আরো ৫ হাজার বাংলাদেশিকে হজের সুযোগ দিচ্ছে সৌদি আরব
এ বছর বাংলাদেশ থেকে কোটার বাইরে অতিরিক্ত মানুষকে হজের সুযোগ দিতে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন সৌদি আরব। তবে কতজনকে এই সুযোগ দেওয়া হবে সেই সিদ্ধান্ত হবে আগামী কয়েকদিনের মধ্যে। এই ব্যাপারে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, খুব সম্ভবত ৫ হাজার অতিরিক্ত বাংলাদেশিকে হজে যাওয়ার সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সূত্র উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সৌদি আরব তাদের চিঠিতে জানায়, হজে গমনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত হজযাত্রীর বাইরে অপেক্ষমান অতিরিক্ত হাজিদের পাঠানোর জন্য ও তাদের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের অনুরোধেরপর সংসদীয় কমিটির সভাপতি সৌদি সফর করেন। এ সময় তিনি সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে মজলিশে শুরার সদস্য ও সৌদি ধর্ম মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। বিষয়টি বিবেচনার আশ্বাস দেন সে সৌদির ধর্মমন্ত্রী। এই বিষয়ে এ সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের প্রাপ্য কোটা অনুয়ায়ী এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জনসহ সর্বমোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী সৌদি আরবে গমন করতে পারবেন। আর কোটা বাড়ালে আরো ৫ হাজার হজযাত্রী বেশি যেতে পারবেন। এদিকে মুসলিমদের পবিত্র ধর্মীয় আচার হজ পালনের জন্য টাকা জমা দেওয়াদের মধ্যে ১ হাজার ৭২০ জনকে হজে যাওয়ার ছাড়পত্র দেয়নি পুলিশের বিশেষ শাখা (এসবি)। বাংলাদেশের ৯১ হাজার ৭শ’ ৫৮ আবেদনকারীর ব্যাপারে মাঠপর্যায়ে তথ্য যাচাই করে এসবি থেকে এদের ব্যাপারে আপত্তি জানানো হয়। ধর্ম মন্ত্রণালয় বেসরকারি ব্যবস্থাপনায় আবেদনকারী ৯১ হাজার ৭৫৮ জনের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের জন্য স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পুলিশের কাছে পাঠিয়েছিল। সরেজমিন যাচাই-বাছাই শেষে এসবি পুলিশ উপযুক্ত, অনুপযুক্ত, ঠিকানা ভুল এই তিন ক্যাটাগরিতে তালিকা করে সম্প্রতি হজ অফিসে জমা দেয়। বাংলাদেশের কোটা অনুযায়ী ১ লাখ ১ হাজার ৭৫৮ জনকে এবার হজ পালনে সৌদি আরব পাঠানো হবে। তবে নিবন্ধন করেও ৩০ হাজারের মতো হজযাত্রী কোটা না থাকায় সৌদি আরব যেতে পারছেন না। এদের মধ্যে টাকা জমা দেয়া ১০ হাজার মুসল্লিকে আগামী বছর অগ্রাধিকার ভিত্তিতে হজে পাঠানো হবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।











