শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইত্যাদির জয়জয়কার

news-image

তার অনুষ্ঠানে সমাজ সচেতনতামূলক প্রতিবেদন, নাট্যাংশ বা গান যাই বলা হোক না কেন সবকিছুকে বিশ্লেষণ করলে দেখা যায় হানিফ সংকেত যেন নিজেই একটি দেশকল্যাণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। কারণ, তার নির্মিত ইত্যাদির প্রতিটি বিষয়ই জনহিতকর, জনকল্যাণকর, দেশাত্মবোধক। আর এজন্যই আজকাল টিভি অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক অনুষ্ঠানেরই উত্থান-পতন দেখা গেলেও এই একটি অনুষ্ঠানের বেলায় শুধু উত্থানই লক্ষ্য করা যায়, কোন পতন নেই। প্রতিবারের মতো এবারও দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো বিষয় নৈপুণ্য, চিত্রায়ণের কারিশমা আর সমাজ সংস্কারের নানা উপাদান দিয়ে ভরপুর হানিফ সংকেতের ‘ইত্যাদি’ উপভোগ করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্র প্রবহমান নদীর  গতিধারার মতো। ‘ইত্যাদি’ যেন আমাদের প্রতিদিনের ভুল-শুদ্ধ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায়, ভাল-মন্দের চুলচেরা বিশ্লেষণ করে চলেছে সব সময়। এবারের ঈদ ইত্যাদির প্রতিটি পর্বই যেমন চমকিত করেছে তেমনি আমাদের নিয়ে গেছে ভাবনার জগতে। প্রতি ঈদেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে…’ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ ব্যাপারে একটি লক্ষণীয় বিষয় হলো, কয়েক বছর আগেও এ গানটি একমাত্র বিটিভি ছাড়া কোথাও কোন ঈদের অনুষ্ঠানে দেখা যেত না। কিন্তু হানিফ সংকেত এ গানটি গত দেড় যুগ ধরে ইত্যাদিতে বিভিন্নভাবে পরিবেশন করায় এটি এখন সব চ্যানেলেই দেখা যায়। তবে নির্মাণ বৈচিত্র্যে এখনও ইত্যাদিই এগিয়ে। এবার  দেখা গেছে  প্রায় শতাধিক কাওয়ালী শিল্পীকে দিয়ে পরিবেশন করা হয়েছে এ গানটি। এবারের ঈদের ইত্যাদিতে শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী ও নাট্যজন আতাউর রহমানের পরিবেশিত মিউজিক্যাল ড্রামায় চমৎকারভাবে স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের বিষয়টি তুলে ধরা হয়েছে। স্ত্রী বলেন তিনিই সংসারের সব কাজ করেন। স্বামী বলেন তিনিই করেন, স্ত্রীর তেমন কোন ভূমিকা নেই। আতাউর রহমান সেলিম-রোজী দম্পতির এ কলহ দেখে বললেন, ‘কিসের কথাকাটাকাটি, এই হলো সংসার, ঘরে বাইরে যে যার কাজের, সমান দাবিদার’। এটি চমৎকার একটি বক্তব্য। আর এটাই হলো ইত্যাদির বৈশিষ্ট্য। আজকাল রান্নাবিষয়ক অনুষ্ঠানে ছেয়ে গেছে প্রতিটি টিভি চ্যানেল। কিন্তু সেসব রান্নার সঙ্গে ৮০ ভাগ মা-বোন পরিচিত নন এবং আমাদের ঐতিহ্যের সঙ্গেও যায় না। এসব রান্না শেখার ব্যাপারে কারও আগ্রহ নেই বলেই সব রান্নার অনুষ্ঠান প্রচারের যৌক্তিকতা নিয়ে যথার্থভাবেই রান্নাবিষয়ক নাট্যাংশ ‘পাকশালা’ করা হয়েছে। যেসব শিল্পী এসব অনুষ্ঠানে গিয়ে গান করেন, তাদের প্রতিও ছিল যথার্থ কটাক্ষপাত। আর এখানেই ইত্যাদির স্বকীয়তা। অভিনেতা