শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি সব ক্ষমতা পেলে ‘তত্ত্বাবধায়ক’ লাগে না

news-image

নির্বাচন কমিশনের হাতে সকল ক্ষমতা ন্যস্ত হলে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়ে না বলে মনে করেন বিএনপির ‘থিংকট্যাংক’ হিসাবে পরিচিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।

সাবেক এই উপাচার্যের সঙ্গে এ প্রতিবেদক যোগাযোগ করলে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই কেবল নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচন গ্রহণযোগ্য করে তুলতে হলে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে নির্বাচনের পদ্ধতি বের করা উচিত। সব দল নির্বাচনে অংশ নিলে দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করার দায়িত্ব সরকারের। সরকারের উচিত সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন কমিশনের হাতে সব ক্ষমতা ন্যস্ত করা। নির্বাচন কমিশন অধিক শক্তিশালী হলে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে না।

শুধু তাই নয়, নিরপেক্ষ নির্বাচন করতে হলে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ করতে হলে বর্তমান নির্বাচন কমিশনের সবাইকে পদত্যাগ করতে হবে। বিরোধী দলের মতামত নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। প্রয়োজনে সরকারের ক’জন আর বিরোধী দলের ক’জন মিলে কমিশন গঠন করা যেতে পারে। নির্বাচন কমিশনের ব্যক্তিরা নির্বাচিত হবেন, না অনির্বাচিত হবেন তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। নির্বাচনকালীন সময় স্বরাষ্ট্র ও জনপ্রশাাসন মন্ত্রণালয়ও নির্বাচন কমিশনের অধীনে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে।

তিনি বলেন, এই পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন হলেই নিরপেক্ষ নির্বাচন হবে। প্রতিবেশী দেশ ভারত, ব্রিটেনসহ পৃথিবীর সব দেশে এভাবেই নির্বাচন হয়। তিনি বলেন, ‘আমার জানামতে বিএনপি চেয়ারপারসনও নিরপেক্ষ সরকার বলতে এটিই বোঝাচ্ছেন। কারণ তত্ত্বাবধায়ক নিয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। তাই ওই দিকে আর কেউ হয়তো যেতে চাইবে না। তত্ত্বাবধায়ক ছাড়া যে কোনো নামেই নিরপেক্ষ সরকার গঠন করা সম্ভব।

অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেন, বিএনপি চেয়ারপারসন ‘খালেদা জিয়া সব দলের অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন’। বিএনপি চেয়ারপারসন স্পষ্ট করে বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ওই নির্বাচনে বিএনপি অংশ নেবে। এই নেত্রী এমনও বলেছেন যে, শেখ হাসিনা মার্কা নির্বাচনে অংশ নেবে না। বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অংশ নেয়নি। তাই ওই নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হয়নি। ভোট কেন্দ্রে মানুষ যায়নি। ভোট পড়েছে ৫ শতাংশ। আগামী দিনে যে নির্বাচন হবে, ওই নির্বাচনে যেন সব রাজনৈতিক দল অংশ নিতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। বিএনপি চেয়ারপারসনের দাবির প্রেক্ষিতে সরকারের এগিয়ে আসা উচিত।