,

যেকোন টেলিবার্তা রেকর্ড করার যন্ত্র কিনবে সরকার

news-image

টেলিযোগাযোগ মাধ্যম ব্যবহার করে যত ধরনের কথোপকথন ও বার্তা প্রেরণ করা হয় তার সব বার্তা রেকর্ড করতে চায় সরকার। এই জন্য সরকার আধুনিক যন্ত্রপাতি ক্রয় করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যন্ত্রপাতি ক্রয়ের বিষয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেখানে তা অনুমোদন হলে যন্ত্রপাতি কেনা হবে। যন্ত্রপাতি ক্রয়ের বিষয়ে সম্ভাব্য সাতটি প্রতিষ্ঠানের নামও প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টেলিযোগাযোগ মাধ্যমে সিম ব্যবহার করে ও সিম ছাড়াও বিভিন্ন অ্যাপসও ব্যবহার করে যেসব বার্তা পাঠানো হয়  সেসব বার্তা ও তথ্য রেকর্ড করতে হলে উচ্চ ক্ষমতা সম্পন্ন ল-ফুল ইন্টারসেপশন প্রয়োজন। এখন অনেক কিছু রেকর্ড করা সম্ভব হলেও সব ধরনের অ্যাপসের তথ্য রেকর্ড করা যায় না। এই কারণে আরো আধুনিক যন্ত্র প্রয়োজন। সেটা কেনার জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এটি কিনবে। এতে খরচ পড়বে দুই’শ কোটি টাকা। ইতোমধ্যে এটা কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮-এর তফসিল-২-এ বর্ণিত আর্থিক সীমা শিথিল করা হয়েছে। সেই সঙ্গে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করতে চাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, সবার জন্য দরপত্রে অংশগ্রহণের সুযোগ রেখে যন্ত্র সংগ্রহ করতে চায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে তা সরবরাহ করার জন্য সাতটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। সেখানে নাম রয়েছে: ইতালির আরসিএস, জার্মানির ট্রভিকর, ও ইউটিম্যাক, সুইজারল্যান্ডের নিউ সেফট, চীনের ইনোভেশিয়ো ও যুক্তরাষ্ট্রের ভেরিন্ট সিস্টেম ও এসএস ৮।

সূত্র জানায়, ২০১৪ সালে প্রতিষ্ঠা করা হয় এনটিএমসি। তারা এতদিন ধরে যে মনিটরিং সিস্টেম ব্যবহার করতো সেটাতে সব ধরনের বার্তা রেকর্ড করা যায় না। পাশাপাশি ওই যন্ত্রের মেয়াদও শেষ। অত্যাধুনিক তথ্য যোগাযোগ ব্যবস্থার সকল মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত সুবিধা না থাকার কারণে এনটিএমসি কাঙ্খিত সেবা দিতে পারছে না। এই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন ও আধুনিক এই প্রযুক্তি সংগ্রহ করতে চাইছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়। মূলত: প্রযুক্তির অপব্যবহার রোধ, রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার, অপতৎপরতা রোধ করা এর মূল লক্ষ্য।  যন্ত্রপাতি ক্রয় সেই কাজকে আরো বাড়াতে চাইছে।

সূত্র জানায়, এই যন্ত্র কেনার জন্য  মোটা অংকের টাকা লাগবে। এই ধরনের আর্থিক ক্রয় সীমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেই। তারা চাইলেই কিনতে পারবে না। সেজন্য তা নিয়মে শিথিলতা আনার কথা বলা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮-এর তফসিল-২-এ বিধি-৮১ অনুযায়ী সরাসরি ক্রয়ের ক্ষেত্রে একেকবার তারা ২৫ হাজার টাকা পর্যন্ত কিনতে পারবে। আর বছরে কিনতে পারবে ৫ লাখ টাকার নীচে। ওই যন্ত্র ও প্রযুক্তি কেনার জন্য তাদের আর্থিক সীমা না থাকায় তা বাড়ানোর প্রয়োজনীয়তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রস্তাবে তুলে ধরা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইন্টারসেপশন যন্ত্র ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে তাদের গৃহীত পদক্ষেপের পক্ষে যুক্তিও তুলে ধরেছেন। সেখানে তিনি যন্ত্রপাতি সংগ্রহের  উদ্দেশ্য ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে বলেছেন, ল-ফুল ইন্টারসেপশন কাজের প্রকৃতি এবং ফলাফল  সংবেদনশীল। ফলে এই সংক্রান্ত তথ্য, প্রযুক্তি, যন্ত্রপাতি, সরঞ্জামাদি  ক্রয়, বিক্রয়, সরবরাহ এবং ব্যবহার সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষ কঠোর গোপনীয়তা অবলম্বন করে।

সেটা করে তারা সীমিত, নির্বাচিত, দায়িত্বশীল প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। এই কারণে এখন যদি এই প্রযুক্তি সংগ্রহ করার জন্য প্রকাশ্য দরপত্র আহ্বান করা হয় এবং যন্ত্রপাতি সরবরাহ করা হয় তাহলে যে উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হয় তা ব্যাহত হতে পারে।

সূত্র জানায়, কমিটির আগামী বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রস্তাবটি আলোচনার জন্য উঠতে পারে। তারা অনুমোদন দিলে পরবর্তী প্রক্রিয়া শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা