বিষ খেয়েছে আওয়ামী লীগ, মারা যাচ্ছে বিএনপি!
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে বাংলাদেশে একটি সাংবিধানিক অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে। সেনা অভ্যুত্থানের মত এ অভুত্থানটিও জনগণের ম্যান্ডেটবিহীন সরকারের ক্ষমতায় থেকে যাওয়ার ব্যবস্থা পাকা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখন সেভাবেই সরকারে টিকে রয়েছে। এমন একটি সংবিধান ও সরকারের আওতায় বিরোধী দল কিংবা জনগণের সামনে দুটো পথ খোলা থাকে: সরকারকে রাজা হিসাবে মেনে নেওয়া ও প্রজা হিসাবে আজীবন বশ্যতা স্বীকার করা অথবা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্টা করা। বিএনপি দ্বিতীয় পথটি বেছে নিয়ে জনগণের সরকার প্রতিষ্টার সেই আন্দোলন করতে যেয়ে ব্যর্থ হয়েছে। তার মানেতো এই নয় যে জনগণের ভোটের অধিকার বিলুপ্ত হয়েছে।
প্রকৃতপক্ষে বিষ খেয়ে ফেলেছে আওয়ামী লীগ। ম্যান্ডেট গলাধঃকরণের মাধ্যমে এদেশের প্রতিটি নাগরিকের ভোটে হানা দিয়েছে। এর ফলে নৈতিক অবস্থানটি হারিয়ে ফেলেছে। দেশে এখন রাজা-বাদশাহ্দের শাসন নেই, ইংরেজরা নেই, কোনো সামরিক সরকারও নেই এবং সেই সাথে জনগণের ভোটে পাশ করা কোনো সরকারও নেই। তবে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ সরকার। কিন্তু কিভাবে? মিলিয়ন ডলার কোয়েশ্চেন। তবে এই ক্ষমতায় থাকার প্রক্রিয়ায় হারিয়ে ফেলেছে অনেক কিছু। যেমনটি হারিয়ে ফেলেছিল ১৯৭৫ সালের ২৫ জানুয়ারিতে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে। ইতিহাস পেছনের দিকে যায় না। তবে পঞ্চদশ সংশোধনী ও ৫ জানুয়ারির সরকারের মাধ্যমে আওয়ামী লীগ গিয়েছে। খেয়ে ফেলা বিষের ক্রিয়া দেশে ভোট ফেরা মাত্রই শুরু হয়ে যাবে। তাই নিরপেক্ষ সরকারের অধীনে ভোটই এখন দলটির জন্য সব চেয়ে বড় আতঙ্ক।
আসলে ৫ জানুয়ারির পর ’একদিকে ভোট অন্যদিকে আওয়ামী লীগ’ এরুপ পরিস্থিতিতে পড়ে গিয়েছে দলটি এখন। বিরোধী দলসমুহের সিদ্ধান্তহীনতা ও জনগণের নিষ্ক্রিয়তায় সরকার হয়ত আরও কিছুদিন সময় পাবে। কিন্তু ৫৬ হাজার বর্গমাইলের ১৬ কোটি মানুষের দেশ থেকে এতদিনের ভোট কালচার চিরস্থায়ীভাবে উধাও হয়ে যাবে এবং এরুপ পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগও সরকারে চিরস্থ্ায়ী হবে এরুপ রোমান্টিক ভাবনার বাইরে জনগণের মাঝে এ সরকারের বাস্তব অবস্থানটি এখন কোথায়? ‘বিদ্যমান সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই আগামীতে সকল নির্বাচন হবে’। ভালো কথা। এরুপ নির্বাচন হলে ফলাফল কি হবে সবাই জানে। কিন্তু এরুপ নির্বাচন না হলে কি হবে? ৫ জানুয়ারির নির্বাচন কতবার সম্ভব? নিয়ম রক্ষার নির্বাচনের ধোকা কতবার দেয়া যাবে? বিএনপির কথা বাদ। ভোটতো জনগণের। আওয়ামী লীগ তা কুক্ষিগত করে কতদিন ভোগ করবে?
ভোটের আন্দোলন পৃথিবীতে নতুন নয়। গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে যখনই কোনো সরকার চিরস্থায়ী হওয়ার চেষ্টা করেছে তখনই অনিবার্যভাবে আন্দোলন গড়ে উঠেছে। নির্বাচিত সরকারের সংস্কৃতিতে অভ্যস্ত এদেশের ভোটার জনগণের সামনে তত্ত্বাবধায়ক সরকারের বিলোপের মাধ্যমে ৫ জানুয়ারির ’ম্যান্ডেটে’র সরকার গণতন্ত্রপ্রতিবন্ধি হয়ে এদেশের জনগণকে ভোটহীন নাগরিক করে দিতে উদ্যত হয়েছে। যে দিবসে ৩০০ আসনের ১৫৪ আসনে ভোট হয়নি এবং অন্য আসনগুলোতে অতি নগন্য সংখ্যক ভোটার ভোট দিয়েছেন সে দিবসটি গণতন্ত্রের বিজয় দিবস হিসাবে পালিত হলে বুঝতে হবে দেশটি শাসনব্যবস্থায় রাজতন্ত্রে প্রবেশ করতে যাচ্ছে।
তবে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, কিংবা একনায়কতন্ত্র গণতন্ত্রকে আঘাত হানলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষ যেমন একত্রিত হয়, গণতন্ত্রের দুর্যোগ মোকাবেলায়ও জনগণ সেরুপ একত্রিত হয়। দখলদার কোনো সরকারের সৃষ্ট রাজনৈতিক দুর্যোগ মোকাবেলা করে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্টার আকাঙ্খা গণতান্ত্রিক চিন্তাধারার প্রতিটি মানুষের মাঝে চিরন্তন। অগণতান্ত্রিক অপশক্তির বিপক্ষে জনগণের সংগ্রাম রাজনীতির একটি সহজাত বিষয়। যে আন্দোলন-সংগ্রাম কোনো একক দলের স্বার্থের জন্য নয়, শুধু গণতন্ত্র ও জনগণের নাগরিক অধিকার প্রতিষ্টার জন্য, সেরুপ অনিবার্য আন্দোলন এ ভূ-খন্ডে সবসময় একই গতি ও পরিণতি লাভ করেছে। ব্যতিক্রম শুধু বিএনপি। আন্দোলন সংগ্রামের বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও গ্রহনযোগ্য আন্দোলনটি করতে যেয়ে দলটি এখন অস্তিত্ব সঙ্কটে। ১৯৯১, ১৯৯৬, ২০০১, ও ২০০৯ সালের ভোট উৎসবের দেশে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে ভোট বন্ধ করে দিয়ে এক ধরনের বিষপান করে বসে আছে। অথচ এ বিষের ক্রিয়ায় মারা যাচ্ছে বিএনপি! হায় বিএনপি!
সাম্য শরিফ
ই-মেইল:[email protected]
আমাদের সময়.কম











