মধ্যবর্তী নয় নতুন নির্বাচন চায় বিএনপি
মধ্যবর্তী নয়, বিএনপি নতুন নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া শনিবার রাতে আইনজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে নিজেদের অটুট অবস্থানের কথা জানান । তিনি বলেন, নির্বাচন নিয়ে অবস্থান পরিবর্তন করেনি বিএনপি। আমরা নিরপেক্ষ সরকারের দাবি থেকে সরে আসিনি। এদিকে গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কোন মধ্যবর্তী নির্বাচন নয়, নতুন একটি জাতীয় নির্বাচনের দাবি করছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নতুন নির্বাচনের মাধ্যমে সঠিক গণতন্ত্রে ফিরতে হবে।
নতুন নির্বাচন চায় বিএনপি: মুখপাত্র নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত গতকালের সংবাদ সম্মেলনে মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন তখনই আসে, যখন একটি নির্বাচিত সরকার তার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আগে-ভাগে একটি নির্বাচন দেয়। কিন্তু ২০১৪ সালের ৫ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে তা স্বাভাবিক নির্বাচন ছিল না। সেটা ছিল অস্বাভাবিক নির্বাচন। তাই কোন মধ্যবর্তী নয়, বিএনপি নতুন একটি জাতীয় নির্বাচনের দাবি করছে। আগামী নির্বাচনে না গেলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের ব্যাপারে বিএনপির মুখপাত্র বলেন, বিএনপির প্রতি সৈয়দ আশরাফের এমন সহানুভূতির জন্য ধন্যবাদ জানাই। তবে বিএনপির ধ্বংস বা বিলুপ্ত হওয়ার কোন কারণ নেই। কারণ এ দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের আদর্শে জেগে থাকবেন। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় যাবে। আশা করি, সরকার বিএনপির নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও মেনে নেবে। ভারতের সাবেক প্রেসিডেন্ট সদ্যপ্রয়াত এ পি জে আবদুল কালামের একটি উক্তি উল্লেখ করে বলেন, তিনি বলেছেন- ‘ঘুমের মধ্যে যে স্বপ্ন তুমি দেখ তা স্বপ্ন নয়, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, জাগিয়ে রাখে তাই সত্যিকার স্বপ্ন।’ ড. রিপন বলেন, রাজনীতিও তেমনি একটি স্বপ্ন। রাজনীতি হচ্ছে স্বপ্ন বাস্তবায়নের বাহন। বিএনপির যদি সেই স্বপ্ন্ন থাকে, কর্মী-সমর্থকরা যদি সেই স্বপ্ন বাস্তবায়নের বাহন হন, তবে শহীদ জিয়ার আদর্শ পূরণে বিএনপি বেঁচে থাকবে। বিএনপি শুধু বেঁচেই থাকবে না, স্বপ্নপূরণের জন্যই জেগে থাকবে। বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট আরোপের প্রতিবাদ জানিয়ে ড. রিপন বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব নয়, ছাত্রবান্ধব নয়- দাবি করে বিএনপির এ নেতা বলেন, সরকার নিজেকে জনবান্ধব বলে দাবি করে। কিন্তু তারা শিক্ষা বা ছাত্রবান্ধব নয়। হলে শিক্ষা খাতে ভ্যাট আরোপ করতো না। রাজস্ব বিভাগ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়েছে। তারা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। অর্থাৎ পদে পদে কীভাবে আরও করারোপ করা যায় সেই প্রক্রিয়া হচ্ছে। এর মাধ্যমে সরকার শিক্ষা নিয়ে বৈষম্য করছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে শিক্ষা কোন পণ্য নয়। তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাণিজ্যিক মনোবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিএনপি শিক্ষার বাণিজ্যকীকরণ সমর্থন করে না। এ খাতে ব্যক্তিগত লাভের প্রশ্ন না এলে ভ্যাটের প্রশ্ন আসতে পারে না। ড. রিপন বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই- সরকারের এ পদক্ষেপ গণবিরোধী আচরণ। এর মাধ্যমে ব্যয় বাড়িয়ে জনগণের কষ্ট বাড়বে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, অনুরোধ করবো, আহ্বান জানাবো, ধনিক শ্রেণীর দিকে না তাকিয়ে নিম্ন ও মধ্যবিত্তদের দিকে তাকান। কারণ পাবলিক প্রতিষ্ঠানগুলো আসন স্বল্পতার কারণে অনেক গরিব ছাত্রও বেসরকারি প্রতিষ্ঠানে কষ্ট করে পড়াশোনা করে। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। বিএনপির মুখপাত্র বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ওপর ভ্যাট প্রত্যাহার করে শিক্ষার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। এ সময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের এ বৈষম্যের বিরুদ্ধে দেশের ছাত্র সংগঠনগুলোর নিশ্চুপ ভূমিকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, হোক তারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র। তারাও তো আমাদেরই ভাই। তাই ছাত্র সংগঠনগুলোর এভাবে নিশ্চুপ না থেকে প্রতিবাদ গড়ে তোলা উচিত। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, নিলোফার চৌধুরী মনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহিন উপস্থিত ছিলেন।
নতুন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রে ফিরতে হবে: নজরুল
এদিকে নতুন নির্বাচনের মাধ্যমেই সঠিক গণতন্ত্রে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেছেন, দেশের বিষাক্ত রাজনীতি থেকে মানুষকে মুক্ত করতে গণতন্ত্রীদের ক্ষমতায় আনতে হবে। শুধু গণতন্ত্র নয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সেটি সম্ভব একটি সত্যিকারের নির্বাচনের মাধ্যমে। যে নির্বাচনে সব দল অংশ নেবে। ভোটাররা ভোট দিতে পারবেন এবং সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। আমরা আশা করি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। নজরুল ইসলাম খান বলেন, দেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এর মানে আমরা বুঝে উঠতে পারিনি। যেখানে নিম্নতম মজুরির বিধান নেই, অগণিত মানুষ বেকার, সেখানে কতিপয় দুর্বৃত্ত যেমন খুশি, তেমন টাকা উপার্জন করে। তারা গড় হিসাব করে মধ্যম আয়ের দেশ দেখালে সাধারণ মানুষের কিছু যায়-আসে না। তাদের ভাগ্যের পরিবর্তন হবে না।











