সড়কে প্রাণ গেল ৫৩ জনের সংঘর্ষে নিহত ১৯
ঈদের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। হতাহতদের বেশির ভাগই ছিলেন ঈদে ঘর বা কর্মস্থলমুখী যাত্রী। ঈদের আগে-পরে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিরাজগঞ্জ জেলায়। এ জেলায় চারটি দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। ঈদের পরদিন দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান ১৭ জন। এদিকে ঈদ ছুটিতে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতায় মারা গেছেন অন্তত ১৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। পারিবারিক বিরোধ, গ্রামভিত্তিক বিরোধ ও সম্পত্তি নিয়ে এসব সংঘর্ষ ও মৃত্যুর ঘটনা ঘটে।
সিরাজগঞ্জে দুর্ঘটনায় প্রাণহানি ৩০: সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ঈদের আগে ও পরে সিরাজগঞ্জে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ঈদের পরের দিন ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জন, ঈদের আগের দিন ৫ জন এবং এরআগে ১৬ই জুলাই একই পরিবারের ৩ জন ও ১৪ই জুলাই ৫ জনের প্রাণহানি ঘটে। এ সকল দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত শতাধিক ব্যক্তি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের পরের দিন রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকসহ ১৭ যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ৬০ জন যাত্রী। চট্টগ্রাম থেকে রংপুরগামী ‘সাবির পরিবহন’ এবং গাইবান্ধা থেকে ঢাকাগামী ‘আজাদ পরিবহন’ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় নিহতরা হলেন, আজাদ পরিবহনের চালক গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পার্বতীপুর গ্রামের মেনহাজ প্রধান (২৮), একই উপজেলার মোহাদিপুর গ্রামের লিটন (৪২), দুবলাগাড়ি গ্রামের মিলন (২২), গাইবান্ধা সদরের সবুজ (২০), বগুড়ার দুপচাচিয়া উপজেলার চামুর গ্রামের জিল্লুর রহমান (৪৬), শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের আবদুস সালাম (৫৪), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনমতপুর কৈপতপাড়ার চান বাবু (২২), চিরিরবন্দর উপজেলার পূর্ণতী গ্রামের বিপ্লব (২৩), রংপুরের মিঠাপুকুর উপজেলার পোড়াচাকলা কাশিমপুরের স্ত্রী গর্ভবতী মৌসুমী খাতুন (২০), পীরগাছার তাম্বুলপুরের রস্তম আলী (৮৫), বদরগঞ্জ উপজেলার নয়াপাড়ার আনোয়ারুল ইসলাম (১৯), কিশমত কাউলার আবদুল কারী (৪৫), একই উপজেলার সোনারায়ের মফিজুর রহমান (৫৪), তাম্বুলপুরের মাহবুব (৪১) ও গাইবান্ধার পলাশবাড়ির আমিনুল ইসলাম (২৫)। বাকি ২ জনের পরিচয় মেলেনি। জেলা প্রশাসন নিহতদের পরিবার প্রতি ১০ হাজার করে টাকা দিয়েছে। এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে (এডিএম) মহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়া উদ্দিন তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার বেনজন চাম্বু গং, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিজাম উদ্দিন ও বিআরটিএ’র সহকারী পরিচালক আশরাফ উজ্জামান। এদিকে, ঈদের আগের দিন বিকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বানিয়াগাঁতি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৫ জন নিহত ও অন্তত ২০ জন আহত হন। নিহতরা হলেন, গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী শিরিন খাতুন (২৮), একই উপজেলার গাড়িয়াপাড়ার জুয়েল রানার ছেলে নীরব (৬), গাইবান্ধা সদর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে শাহানা আকতার (১২) ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ফরিদা খাতুন (২২) ও হারুন অর রশিদের ছেলে আপেল (৩২)। অপরদিকে, ঈদের ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ১৬ই জুলাই বিকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মুলিবাড়িতে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি মারা গেছে। নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার শিমলা সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা এনজিও কর্মী বাবলু (৩৫), স্ত্রী মাহফুজা (২৫) এবং ৪ বছরের শিশুপুত্র মাশরাফি। এ ঘটনায় বাসটিসহ পাবনা সদরের চালক মঞ্জুর রহমান ও