শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সাকা চৌধুরীর আপিলের রায়

news-image

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের রায় আজ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন-বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় সাকা চৌধুরীর আপিলটি (ক্রিমিনাল আপিল-এ-১২২/২০১৩) এক নম্বর ক্রমিকে রয়েছে। প্রতিদিন আপিল বিভাগের কার্যক্রম শুরু হয় সকাল ৯টায়। এজন্য আজ সকাল ৯টায় সাকা চৌধুরীর আপিলের রায় ঘোষণা করা হতে পারে। আপিল শুনানিতে সাকা চৌধুরীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপিলের শুনানিতে আসামিপক্ষ দাবি করেছিল, মুক্তিযুদ্ধকালে সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। তিনি বাংলাদেশে ছিলেন না। এজন্য সাকা চৌধুরী মুক্তিযুদ্ধকালে দেশে কোনো ধরনের মানবতাবিরোধী অপরাধ করেননি। ফলে তার শাস্তি বহাল রাখার প্রশ্নই ওঠে না। রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেছিল, মুক্তিযুদ্ধকালে সাকা চৌধুরী বাংলাদেশেই ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছিল। এছাড়া পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাকা চৌধুরীর অধ্যয়নের বিষয়ে কোনো সনদ দেয়নি। সাকা চৌধুরী দেশে অবস্থান করে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজন্য তার শাস্তি বহাল রাখা উচিত বলে দাবি করে রাষ্ট্রপক্ষ। সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে গত ২৪ জুলাই থেকে রাজধানীর শাহবাগে অবস্থান করে আসছে গণজাগরণ মঞ্চ। এ প্রসঙ্গে আসামিপক্ষ বলছে, সাকা চৌধুরীর ফাঁঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের অবস্থান আদালতকে চাপ প্রয়োগের শামিল। এটা আদালত অবমাননা। রাষ্ট্রপক্ষ বলছে, সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার গণজাগরণ মঞ্চের দাবি আদালত অবমাননার শামিল নয়। আদালত সব সময় চাপমুক্তভাবে বিচারকাজ পরিচালনা করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়ে থাকেন। তবে যেকেউ যেকোনো অপরাধের বিচার দাবি করতে পারেন। গণজাগরণ মঞ্চের দাবি নিয়ে প্রশ্ন তুলে খন্দকার মাহবুব হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, সাকা চৌধুরীর আপিলের রায়ের বিষয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন রকম বক্তব্য আসছে। গণজাগরণ মঞ্চ রাস্তায় নেমে সাকা চৌধুরীর ফাঁসি দাবি করছে। বিচারাধীন একটি মামলায় সাজা কী ধরনের হবে, রাজপথে পুলিশি পাহারায় একটি বিশেষ গোষ্ঠী তা চাচ্ছে। তিনি বলেন, সাকা চৌধুরীর মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে রায়ের অপেক্ষায় আছে, সেখানে ওই ধরনের আন্দোলন আদালত অবমাননার সমতুল্য। তবে আদালত অবমাননার বিষয়টি মানতে রাজি নন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের সময় চালানো বর্বরতায় জড়িতদের শাস্তির দাবিতে জাহানারা ইমামের নেতৃত্বে আন্দোলন হয়েছে। তিনি বলেন, যারা স্বাধীনতার সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা স্বাধীনতার সপক্ষের লোক ও আপামর জনসাধারণ; তারা সবাই চাইবেন সাকা চৌধুরীকে ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছেন সেটিই বহাল থাকুক। তিনি বলেন, আমেরিকাতে বিচারের দাবিতে আন্দোলন হয়। বাংলাদেশেও আন্দোলন হয়। এটা নতুন ব্যাপার নয়। অ্যাটর্নি জেনারেল বলেন, বাইরে যাই ঘটুক না কেন, আদালত চাপমুক্তভাবেই বিচার করে রায় দিচ্ছেন। যেমন দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হয়েছিল, কিন্তু আপিলে তার আমৃত্যু কারাদণ্ড হয়। অ্যাটর্নি জেনারেল বলেন, সাকা চৌধুরীর মামলায় ট্রাইব্যুনালের রায় প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছিল। এখন তার পরিবার আপিলের রায় নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা আপিল বিভাগের বিচারকাজকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছে। সাকা চৌধুরীর স্বজনের সঙ্গে কোনো বিচারপতির বৈঠক হয়নি বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল। চট্টগ্রামের শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, রাউজান উপজেলার সুলতানপুর বণিকপাড়ায় হত্যা, রাউজানের ঊনসত্তরপাড়া গণহত্যা এবং আওয়ামী লীগ নেতা শেখ মোজাফফর আহমেদ ও শেখ আলমগীরকে অপহরণের পর হত্যার অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে সাকা চৌধুরী ওই বছরের ২৯ অক্টোবর আপিল বিভাগে আপিল করেন। অথচ রাষ্ট্রপক্ষ আপিল করেনি। গত ১৬ জুন থেকে আপিলের শুনানি শুরু হয়। ৭ জুলাই শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়। সাকা চৌধুরী বর্তমানে কারাগারে আছেন।