বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাচ্ছে ক্যান্সারের নকল ঔষধ
অপরাধ ডেস্ক : রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে সুইজারল্যান্ডে তৈরি ক্যান্সারের ওষুধ ‘প্লেগলিট্যাকসিল’ প্রতি পিস বিক্রি হয় ১০ হাজার ৫০০ টাকায়। জার্মানির তৈরি ওই ওষুধের দাম আরো বেশি। ক্যান্সার প্রতিরোধকারী আরেক বিদেশি ওষুধ ‘ইনডোকসনের (এক গ্রাম)’ দাম প্রতি পিস আড়াই হাজার টাকা। আর অ্যাসিক্লোভির বা গ্লানসোক্লোভির জাতীয় ক্যান্সারের একসেট ওষুধের দাম ২০ থেকে ২২-২৩ হাজার টাকা। আবার জটিল চর্ম রোগ থেকে মুক্তি পেতে ব্যবহৃত সুইজারল্যান্ডের তৈরি ‘বায়াডার্মা’র একটি টিউবের দাম দুই হাজার ২৫০ টাকা। দেশের ধনী রোগীরা এসব ওষুধের ওপর নির্ভরশীল। আর সাধারণ রোগীরা শেষ সম্বলটুকু বিক্রি করেও উচ্চমূল্যের এসব ওষুধ কিনে খাচ্ছেন প্রাণঘাতী রোগ থেকে মুক্তি পেতে। কিন্তু এত দাম দিয়ে যে ওষুধ কিনছেন রোগীরা তা আসল না নকল বোঝার উপায় নেই। কারণ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সম্প্রতি দেশে-বিদেশে তদন্ত চালিয়ে প্রমাণ পেয়েছে, এসব জীবনরক্ষাকারী উচ্চমূল্যের আমদানীকৃত প্রায় সব ওষুধেরই নকল রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে দিচ্ছে এ দেশেরই প্রভাবশালী কিছু অসাধু ব্যবসায়ী।
এনবি আরের তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, এসব নকল ওষুধ দেখতে হুবহু আসলটার মতোই। আন্তর্জাতিক চক্রের সহায়তায় এসব নকল ওষুধ দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা থেকে বাংলাদেশে আনা হচ্ছে। নামিদামি ফার্মেসি থেকে বড় মাপের অনেক হাসপাতালে নকল ওষুধ নিরাপদে পৌঁছে দিচ্ছে অসাধু চক্রটি। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব বিক্রিতে সহায়তা করছেন কিছু অসাধু চিকিৎসকও। কোনো কোনো হাসপাতালের কিছু ব্যক্তিও গোপনে এসব ওষুধ বিক্রিতে জড়িত। অধিকাংশ ক্ষেত্রে ফার্মেসির বিক্রয়কর্মীরা ওষুধটি যে নকল, তা না জেনেই বিক্রি করছে। এসব নকল ওষুধ খেয়ে রোগী সুস্থ না হয়ে আরো অসুস্থ হয়ে পড়ছে। রোগীর সর্বনাশ হলেও নকল ওষুধের বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দেশি-বিদেশি অশুভ চক্র।
এনবি আরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খানের নেতৃত্বে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে গঠিত পাঁচ সদস্যের প্রতিনিধিদলের তৈরি প্রতিবেদন থেকে নকল ওষুধ বিক্রির অবৈধ এ বাণিজ্য সম্পর্কে বিস্তারিত জানা গেছে। প্রতিনিধিদলের দুই সদস্য নকল ওষুধ সম্পর্কিত তদন্তে সম্প্রতি আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা সফর করেছেন। তাঁদের সরবরাহ করা তথ্যও প্রতিবেদনে উল্লেখ আছে।
জানা গেছে, গত ছয় মাসে বিভিন্ন স্থল, সমুদ্র ও বিমানবন্দর থেকে নকল ওষুধের ২৩টি চালান আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, যা এর আগের ছয় মাসের তুলনায় প্রায় তিন গুণ। নকল ওষুধ কারা, কোথা থেকে কিভাবে আনছে এ বিষয়গুলো তদন্তে শুল্কনীতি শাখা এবং আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী বিশেষভাবে র্যাবের সহায়তা নিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