সহকারী আবদুল মজিদকে আটক করেছে। এর আগে ১৪ই জুলাই সকালে পাবনা-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া কবরস্থানের কাছে বাসের নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৫ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, সলঙ্গা থানার রানীনগর এলাকার আমজাদ হোসেন (৪৬), একই থানার তেলকুপি গ্রামের জাহাঙ্গীর মাস্টার (২৫), দত্তকোশা গ্রামের আশরাফুল ইসলাম (২৬), একই গ্রামের মাহমুদুল হাসান (৪০) ও অটোরিকশার চালক দাদুনপুরের বকুল হোসেন (২২)। এ ঘটনায় নিহত মাহমুদুলের স্ত্রী তানিয়া খাতুনও আহত হয়। এ ঘটনায় নিহত প্রতিজনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার ও আহত তানিয়ার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা প্রদান করা হয়। একটি অটোরিকশা বাসটিকে ওভারটেক করার পর সময় অটোরিকশাটি বাসের সামনে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এ চারটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ আহম্মেদ জানিয়েছেন।
বগুড়ায় মুক্তিযোদ্ধাসহ ৫ জন নিহত : ঈদের ছুটিতে বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ৫ জন নিহত হয়েছেন। ঈদের দিন মোটরসাইকেল যোগে নানা বাড়ি যাওয়ার পথে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের গোকুল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়। নিহতরা হলো- শহরের নিশিন্দারা মণ্ডল পাড়ার জুয়েল হোসেনের ছেলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের দশম শ্রেণীর ছাত্র শান্ত (১৬) এবং একই এলাকার ফজলে রাব্বীর ছেলে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র রিপন (১৪)। নিহতরা মামাতো ফুপাতো ভাই। ঈদের দিন সকাল ৯টায় মোটরসাইকেল যোগে তারা জয়পুরহাটে নানাবাড়ি বেড়াতে যাচ্ছিল। শুক্রবার সকাল ৬টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত শাহ আলম (৩০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়ামীর গ্রামের ফয়জার রহমানের ছেলে। গতকাল শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬৪) এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া ঈদের আগের দিন বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান বাস স্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন শিবগঞ্জ উপজেলার করতকোলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম (৬৫)। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
রংপুরে নিহত ৪, আহত ৫৩: স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, ঈদের ৩ দিনে রংপুরের বিভিন্ন স্থানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন। এ সময় আহত হয়েছে কমপক্ষে ৫৩ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদের আগের রাতে নগরীর উপকণ্ঠ বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ১ জন নিহত এবং ৩০ আহত হয়। একই দিন রংপুর থেকে বগুড়াগামী দুটি বাস নিজেদের মধ্যে ওভারটেক করতে গিয়ে পীরগঞ্জ এলাকার মাদারহাট এলাকায় দুর্ঘটনা কবলিত হয়। এ সময় বাসের ড্রাইভার ও হেলপারসহ দুজন নিহত এবং ৫ জন আহত হয়। ঈদের পর দিন নগরীর হাজিরহাট এলাকায় একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে এক অটোযাত্রী নিহত এবং ৩ জন আহত হয়। একই দিন কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে ১৫ যাত্রী আহত হয়।
মতিয়ারের তিস্তা ব্যারেজ দেখা হলো না: জলঢাকা সংবাদদাতা জানান, ঈদের দিন শনিবার দুপুরে বন্ধুদের নিয়ে গঙ্গা চড়া উপজেলার মশিউর রহমানের ছেলে মতিয়ার রহমান ও তার ৩ বন্ধু মিলে একটি মোটরসাইকেল যোগে তিস্তা ব্যারেজ অভিমুখে রওনা হয়। জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শিমুলতলা নামক এলাকায় এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান,পটুয়াখালী বাউফলে ময়ুরী ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দশমিনা উপজেলার বাশবাড়িয়া গ্রামের মকবুল গাজীর ছেলে শাহজাহান গাজী (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল-বগা সড়কের বিলবিলাশ নামক এলাকায় টমটম ও ময়ুরী দ্রুত গতিতে পার হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত শাহজাহানকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে নেয়ার সময় পথে মারা যান। এ সময়ে ছিয়ানুর (২০), তালহা (৩৫) ও নাজমাসহ (২৫) কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রামে মাদরাসা প্রভাষকের মৃত্যু: স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রামে এক সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম আলীয়া মাদরাসার প্রভাষক মিনহাজুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে রাতে কুড়িগ্রাম শহরের সরদার পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। পুলিশ সূত্রে জানা যায়, প্রভাষক মিনহাজুল ইসলাম ঘোগাদহ ইউনিয়নের চৈতের খামার জামে মসজিদের ঈদগা মাঠে শনিবার ঈদের নামাজ পড়ান। পরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মধ্যকুমোরপুর এলাকার মধ্যপাড়া নামক স্থানে দুপুর ২টায় একটি ছাগলের বাচ্চার সঙ্গে সংঘর্ষ হলে মাথায় জখম হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, প্রভাষক মিনহাজুল ইসলাম ৭ মাস আগে বিয়ে করে।
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১: হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ক্রীড়াবিদ ও ভিশন হোসেনপুর সমিতির সদস্য খোরশেদুল আলম মিলন (৩২) নিহত ও ২৩ জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে কটিয়াদী থেকে মোটরসাইকেল যোগে হোসেনপুর আসার পথে আচমিতা নামক স্থানে একটি মিনি বাস মোটরসাইকেল আরোহী খোরশেদুল আলম মিলন ও মাসুদ রানাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মিলনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপর আরোহী মাসুদ রানাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে বাস, মোটরসাইকেল এবং ইজিবাইক সংঘর্ষে সেনা সদস্য জুয়েল মিয়াসহ ২১ জন আহত হয়েছে।
ঈদের দিন মোটরসাইকেল আরোহী নিহত
নীলফামারী প্রতিনিধি জানান, ঈদের দিন বিকালে সড়ক দুর্ঘটনায় মশিউর রহমান (২৪) নামের এক যুবক নিহত এবং অপর তিনজন গুরুতর আহত হয়েছে। নিহত মশিউর রহমান রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। ঈদের দিন বন্ধুদের সঙ্গে তিস্তা ব্যারাজ এলাকা যাওয়ার সময় জলঢাকা-ডালিয়া সড়কের শিমুলতলী নামক স্থানে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল ও অটোরিকশা রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মশিউর রহমান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী ও অটোরিকশায় থাকা দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মীরসরাইয়ে বাস উল্টে নিহত ২: মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। আহতদের মীরসরাই উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতরা হলেন, ভোলা জেলার লালমোহন উপজেলার ভদ্রপাড়া এলাকার জামাল উদ্দিন প্রকাশ জামাল মেস্ত্রী (৩৫), একই উপজেলার চর-নুরুল আমিন এলাকার মোহাম্মদ হাসান (৪০)। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৬ই জুলাই) রাত ১২টার সময় চট্টগ্রাম থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস (নং ০৫-০১৮২) নিয়ন্ত্রণ হারিয়ে পাশে আইলেনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু ঘটে। বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
সাঁথিয়ায় কোচ-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১ : সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, রোববার রাত ৯টায় পাবনা- ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার গাঙ্গুহাটী নামক স্থানে পাবনাগামী কোচের সঙ্গে কাশিনাথপুরগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত মাইক্রোবাসের যাত্রী সাঁথিয়া উপজেলার হুইখালী গ্রামের হারান মীরের ছেলে আলো মীর (৪২)। আহত হয়েছে আর ৪ জন। স্থানীয়রা জানান রাত ৯টার দিকে পাবনাগামী কোচের সঙ্গে কাশিনাথপুরগামী মাইক্রোবাসের (ঘ-১১-০০০৩) সংঘর্ষে মাইক্রোবাসটি উল্টে গেলে কোচটি দ্রুত পালিয়ে যায়। এ সময় মুমূর্ষু অবস্থায় মাইক্রোবাসের যাত্রী আলো মীরকে হাসাপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান বলেন বাস পালিয়ে গেছে, মাইক্রোবাসটি হেফাজতে রাখা হয়েছে।
