বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে নৌকা ডুবি একই পরিবারের ২ জন সহ ৩ জনের সলিল সমাধি, নিখোঁজ-৬

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইলে যাত্রীবাহী নৌকা ডুবে একই পরিবারের দুইজন সহ তিন জনের সলিল সমাধি হয়েছে। স্কুল ছাত্রী সামছুন্নার সহ এখনো নিখোঁজ রয়েছে ছয়জন। নিহতদের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নদীতে  জাল ফেলে ও ডুবিয়ে নিখোঁজদের সন্ধান করছে লোকজন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার অরুয়াইলের সেতরা নদীতে মর্মান্তিক এ দূর্ঘনাটি ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অরুয়াইল ইউনিয়নের মেঘনার তীরবর্তী দুবাজাইল গ্রাম থেকে অরুয়াইলের উদ্যেশ্যে চৈয়া বিহীন ইঞ্জিন চালিত নৌকাটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে রওয়ানা দেয়। নৌকাটি কিতাব আলী মাঝির। গ্রাম থেকে ১ কিলোমিটার দূরে সেতরা নদীতে আসার পর অতিরিক্ত যাত্রীর কারনে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের আর্তচিৎকারে আশ পাশের মাছ ধরা নৌকা ও রানীদিয়া গ্রাম থেকে নৌকা নিয়ে লোকজন এগিয়ে আসে। পরে পানি থেকে ওই নৌকা গুলিতে উঠে যায়। অনেকে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে দুবাজাইল গ্রামের ঈদগা’র মাঠের ঈমাম ক্বারী আবদুল কাহহার (৬৫), শিরু মিয়া মিস্ত্রির স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও তার ছয় মাস বয়সের ছেলে সন্তানের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকারী একাধিক ব্যক্তি বলেন, মুরব্বি আবদুল কাহহারের লাশটি উপরে উঠানোর সময় ৫/৬ বছরের একটি শিশু তার হাত ধরা অবস্থায় ছিল। শিশুটির নিথর দেহ হঠাৎ ছিটকে পানিতে পড়ে তলিয়ে যায়। আর পাওয়া যায়নি। তিনটি মরদেহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখার পর স্বজনদের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে উঠে সেখানকার পরিবেশ। এখনো নিখোঁজ রয়েছে গ্রামের প্রবীন ব্যক্তি আশ্রফ আলী, অরুয়াইল বহুমূখি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সামছুন্নার সহ ছয়জন। মেয়ের সন্ধানে পাগল প্রায় তার মা বাবা। এ ঘটনায় ক্বারী আবু সাঈদ, আবুল খায়ের, আলতাফ হোসেন, মিনারা বেগম ও কলেজ ছাত্রী মাইমুনা বেগম সহ আহত হয়েছে অন্তত: ২০ জন। বিকেল পাঁচটা পর্যন্ত ঘটনাস্থলে নিখোঁজদের সন্ধান করতে দেখা যায়। তবে ডুবে যাওয়ার নৌকার একাধিক যাত্রী জানায়, নৌকাটি বায়েজিদপুরের ও কয়েকজন লোক ছিল। ঘটনাস্থলে কোন পেশাদার ডুবুরি না পৌঁছলেও বিকেলে ফায়ার সার্ভিসের লোকজন ডুবিয়ে লাশের সন্ধান করেন। দুবাজাইল গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল মিয়া ক্ষোভের সাথে বলেন, কিছু লোক মসজিদ মা¯্রাসার দোহায় দিয়ে নিজের স্বার্থহাসিল করে। তারা প্রকৃত মাঝি যাদের বড় বড় নৌকা আছে তাদেরকে বঞ্চিত করেন। টাকা পেয়ে অপরিপক্ক ছোট নৌকার মালিকদের কাছে লাইন বিক্রি করে দেন। এ জন্যই এই দূর্ঘটনা।  দূর্ঘটনার খবর শুনে সেখানে ছুটে গেছেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাইনুল আবেদীন, অফিসার ইনচার্জ মো: আলী আরশাদ স্থানীয় চেয়াম্যান মিজানুর রহমান। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন দূর্ঘটনায় নিহত লোকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রাথমিক অবস্থায় প্রত্যেককে উপজেলা পরিষদ থেকে ৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেন। পরবর্তীতে আরো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।