জাহিদ হাসানকে প্রতীকী চেকের সঙ্গে আমন্ত্রিত দর্শকদের নিয়ে অভিনয় অংশটুকু ছিল উপভোগ্য। ‘সাত ভাই চম্পা’ গানটির পরিবেশন ছিল অত্যন্ত সময়োপযোগী। সামপ্রতিককালে ঘটে যাওয়া নারীদের সম্ভ্রমহানির বিরুদ্ধে এটি ছিল একটি প্রতীকী প্রতিবাদ। ডিজিটাল মুদ্রাদোষ, ফেসবুকের মাধ্যমে পাওনাদারকে খুঁজে পাওয়া, মিছিলের ব্যবসা, ফেসবুকের মাধ্যমে আত্মপ্রচার নিয়ে মামা-ভাগ্নের আলাপচারিতা, নানী-নাতির বিশেষ সার্ভিস নিয়ে মিষ্টি ঝগড়া ছিল বেশ মজার। প্রতিটি পর্বেই ছিল চমৎকার কিছু বক্তব্য। আমাদের কিছু প্রচলিত নীতিকথা নিয়ে দলীয় সংগীতের মাধ্যমে চমৎকার কিছু বিষয় তুলে ধরা হয়েছে এবারের ইত্যাদিতে। দেশের জনপ্রিয় তারকা ডলি জহুর, নিমা রহমান, মীর সাব্বির, অহনা, প্রাণ রায়, আরফান অভিনীত নাটিকার মাধ্যমে ফেসবুকে হিন্দি সিরিয়াল ও কিছু মেয়ের বেপরোয়া চালচলনের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়েছে অত্যন্ত সার্থকভাবে। বরাবরের মতোই অসাধারণ হয়েছে বিদেশীদের পর্ব। পৃথিবীর বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষা-সংস্কৃতির মানুষদের মধ্যে বাংলাদেশের ভাষা সংস্কৃতির প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায় এ পর্বে। বিদেশীদের মাধ্যমে আমাদের গ্রামীণ জীবনের কিছু টুকরো চিত্রের অসাধারণ চিত্রায়ণ মুগ্ধ করেছে সবাইকে। একটি ছাগলের অন্যের ক্ষেতে ফসল খাওয়া এবং এর ফলে দুই গ্রামের মারামারি এবং গ্রামের মাস্টারের উক্তি- ‘ঐ মিঞা ছাগল কি বুঝে খেয়েছে, সে তো অবুঝ। কিন্তু তোমরা বুঝের মানুষ হয়েও কেন অবুঝের মতো কাজ করো? তোমরা তো ছাগলের চাইতেও খারাপ’। এর চেয়ে শিক্ষামূলক বক্তব্য আর কি হতে পারে? তারপর দুপক্ষই একত্রিত হয়ে চমৎকারভাবে বাঙালি ঢংয়ে শাড়ি পরে নেচে নেচে গাইছে- ‘আজ ফুলের মতন ফুটুক সবার মন, মালার মতন মানুষে মানুষে গাঁথা হোক বন্ধন’। তখন অন্যরকম এক অনুভূতিতে মনটা আচ্ছন্ন হয়ে যায়। এ বোধ দেশকে ভালবাসার, দেশের মানুষকে ভালবাসার। আর এখানেই ইত্যাদির সার্থকতা। এবারের ঈদ ‘ইত্যাদি’ শেষ হয়েছে অসাধারণ দৃশ্যায়নে এন্ড্রু কিশোরের গাওয়া চমৎকার বক্তব্যের একটি গান দিয়ে, যা প্রবাসীদের নিয়ে করা। যারা দিনরাত পরিশ্রম করে নিজের স্বজনদের টাকা পাঠান, দেশের অর্থনীতিকে করেন সমৃদ্ধ, অথচ ঈদের সময় মায়ের চোখে পানি। কারণ, ছেলে তার ছুটি পায়নি। প্রবাসের এমনি হাজারো যুবক এবং তাদের মায়ের কথাই যেন গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ গানটি দেখে অনুষ্ঠান শেষে সবাই হয়তো হয়তো অনেকক্ষণ বাকরুদ্ধ হয়েছিলেন। অন্তর দিয়ে উপলব্ধি করেছেন সেই মায়ের কান্না, আর প্রবাসীদের দুঃখভরা অনুভূতি। ধন্যবাদ হানিফ সংকেতকে এমন একটি অসাধারণ ‘ইত্যাদি’ উপহার দেয়ার জন্য। আর অভিনন্দন কেয়া কসমেটিকস লিমিটেডকে ইত্যাদির মতো এমন দারুণ একটি অনুষ্ঠানকে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দিয়ে যাওয়ার জন্য।