কটিয়াদীতে নিহত ১ আহত ১০: কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের আচমিতা নামক স্থানে দুর্ঘটনায় মিলন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দু’দিনে আরও অন্তত ১০ জন আহত হয়েছে। জানা যায়, ঈদের দিন মিলন মিয়া মোটরসাইকেলে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় আচমিতা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মিলন ও তার সঙ্গী মাসুদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন রাতে মারা যায়। নিহত মিলন হোসেনপুর সদরের আ.জব্বার মাস্টারের ছেলে। তাছাড়া ঈদ আনন্দে বেপরোয়া মোটরসাইকলে, সিএনজি ও টমটম দুর্ঘটনায় আহত ১০ জনকে কটিয়াদী ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দশমিনায় একই পরিবারে নিহত ১ আহত ৩: দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি জানান,পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একজন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার বেলা ১১টায় সড়ক দুর্ঘটনার এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা সদরের খান বাড়ির ৪ সহোদর ভাইয়ের ৪ ছেলে ঈদের দিন সকালে ২০০০ টাকায় মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে যায়। বাড়ি ফেরার পথে দক্ষিণ দাসপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনা স্থানেই একজন মারা যায়। এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা অপর তিনজনকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আওলাদ হোসেন মো. মজিবুর খানের একমাত্র ছেলে দশমিনা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ৯ম শ্রেণী পড়ুয়া ছাত্র মো. রেজাউল করিম খানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও শিল্পপতি মো. জাকির খানের ছেলে রিয়াদ খান ও হাবিবার খানের ছেলে নাসির খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত আকবর খানের ছেলে সবুজ খানকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বকশীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত: বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, বকশীগঞ্জে ইঞ্জিনচালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার বিকালে এই দুর্ঘটনা ঘটে। বকশীগঞ্জ কামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার তিনানীপাড়া ড্রাম ব্রিজ এলাকায় ভটভটির সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাসুদ তিনি মারা যান। মাসুদ বিশিষ্ট শিল্পপতি ও মুক্তিযোদ্ধা বাবুল চিশতীর বাড়ির নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার বকতিয়ারপুর গ্রামে। সে ইসরাফিল আলমের ছেলে।
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ত্রিশালের রাগামারা এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও ২ জন আহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে তিনজন নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে জানা যায়, নিহত শিশুর বয়স দশ বছর ও এক নারী রয়েছেন। তারা হাসপাতালে মারা যান। দুর্ঘটনাস্থলে অপর এক পুরুষ মারা গেছেন। নিহত ৩ জনই প্রাইভেটকারের যাত্রী। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সারা দেশে সংঘাত সহিংসতা নিহত ১৯, আহত দুই শতাধিক : ঈদের ছুটিতে সারা দেশে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎসবের বিপরিতে এসব ঘটনায় কমপক্ষে ১৯ ব্যক্তি খুন হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। তবে বেশি খুনের ঘটনা ঘটে নোয়াখালীতে। এখানে পৃথক দুই ঘটনায় চারজন খুন হন। হবিগঞ্জের লাখাইয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত এবং আহত হন অর্ধশতাধিক। নোয়াখালীর সোনাইমুড়ীতে ৩ ভাইকে হাত ও পায়ের রগ কেটে হত্যাকরে দুর্বৃত্তরা। এছাড়া উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে তারাকান্দায় চালককে জবাই করে সিএনজি ছিনতাই, সোনারগাঁয়ে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, শরীয়তপুরের জাজিরায় ১ জনকে কুপিয়ে হত্যা, বিশ্বনাথে অতিথি সেজে প্রবাসীর স্ত্রীকে হত্যা, আজমিরীগঞ্জে সংঘর্ষে নিহত ১, সীতাকুণ্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, অষ্টগ্রামে পালিত পুত্রের হাতে পিতা খুন, গাাইবান্ধায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন, রাণীনগরে জামায়াত শিবিরের হামলায় আওয়ামী লীগ নেতা খুন, নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী হাবিব খুন, মঠবাড়িয়ায় বলেশ্বরে জাল পাতাকে কেন্দ্র করে সংঘর্ষে গৃহবধূর মৃত্যু
বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়: হবিগঞ্জ থেকে জানান, লাখাইয়ে ফল কেনাকে কেন্দ্র করে রোববার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- সিংহগ্রামের কদর আলী, বকুল মিয়া ও শালদিঘা গ্রামের ইমরান মিয়া। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৪ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ জানায়, ওই উপজেলার তেঘরিয়া গ্রামের জাকির ঈদের আগের দিন পার্শ্ববর্তী সিংহগ্রামের শাহজাহানের দোকানে ফল কিনতে যান। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয়ের পক্ষে তাদের গ্রামের লোকজন সংঘর্ষের সিদ্ধান্ত নেয়। এ প্রেক্ষিতে টেঁটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রোববার সকাল ১০টায় এক গ্রামের লোকজন আরেক গ্রামের লোকজনকে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে উভয়পক্ষ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যে সংঘর্ষ আশপাশের কয়েক গ্রামে ছড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রথমে লাখাই থানা পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরে হবিগঞ্জ থেকে সহকারি পুলিশ সুপারসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করতে ৪১ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে আজমিরীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় রতন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখ্ত চৌধুরী জানান, ওই উপজেলার কামালপুর গ্রামের হারিছ মিয়া চুরির মামলায় কারাগারে আটক ছিল। তখন পার্শ্ববর্তী বাড়ির রতন মিয়া হারিছের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কারাগারে থেকে সে বিষয়টি জানতে পারে। সমপ্রতি সে জামিনে মুক্তি পেলে বিষয়টি নিয়ে রতনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এর জের ধরে শনিবার রাতে উভয়ের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে রতন মিয়া, হারিছের মা এলাছি বিবিসহ ৪ জন আহত হন। রোববার ভোরে রতন মিয়া মারা যান। পুলিশ হারিছসহ ৫ জনকে আটক করেছে।
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি জানান, বিশ্বনাথে অতিথি সেজে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও শাশুড়ীর ওপর হামলা করেছে দুষ্কৃতিকারীরা। হামলায় আহত প্রবাসীর স্ত্রী সুজিনা বেগম (১৯) হাসপাতালে মারা যান। রোববার উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর (পশ্চিমপাড়া খালপাড়) গ্রামের মৃত হাজী আবদুর রউফের বাড়িতে এঘটনা। নিহত সুজিনা বেগম মৃত হাজী আবদুুর রউফ মেয়ে ও যুক্তরাজ্য প্রবাসী মুরাদ আহমদের স্ত্রী। সুজিনার মা রেজিয়া বেগম গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন । গতকাল সকাল ১১টায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। ৫ মাস আগে জগন্নাথপুর উপজেলার সিরামিশি (সাতাল) গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর মুরাদ আহমদের সঙ্গে সুজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজিনা পিত্রালয়ে মায়ের সঙ্গে বসবাস করে আসছেন। রোববার রাত আনুমানিক ৮টায় অজ্ঞাতনামা ৪জন লোক আত্মীয় পরিচয়ে বাড়িতে প্রবেশ করে। তাদের হাতে ছিল একটি মিষ্টির বক্স। সুজিনার মা রেজিয়া বেগম এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা জানান তার (রেজিয়া) স্বামীর পূর্ব পরিচিত। এরপর তারা ঘরে প্রবেশ করে এবং রেজিয়া বেগম তাদের জন্য নাস্তা তৈরি করছিলেন। ওই সময় দুষ্কৃৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে রাজিয়া বেগম ও তার মেয়ে সুজিনা বেগমকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ সময় সুজিনার ভাই জহির উদ্দিন ঘর থেকে বের চিৎকার শুরু করলে আশপাশ বাড়ির লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সুজিনা বেগমের মৃত্যু হয়। বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে