বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সতর্ক সূচনা

news-image

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের থেকে ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান। ব্যাট করছেন ডিন এলগার (২৭) ও স্টিয়ান ফন জিল (২৯)। বাংলাদেশের থেকে এখনো ২৯ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

এর আগে ২৪৮ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়া বাংলাদেশ অলআউট হয় ৩২৬ রানে। ৭৮ রানের লিড পায় স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এক ইনিংসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ২৫৯ রান, ২০০৮ সালে এই চট্টগ্রামেই। পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে এনিয়ে দ্বিতীয়বারের মতো লিড নিয়েছে বাংলাদেশ। এর আগে ২০০৮ সালে মিরপুর টেস্টে আগে ব্যাট করে ২২ রানের লিড নিয়েছিল টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ১৭৯ রান নিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৬ ও সাকিব আল হাসান ১ রান নিয়ে ব্যাট করতে নামেন। দিনের শুরুতে বেশ ভালোই খেলছিলেন দুজন। বিশেষ করে মুশিফক ডেল স্টেইনের বলে তিনটি দর্শনীয় চার মারেন।

কিন্তু দলীয় ১৯৫ রানে ওই স্টেইনের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন মুশফিক। আম্পায়ার নট আউট দেওয়ার পর রিভিউ নিয়ে সফল হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। এই টেস্টে এটাই স্টেইনের প্রথম উইকেট। ২৮ রান আসে মুশফিকের ব্যাট থেকে।

মুশফিকের বিদায়ে কিছুটা চাপেই পড়েছিল বাংলাদেশ। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন সাকিব। মধ্যাহ্ন বিরতির আগে লিটনের সঙ্গে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লিড এনে দেন তিনি।

প্রথম সেশন শেষের ঠিক আগ মুহূর্তে লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় টাইগার বাহিনী। তবে, মধ্যাহ্ন বিরতির পর দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামার আগে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃষ্টি হানা দেয়। ফলে বিলম্ব হয় টাইগারদের দ্বিতীয় সেশনের ব্যাটিং। বৃষ্টির কারণে আধাঘণ্টা পিছিয়ে খেলা শুরুর সময় দেওয়া হয় দুপুর ১২টা ৪০ মিনিটে।

টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতক থেকে তিন রান দূরে থাকতে বিদায় নেন সাকিব আল হাসান। দলীয় ১০২তম ওভারে সিমন হারমারের করা শেষ বলে তুলে মারতে গিয়ে শর্টমিড উইকেটে ডুমিনির হাতে ধরা পড়েন সাকিব। আউট হওয়ার আগে ১১৪ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে মূল্যবান ৪৭ রান। লিটন দাশকে সঙ্গে নিয়ে ৮২ রানের জুটি গড়েন সাকিব।

তৃতীয় দিন মুশফিক আর সাকিবের বিদায়ের পর লিটন দাশ আর মোহাম্মদ শহীদের ব্যাটে এগুতে থাকে স্বাগতিকদের ইনিংস। শহীদ কিছুটা মারমুখি হয়ে করেন ২৫ রান। ফিল্যান্ডারের বলে আউট হওয়ার আগে এ টেলএন্ডার মাত্র ১৯ বল মোকাবেলা করে চারটি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান।

প্রথম শ্রেনীর ক্রিকেটে দারুণ খেলতে থাকা লিটন কুমার দাসকে ভারতের বিপক্ষে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। আর সে সুযোগকে কাজে লাগিয়ে প্রথম টেস্টে বেশ ভালোই করেন লিটন। সাদা পোষাকে দ. আফ্রিকার বিপক্ষে ব্যক্তিগত দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ক্যারিয়ার সেরা রান করে অর্ধশতক হাঁকান তিনি। ১০১ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পান দিনাজপুরের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাশ। তবে, এরপরই হারমারের তৃতীয় শিকারে উইকেটের পেছনে কুইন্টন ডি ককের গ্লাভসবন্দি হয়ে ফেরেন ১০২ বলে সাতটি চারে ৫০ রান করা লিটন।

দলীয় ১১৫তম ওভারে ডেল স্টেইনের লাফিয়ে উঠা বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে দাঁড়ানো এলগারের হাতে ধরা পড়েন ৯ রান করা তাইজুল ইসলাম। স্টেইনের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে ডুমিনির হাতে ধরা পড়েন মুস্তাফিজও।

এর আগে ৬৯ রান পিছিয়ে প্রথম টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ে নামে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের চার উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ছিল ১৭৯ রান।

প্রথম দিনের ২ ওভারের সঙ্গে দ্বিতীয় দিন ৬৫ ওভার পর্যন্ত খেলার সুযোগ পায় বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম সেশন থেকে টাইগারদের আসে ৭৩ রান। প্রথম সেশনে ইমরুল কায়েস ও মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। প্রথম সেশনে দু’টি উইকেট হারালেও দিনের দ্বিতীয় সেশনে শুধু তামিম ইকবালের উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় সেশনেও স্বাগতিকদের আসে আরও ৭৩ রান।

দ্বিতীয় দিন দলীয় ৪৬ রানের মাথায় ইনিংসের ১৯তম ওভারে অনিয়মিত বোলার স্টিয়ান ভ্যান জিলের দ্বিতীয় বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ইমরুল কায়েস। ইমরুলের ব্যাট থেকে আসে ২৬ রান। দলীয় ৫৫ রানের মাথায় সিমন হারমারের দারুণ এক ঘূর্ণিতে বলের লাইন মিস করে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মুমিনুল হক (৬ রান)। আর দলীয় ১৪৪ রানের মাথায় টেস্ট ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক হাঁকানো তামিম ইকবাল ডিন এলগারের বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন। আউট হওয়ার আগে তিনি ১২৯ বলের মোকাবেলা করে তিনটি চারের সাহায্যে করেন ৫৭ রান। সাজঘরে ফেরার আগে মাহামুদুল্লাহ রিয়াদকে নিয়ে তামিম জুটি গড়েন ৮৯ রান।

দলীয় ১৭৮ রানের মাথায় বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন ঘটে। ভারনন ফিল্যান্ডারের বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম অর্ধশতক হাঁকানো মাহামুদুল্লাহ রিয়াদ। আউট হওয়ার আগে টাইগারদের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে মূল্যবান ৬৭ রান। ১৩৮ বলের মোকাবেলা করে রিয়াদ দশটি চার হাঁকান। মুশফিকুর রহিমের সঙ্গে তিনি ৩৪ রানের জুটি গড়েন।

টেস্টের প্রথম দিন অলআউট হওয়ার আগে দ. আফ্রিকা ২৪৮ রানেই গুটিয়ে যায়