নাসিরনগরে নৌকার মাঝি মিলন মিয়ার খোঁজ মেলেনি ২০ দিনেও
অপহরণের ২০ দিন পরও সন্ধান পাওয়া যায়নি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া গ্রামের নৌকার মাঝি মিলন মিয়ার।
৯ জুলাই দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায় তাকে। পরিবারের সদস্যরা এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। কিন্তু মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল পর্যন্ত তার সন্ধান দিতে পারেনি তারা। এতে তিন সপ্তাহ ধরে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।
মিলন নিখোঁজের পর থেকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী সুলতানা বেগম কান্নায় ভেঙে পড়েছেন। কোনো কিছুতেই যেন থামছে না সে কান্না।
মিলন মিয়ার পরিবারের সদস্যরা জানান, ০৯ জুলাই নাসিরনগর উপজেলা সদরের ডাকবাংলো ঘাট থেকে অপরিচিত তিন যাত্রী কিশোরগঞ্জের অষ্টগ্রাম যাওয়ার কথা বলে মিলন মিয়ার নৌকা ভাড়া করে। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
পরিবারের সদস্যদের ধারণা, মিলন মিয়াকে কোনো চক্র কৌশলে অপহরণ করেছে।
ঘটনার পর (১০ জুলাই) মিলন মিয়ার চাচা বাদী হয়ে নাসিরনগর থানায় অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পে অবহিত করেন বিষয়টি। কিন্তু গত তিন সপ্তাহ পার হয়ে গেলেও খোঁজ মেলেনি মিলন মিয়া ও তার নৌকার।
মিলন মিয়ার স্ত্রী সুলতানা বেগম বলেন, 'যাইবার আগে আমার দেবরের কাছে কইছে, অষ্টগ্রাম ট্রিপ লইয়া যাইতাছি। বিকেলে আইয়া পরুম। কিন্তু সেই যে গেলো আর আয়ে নাই'।
মিলন মিয়ার চাচা মন্টু মিয়া জানান, নৌকা নিয়ে তারা অষ্টগ্রাম এলাকাসহ হাওর এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাননি। তিনি তার ভাতিজাকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার দাবি করেন।
নাসিরনগর সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার আজদু মিয়া বলেন, মিলন অত্যন্ত সহজ-সরল প্রকৃতির ছেলে। তাকে খুঁজে বের করতে আমরা অনেক চেষ্টা চালাচ্ছি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, মিলন মিয়ার সন্ধানের জন্য হাওরাঞ্চলের সব থানায় ছবি পাঠানো হয়েছে। তাকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চলছে।