জানান, সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ সহোদরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ফাতেমা নামের এক নারীকে আটক করেছে। রোববার উত্তর কাজী নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- ও গ্রামের কাজীবাড়ির মোকছেদ উল্লাহর ছেলে মো. হারুন (৩৮), কামাল উদ্দিন (৩৪) ও মো. বাবলু (২৬)। আটককৃত ফাতেমা আক্তার (৩৫) একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে কাজীবাড়ির মসজিদের পাশের একটি ধান ক্ষেতের মধ্যে দু’গ্রুপে ভাগ হয়ে ফুটবল খেলছিল বাবলু, সাদ্দাম ও রাজুসহ এলাকার কয়েকজন যুবক। খেলায় বাবলু একটি গোল করলে অফসাইড দাবি করে সাদ্দাম গ্রুপের খেলোয়াডরা। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর মধ্যে বাবলুর প্রতিপক্ষের লোকজন তার বড় ভাই হারুনকে মোবাইল করে ঘটনাস্থলে নিয়ে আসে এবং সাদ্দাম, রফিক, রাজু, গোলাম মাওলা, আনোয়ার হোসেন, মিজান, নওশাদ, তাহের, মামুন, আবুসহ কয়েকজন একত্রিত হয়ে বাবলু ও হারুনকে এলোপাতাড়ি পিটাতে থাকে। খবর পেয়ে বাবলুর বড় ভাই কামাল উদ্দিন ঘটনাস্থলে এলে তারা তাকেও পিটাতে থাকে। হামলার হাত থেকে বাঁচতে তিন ভাই পাশের একটি ঘরে গিয়ে আশ্রয় নিলে ওই ঘর থেকে বের করে হারুনের হাত ও পায়ের রগ কেটে এবং তিন জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে বাবলু ও হারুনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা কামাল উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীর এসপি মো. ইলিয়াছ শরীফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফুটবল খেলা নিয়ে এ হামলার সূত্রপাত। তবে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকল্যা কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে মাথায় গুলিবিদ্ধ আহত যুবদল কর্মী হাবিবুর রহমান হাবিব মারা গেছেন। রোববার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত হাবিবুর রহমান হাবিব আমিশাপাড়া ইউনিয়নের বটগ্রামের সুজা মিয়ার ছেলে। সোনাইমুড়ী থানার ওসি হানিফ উল ইসলাম জানান, হাবিব নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়েছে বলে রাতে শুনেছি। তবে মৃত্যুর বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি।
বাগেরহাট প্রতিনিধি জানান, চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া বাজার এলাকায় গতকাল বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের টুঙ্গিপাড়া ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিতলমারী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার বড়বাড়ীয়া বাজার এলাকায় আওয়ামী লীগের বাদশা মেম্বার ও উজ্জ্বল মোল্লার গ্রুপ লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময়ে ৩ পুলিশসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে লিটন শেখ (২৬) নিহত হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রতনদী ক্যানটাকি গার্মেন্ট এলাকায় এক মাছ ব্যবসায়ীকে রোববার রাতে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার এসআই রেজাউল করিম জানান, যাত্রাবাড়ী ভোলা ফিসের মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম দেশের বিভিন্ন স্থানের আড়তে বাকিতে মাছ সরবরাহ করে থাকেন। রোববার বিকালে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার মাছের আড়তে মাছের পাওনা টাকা নেওয়ার জন্য আসেন। পরে মোগরাপাড়া চৌরাস্তার আড়ত থেকে ৬০ হাজার টাকা নিয়ে রাতে যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরে দুর্বৃত্তরা মাছ ব্যবসায়ী নজরুল ইসলামকে রাতে শ্বাসরোধে হত্যার পর ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। নিহত নজরুল ভোলাগঞ্জের লালমহন থানার রামগঞ্জ গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম বলেন, নিহতের গলায় ও কানে চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে ওই ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার পর রাস্তার ঢালুতে ফেলে যায় দুর্বত্তরা।
