ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এর শিক্ষার্থীদের মানববন্ধন ॥ স্মারক লিপি প্রদান
মেডিকেল শিক্ষা ব্যবস্থায় ‘ক্যারি অন সিস্টেম’ পুর্নবহাল করার দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে ব্রাহ্মণবাড়িয়া মেডিকল কলেজের শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন বিকাশ বণিক, অসীম পাল, শায়লা আক্তার, মাহমুদুর রহমান শাব্বির, হৃদিলা আলম প্রমুখ।
এর পূর্বে বিএমডিসি চেয়ারম্যান বরাবর দাবী সম্বলিত একটি স্মারকলিপি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অবঃ বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর মাধ্যমে প্রদান করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, ২০০২ইং সালে প্রণীত কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থী ১ম পেশাগত পরীক্ষায় অংশগ্রহনের যোগ্যতার অর্জন করার পরপরই সে ২য় পেশাগত পরীক্ষার যাবতীয় ক্লাসে অংশগ্রহন করার জন্য অনুমোদন প্রাপ্ত হতো। এই কারিকুলামে পেশাগত পরীক্ষা ছিল ৩টি এবং একজন শিক্ষার্থী কোন বিষয়ে উত্তীর্ণ না হলেও ১ম পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারীতে (৬ মাস পর অনুষ্ঠিত যে পরীক্ষার মাধ্যমে খারাপ ফলাফল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে হয়) কৃতকার্য হলে তার শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ত না। কিন্তু ২০১২ইং সালে প্রণীত নতুন কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থী প্রথম সাপ্লিমেন্টারী পরীক্ষায় কৃতকার্য হলে সে তার শিক্ষাবর্ষ থেকে ৬ মাস পিছিয়ে যাবে। এ ক্ষেত্রে পিছিয়ে যাওয়া শিক্ষার্থীদের নিয়ে নবগঠিত ব্যাচের একাডেমিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা এ কারিকুলামে উল্লেখ নেই। ফলে মেডিকেল কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়বে। কারণ ২টি চলমান ব্যাচের মাঝে নতুন ১টি ব্যাচের শিক্ষাকার্যক্রম পরিচালনা করা দুরূহ ব্যপার হয়ে দাঁড়াবে। এর পিছনে রয়েছে প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত অপ্রতুলতা ও পর্যাপ্ত শিক্ষকের অভাব। অন্য দিকে এই নতুন পদ্ধতির কারণে সরকারী মেডিকেল কলেজ ছাত্রাবাসগুলোতে তীব্র আবাসন সংকট দেখা দিবে এবং অতিরিক্ত ব্যয় হবে সরকারের রাজস্বখাত থেকে। অন্য দিকে বেসরকারী মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি বিশাল অংশ আর্থিক বাঁধার সম্মুখীন হবে। কারণ এ অতিরিক্ত সময়ের শিক্ষা ব্যয় মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বোঝা হয়ে দাঁড়াবে। বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে শিক্ষা জীবনে ৬ মাস পিছিয়ে যাওয়া শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের মধ্যে হতাশা, বিষন্নতা ও আত্মহত্যার হার বাড়িয়ে দিবে যা কোনভাবে কাম্য নয়।বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মূল চালিকাশক্তি হলো ইন্টার্ণ চিকিৎসক। প্রবর্তিত নতুন এ পদ্ধতির ফলে প্রতি বছর মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে প্রায় ২০০০ ইন্টার্ণ চিকিৎসক সংকট দেখা দিবে। অন্যদিকে সময়মত বি সি এস পরীক্ষায় অংশগ্রহন করতে না পারায় চিকিৎসক সংকটে পড়বে দেশের মফম্বল এলাকা ও গ্রামাঞ্চল। ২০১২ইং সালে প্রণীত নতুন কারিকুলাম আপাত দৃষ্টিতে মেডিকেল শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে করা হলেও বাস্তবিক চিত্র ঠিক এর উল্টো। এতে করে একদিকে যেমন চিকিৎসা ও শিক্ষাব্যবস্থার মান অসামঞ্জস্যপূর্ণ হবে অপরদিকে চিকিৎসকের অপ্রতুলতার দরুন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা অনিশ্চয়তার সম্মুখীন হবে। বিষয়টি যেমন হতাশা বয়ে আনবে একজন মেডিকেল শিক্ষার্থীর পারিবারিক ও সামাজিক জীবনে তেমনি দূর্ভোগ বয়ে আনবে নাগরিক স্বাস্থ্য সেবায়। সকলের সম্মিলিত সুবিধার্থে শিক্ষার্থীরা এম.বি.বি.এস কারিকুলাম প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করে নতুন কারিকুলামে ক্যারি অন সিস্টেম পুনর্বহাল এর দাবী জানান।