তাদের প্রতিবেদনে উল্লেখ আছে, ক্যান্সার, চর্ম, যৌনসহ বিভিন্ন জটিল রোগের নকল ওষুধ আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা থেকে আনা হলেও ওষুধের সঙ্গের কাগজপত্রে উৎপাদনকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, চীন, কোরিয়া, জার্মানি ও ভারতের নাম লেখা থাকে। নকল ওষুধের মোড়ক আসল ওষুধের মোড়কের মতোই। প্রয়োজনীয় কাগজপত্রও আসল ওষুধের সঙ্গে থাকা কাগজপত্রের মতো।
প্রতিবেদন থেকে জানা যায়, এ দেশের কিছু বড় মাপের ব্যবসায়ী কৌশলে নকল ওষুধ বিক্রির এ রমরমা বাণিজ্য করছেন। নিজেদের প্রতিষ্ঠিত ব্যবসা থেকে সম্পূর্ণ আলাদাভাবে একটি চেইনের মাধ্যমে এ ব্যবসা করছেন তাঁরা। আন্তর্জাতিক চক্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এসব ব্যবসায়ীর সরাসরি বৈঠক হয় বলে গোয়েন্দারা তথ্য পেয়েছেন। তাঁরা বলছেন, এসব বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করতে হলে বিদেশি চক্রের সদস্যদের গ্রেপ্তার প্রয়োজন। তাই দেশে তদন্তকাজ চালানোর পাশাপাশি বিদেশি সংস্থার সহযোগিতায় তদন্ত করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, আসল ওষুধের চেয়ে অনেক কম দামে নকল ওষুধ আনা হয়। কিন্তু তা রোগীদের কাছে বিক্রি করা হয় আসলটার সমান দামেই। আন্তর্জাতিক চক্রের একটি অংশ সংশ্লিষ্ট দেশের আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোডাউনের মতো কারখানা বানিয়ে গোপনে নকল ওষুধ তৈরি করছে। অবৈধ এ ব্যবসায় লেনদেন ব্যাংকিং চ্যানেল এড়িয়ে দেশের বাইরে হুন্ডিতে এবং দেশের ভেতরে অধিকাংশ ক্ষেত্রে বিকাশে হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ আছে, জীবন রক্ষাকারী ওষুধের নামে মিথ্যা ঘোষণায় নকল ওষুধ আনা হচ্ছে। তা দেখে বিভিন্ন বন্দর থেকে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আবার বিভিন্ন ভুয়া কম্পানির নামে কাগজপত্র জাল করেও আনা হচ্ছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অনেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব নকল ওষুধ বিমানবন্দরে পৌঁছামাত্র তা অসাধু চক্রের সদস্যদের কাছে পৌঁছে দেয়। অনেকে আবার লাগেজে করে নিজেদের ব্যবহারের কথা বলেও নকল ওষুধ আনছে। এ কাজে আমদানিকারক দলের কিছু সদস্যকে ব্যবহার করা হয়। এসব ব্যক্তি বিভিন্ন নামে পাসপোর্ট ব্যবহার করে ঘন ঘন বিদেশ সফর করে। এ কাজে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পাচ্ছে তারা। এসব বাহক দলের নেতা সম্পর্কে কোনো তথ্য জানে না। এরা ধরা পড়লে দলের নেতারা অধিকাংশ ক্ষেত্রে প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নিয়ে যান। নকল ওষুধ আনার কাজে বিদেশে অবস্থানরত কিছু ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীকে ব্যবহার করা হয়। রোগীর জীবন বাঁচানোর কথা বলে তাদের কাছে ওষুধটি পাঠানো হয়। সেগুলো নিয়ে বাংলাদেশে পৌঁছানোর পর রোগীর