শরীয়তপুর সংবাদদাতা জানান, জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে । এ ব্যাপারে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জাজিরা হাওলাদার কান্দি গ্রামের শফিক হাওলাদার জানান, গ্রামের আলমগীর হাওলাদার আঃ রব হাওলাদার দের সঙ্গে একই গ্রামের খবির হাওলাদার আবদুর রহমান হাওলাদারদের মধ্যে বিরোধ চলছিল। রোববার খবির ও রহমান হাওলাদার সমর্থক আমির হোসেন হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার বাড়ি থেকে স্থানীয় দুববাডাঙ্গা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব-পরিকল্পিতভাবে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ খবির হাওলাদারের সমর্থক ২০/২৫ জন লোক আল আমিনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর হাওলাদার, আনোয়ার হোসেন আনু মাদবর, মিলন মুন্সী ও নূর হোসেনকে আটক করেছে। এ ঘটনায় মাসুদ হাওলাদার বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করেছেন।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, তারাকান্দায় ঈদের আগের দিন শুক্রবার রাতে চালককে জবাই করে দুর্বৃত্তরা সিএনজি ছিনতাই করেছে। উপজেলার রামপুর গ্রামের শ্রী নিপেন্দ্র চন্দ্র সিংহের পুত্র রিপন চন্দ্র সিংহ (৩০) বৃহস্পতিবার নিজস্ব সিএনজি নিয়ে বের হন। পরদিন দুপুরে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের পাশে উপজেলার কাকনী হাওড় এলাকায় জবাই করা লাশ পুলিশ উদ্ধার করে। নিহতের বড় ভাই লিটন চন্দ্র সিংহ লাশ শনাক্ত করেন। এ ব্যাপারে লিটন চন্দ্র সিংহ বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনার দায়ে উপজেলার গালাগাঁও ইউনিয়নের চরারকান্দা গ্রামের আবদুর রহিমের পুত্র ফারুককে (৩০) গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে পান্না আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে এঘটনা ঘটে। সীতাকুণ্ড মডেল থানার এসআই মাকছুদুর রহমান জানান, বারৈয়ারঢালা ইউনিয়নের রহমতনগর এলাকার আবুল হোসেন মিস্ত্রিবাড়ী থেকে পান্না আক্তারের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তার স্বামী সেকান্দর হোসেন বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে জানান, শহরের সরকার পাড়ায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাকে নির্যাতনের অপরাধে ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই রায়হান খান খুন হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ঈদের কেনাকাটা করার জন্য নেহাল উদ্দিনের বড় ছেলে রায়হান খান তার মা ইসরাত খানের কাছে টাকা দাবি করে। টাকা না থাকায় ছেলেকে টাকা দিতে অস্বীকার করায় সে তার মাকে মারপিট করে। এলাকার লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মাকে মারপিটের খবর পেয়ে ছোটভাই রাহুল খান ছুটে এসে বড়ভাই রায়হান খানকে তার বাড়ির পাশে নিয়ে এসে ছুরিকাঘাত করে। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে রায়হান খান মারা যান।
পাবনায় জুয়া খেলায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে ১ ব্যক্তি নিহত
স্টাফ রিপোর্টার পাবনা থেকে জানান, পাবনায় শিশুদের জুয়া খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মুনছের আলী (৪৭)। পাবনা সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকালে দক্ষিণ মাছিমপুর গ্রামের মুনছের আলীর ছেলে সোহেল (১৫) তার বন্ধুদের সঙ্গে পাঁচ টাকার কয়েন দিয়ে জুয়া খেলছিল। একই গ্রামের জনৈক আজগর আলী তাদের এ জুয়া খেলায় বাধা দেয় এবং সোহেলকে মারপিট করে। এ খবরে ক্ষুব্ধ সোহেলের ভাইসহ স্বজনরা আজগর আলীর বাড়িতে গিয়ে তাকে বেধড়ক মারপিট করে হুমকি দিয়ে আসে। এরপর রাত আটটার দিকে আজগর আলী ও তার লোকজন নিয়ে মুনছের আলীর বাড়িতে হামলা তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানে মুনছের আলী মারা যান । নিহত মুনছের দক্ষিণ মাছিমপুর গ্রামের মৃত আয়েন উদ্দিন শেখের ছেলে।
