ ব্যবহার করা হয়।
বগইর গ্রামের বাদল ঠাকুরের স্ত্রী নাজমা বেগম দীর্ঘদিন যাবৎ ডাইবেটিস রোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারিরিক অবনতি হলে ১২ জুন জুন ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশনের ব্যবস্থা নিলে তিনি হাসাপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে পালিয়ে যান। কিন্তু সদর হাসপাতালে নাজমা বেগম ভর্তি হলে রেজিষ্টারে পুলিশ কেইস হিসাবে উল্লেখ ছিলনা। পরবর্তীতে ২২ জুন নাজমা বেগম দু‘টি পায়ে পচন ধরে বেশী অসুস্থ হয়ে পড়লে স্বামীর বাড়ির লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরদিন ২৩ জুন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যায়। নিখোজ বাদল ঠাকুর’র ভাই বাছির ঠাকুর জানান তার বড ভাইয়ের স্ত্রী নাজমা বেগম র্দীঘদিন ডায়বেটিস রোগে আক্রান্ত থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর তাকে হত্যা করা হয়েছে বলে সনদ নিয়ে হত্যা মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে আশুগগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান একটি মৃত্যু সনদ পেয়েছি। তাছাড়া আদালত থেকে মামলাটি দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও বিষয়টি আমারা তদন্ত করে দেখব। টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন তাদের সাথে আমার দেখা হয়নি।