আত্মীয় সেজে অসাধু চক্রের সদস্যরা তাদের কাছ থেকে নকল ওষুধ নিয়ে যায়। এরপর সেগুলো অভিজাত এলাকার বাসাবাড়িতে রাখা হয়। অনেক ক্ষেত্রে সরাসরি ফার্মেসি, হাসপাতাল বা ক্লিনিকেও পৌঁছে দেওয়া হয়। আবার চক্রের সদস্যরা যেসব ফার্মেসি, হাসপাতাল বা ক্লিনিকে নকল ওষুধ সরবরাহ করে তার একটি তালিকা অসাধু চিকিৎসকদের দিয়ে থাকে। এসব চিকিৎসক রোগীদের সেই তালিকা অনুযায়ী ফার্মেসি, ক্লিনিক বা হাসপাতালের নাম বলে সেখান থেকে ওষুধ কিনতে সুপারিশ করে থাকেন। এ ছাড়া অনেক হাসপাতাল বা ক্লিনিকের কিছু লোক গোপনে নকল ওষুধ কিনে সংগ্রহে রাখে; পরে সুযোগ মতো রোগীর কাছে কৌশলে বিক্রি করে।
এনবি আর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, রাজস্ব আদায়ের পাশাপাশি জনগণের জীবনমানের উন্নয়নে মানবিক বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে এনবি আর। চিকিৎসাসেবায় স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে এনবি আর কর্মকর্তারা ইতিবাচক ভূমিকা রাখতে পদক্ষেপ নিচ্ছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, নকল ওষুধ আমদানিকারক চক্রকে চিহ্নিত করতে দেশ-বিদেশে একই সঙ্গে কাজ করা হচ্ছে। আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা থেকেও তথ্য আনা হচ্ছে। আশা করি, অচিরেই এ অসাধু চক্রের নেতাদের আটক করা সম্ভব হবে।
সম্প্রতি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরে নকল ওষুধ বিক্রি রোধে আরো কঠোর নজরদারির অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়। অধিদপ্তর একাধিক কমিটি করে বাজারে নজরদারি বাড়িয়েছে। নকল ওষুধ বিক্রি বন্ধে বিভিন্ন অভিযান পরিচালনায় সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমদানি করা উচ্চমূল্যের ওষুধ সাধারণত জটিল রোগে ব্যবহার করা হয়। এসব ওষুধের যারা নকল আমদানি করে মানুষকে ঠকাচ্ছে তারা মানুষ নামের পশু। আমরা নজরদারি বাড়িয়েছি। ইতিমধ্যে চিকিৎসক ও ওষুধ বিক্রি সম্পর্কিত বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে এসব অবৈধ ব্যবসা বন্ধে সহযোগিতা চাওয়া হয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, অভিযানে গেলে চক্রের সদস্যরা আমাদের কর্মকর্তাদের ওপর হামলা করে। প্রভাবশালীদের আটকের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছি।’
ক্যান্সার বিশেষজ্ঞ গোলাম মোস্তফা বলেন, ক্যান্সারের মতো ঘাতক ব্যাধিতে সাধারণত আমদানিকৃত দামি ওষুধ ব্যবহারের সুপারিশ করা হয়। ধনী ব্যক্তিরা এসব জটিল রোগে আক্রান্ত হলে সাধারণত বিদেশে গিয়ে চিকিৎসা করান। সাধারণ পরিবারের রোগীরা দেশেই চিকিৎসা করান। তাঁদের অনেকে ভিটেবাড়ি বিক্রি করেও চিকিৎসা করাচ্ছেন। কোথায় কোন ফার্মেসি, হাসপাতাল বা ক্লিনিকে নকল ওষুধ বিক্রি হচ্ছে তা তাঁরা কিভাবে জানবেন? এসব চিহ্নিত করার দায়িত্ব সরকারের। নকল ওষুধে ব্যবহার করা ক্ষতিকর রাসায়নিক শরীরে ঢুকলে যে রোগটি শরীরে আছে, তার সঙ্গে আরো নানা জটিলতা দেখা দেয়। এতে রোগীর জীবন আরো সংকটের মধ্যে পড়ে। কালের কন্ঠ