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে জানান, অষ্টগ্রামে মোতালিব নামে এক পালিতপুত্র তার পালক পিতাকে কুপিয়ে হত্যা করেছে। ঈদের দিন শনিবার বিকালে উপজেলার আদমপুর দরগাহাটি গ্রামে জমি নিয়ে ঝগড়ার একপর্যায়ে পালক পিতা আবদুুর রাজ্জাককে কুপিয়ে মারাত্মক আহত করে মোতালিব। রাজ্জাককে অষ্টগ্রাম হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি ঘটলে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আবদুর রাজ্জাকের মৃত্যু হয়। ঘটনার পর পরই এলাকাবাসী ঘাতক মোতালিবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নওগাঁ প্রতিনিধি জানান, রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বোহার গ্রামে রোববার সকালে প্রতিপক্ষের হামলায় আমজাদ হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। নিহত আমজাদ ওই গ্রামের কবেজ উদ্দিনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। মাত্র ২৫ শতক জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হমলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছে । এ ঘটনায় উত্তেজিত লোকজন জামায়াত নেতা মোজাফ্ফর হোসেনের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, চর পাথালিয়ায় আপন দুই ভাইয়ের মধ্যে জমি-জমা ভাগাভাগির পাশাপাশি বোনের হাত ধরার ঘটনার শালিস বৈঠক থেকে ধরে নিয়ে চাচাতো ভাই শাহিন মোল্লাকে দুই হাত কেটে বিচ্ছিন্ন করে ও দুই চোখ উপড়ে ফেলে তার মৃত্যু নিশ্চিত করেছে আপন বড় চাচা লায়েক মোল্লার ৩ ছেলে আরিফুল-শরিফুল ও রবিউল। এ সময় নিহত তুহিনের বাবা পুলিশ সদস্য শওকত মোল্লার দুই পা কেটে ফেলে এবং তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ সুপার মো. ইমরান হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সদর থানার চর পাথালিয়া গ্রামের পুলিশ সদস্য শওকত মোল্লার সঙ্গে আপন বড়ভাই লায়েক মোল্লার জমি-জমা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ১৮ই জুলাই লায়েক মোল্লার মেয়ে মনিকা নিহত তুহিনদের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। এ সময় তুহিন মনিকার হাত ধরে টান দেয়। মনিকা ও তার পাশে থাকা অন্যারা বিষয়টি মনিকার মায়ের কাছে বললে বিরোধ তুঙ্গে ওঠে।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি জানান, মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় শাহিনুর বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শাহিনুর উপজেলার জানখালী গ্রামের জেলে ফারুক শাহের স্ত্রী এবং ছোট মাছুয়া গ্রামের মোয়াজ্জেল হাওলাদারের মেয়ে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটমাছুয়া গ্রামের মোয়াজ্জেল হাওলাদারের ছেলে বশির ৪-৫ দিন আগে বলেশ্বর নদে মাছ ধরতে যায়। এ সময় প্রতিবেশী জেলে মহারাজ, সিদ্দিক ও বাবুলের সঙ্গে নদীতে আগে-পিছে জাল পাতার সিরিয়াল নিয়ে দুই গ্রুপে বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে শুক্রবার সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে ভাইকে বাঁচাতে এগিয়ে এলে শাহিনুরের মাথায় লাঠির আঘাত লেগে গুরুতর আহত হয়। গুরুতর আহত শাহিনুর বেগমকে শুক্রবার প্রথমে তুষখালী পরে বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় শাহিনুর বেগমের মৃত্যু হয়।
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি জানান, উপজেলার শিয়ালোড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে অটোচালক আমির হোসেন (৩০)কে খুন করে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের কেশমপাড় নামক স্থানে ফেলে দেয়। জানা যায়, ১৬ জুলাই আমির হোসেন বাড়ি থেকে বের হয়ে যায়। ১৭ জুলাই রাত আনুমানিক দেড় ঘটিকার সময় তার মৃত্যুর খবর বাড়িতে যায়। তার বড় ভাই কবির হোসেন বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি জানান, চিতলমারীতে ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত পুলিশের এসআইসহ কমপক্ষে আরো ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরচিংগুড়ি গ্রামের স্থানীয় ইউপি সদস্য বাদশা মিঞা শেখের সমর্থকদের সঙ্গে বড়বাড়িয়া গ্রামের মো. সিরাজ মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লার বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল দুপুর ৩ টায় বাদশা শেখের সমর্থককরা উজ্জ্বলকে রাস্তা থেকে ডেকে নিয়ে মারপিট করে। এ সময় বাদশা শেখের সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডার একপর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ত্রিমুখী সংঘর্ষে বড়ববাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কাশেম ও এএসআই হামিদুল শেখসহ ৫ পুলিশ সদস্য আহত হন।











