শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

news-image

 এবারও 'সোনার হরিণ' অনেকের ভাগ্যে নেই
 

ঈদ করতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে এবার সড়ক ও রেলপথে তিন লক্ষাধিক মানুষ বিভিন্ন গন্তব্যে যাবেন। ইতোমধ্যে অর্ধশতাধিক রুটে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হচ্ছে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বিকেল ৫টা পর্যন্ত দেওয়া হবে ১৩ জুলাইয়ের টিকিট। এরপর ১০ জুলাই থেকে ১৩ জুলাই যথাক্রমে ১৪ থেকে ১৭ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ওই পাঁচদিনে প্রতিদিন ৯টি আন্তঃনগর ট্রেনের ৪ হাজার ১৭১টি করে টিকিট স্টেশন কাউন্টারে পাওয়া যাবে। ট্রেনে সীমিত আসনের বিপরীতে এবারও চাহিদা কয়েক গুণ বেশি হওয়ায় অনেকের ভাগ্যে জুটবে না টিকিট নামে সেই 'সোনার হরিণ'। গতকাল বুধবার ইফতারের আগে থেকেই অগ্রিম টিকিটের জন্য লোকজন লাইনে দাঁড়ানো শুরু করেন। জানা যায়, ঈদ উপলক্ষে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর ও নোয়াখালী রেলপথে ২৭টি ট্রেন বিভিন্ন গন্তব্যে যাবে। ১৩ জুলাই থেকে ঈদের ট্রেনের যাত্রা শুরু হচ্ছে। চলবে ১৭ জুলাই পর্যন্ত। এর মধ্যে রেলস্টেশনের নির্ধারিত বিভিন্ন কাউন্টারে আজ বৃহস্পতিবার থেকে ওই রুটগুলোতে চলাচলকারী ৯টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। এসব ট্রেনের মধ্যে প্রতিদিন (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর গোধূলী ৫২০টি, সুবর্ণ এক্সপ্রেস ৫২৫টি, তুর্ণা নিশিতা ৪৬৩টি, মহানগর প্রভাতী ৫৮টি ও চট্টলা এক্সপ্রেসের ৩২৪টি টিকিট বিক্রি হবে। চট্টগ্রাম-সিলেট রুটে বিক্রি হবে পাহাড়িকা এক্সপ্রেস ৩৬২টি এবং উদয়ন এক্সপ্রেস ট্রেনের ৩২০টি টিকিট। এছাড়া চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেসের ৬৩৩টি, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস ট্রেনের ৪৪৪টি টিকিট বিক্রি হবে। সব মিলে ৯টি আন্তঃনগর ট্রেনের আজ থেকে প্রতিদিন চট্টগ্রাম রেলস্টেশনে অগ্রিম টিকিট বিক্রি হবে ৪ হাজার ১৭১টি। এর বাইরে চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া বিশেষ ট্রেন 'চাঁদপুর স্পেশাল ১, ২'-সহ ১৮টি মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলাচল করবে। ঈদ উপলক্ষে মোট ২৭টি ট্রেনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে একমাত্র বিরতিহীন আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ছাড়া অপর ২৬টি ট্রেনে নির্ধারিত আসনের বাইরে স্ট্যান্ডিং (দাঁড়িয়ে) টিকিট বিক্রি হবে। ঈদে ট্রেনে কত মানুষ চট্টগ্রাম ছাড়বে জানতে চাইলে রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ গতকাল বুধবার দুপুরে কালের কণ্ঠকে বলেন, 'সাধারণত চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন বিভিন্ন ট্রেনে ১২ থেকে ১৪ হাজার যাত্রী যাতায়াত করেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৮৬টি অতিরিক্ত কোচ সংযোজনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কারণে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার যাত্রী চট্টগ্রাম থেকে যেতে পারবেন বলে আশা করছি।' তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আন্তঃনগর ৯টি ট্রেনের মোট টিকিটের ৭০ শতাংশ স্টেশনের কাউন্টার থেকে বিক্রি হবে। এছাড়া ২৫ শতাংশ টিকিট অনলাইনে এবং ৫ শতাংশ টিকিট কোটায় আছে। কোন ট্রেনের কত টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে তা স্টেশনের প্রবেশমুখসহ বিভিন্ন স্থানে নোটিশ আকারে দেওয়া হয়েছে। কালোবাজারি প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, 'কালোবাজারিদের কবল থেকে মুক্ত হয়ে লাইনে দাঁড়ানো সাধারণ যাত্রীরা যাতে নির্বিঘ্নে টিকিট কিনতে পারেন আমরা সেই ব্যবস্থা নিয়েছি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নজরদারিও থাকবে।' এদিকে ঈদে চট্টগ্রাম থেকে ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বৃহত্তর নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনা, কুড়িগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানের ৬৮টি রুটে দূরপাল্লার বাসে দুই লক্ষাধিক যাত্রী গন্তব্যে যাবেন বলে সংশ্লিষ্টরা জানান। ইতোমধ্যে ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত সড়কপথের অর্ধশতাধিক রুটে বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে ঈদের বাস চলাচল শুরু হবে। ১৭ জুলাই পর্যন্ত চলবে। রোজার শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত দূরপাল্লার বাসগুলোতে যাত্রী কম বলে মালিক ও শ্রমিক নেতারা জানান। ১২ জুলাই থেকে বাসে যাত্রী বাড়বে। বাসের অগ্রিম টিকিটের যাত্রী পরিবহন শুরু হচ্ছে ১৫ জুলাই। এ প্রসঙ্গে আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজী রুহুল আমিন গতকাল বুধবার কালের কণ্ঠকে বলেন, 'ঢাকা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ ১২/১৫টি রুট ছাড়া অর্ধশতাধিক রুটে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। অর্ধশতাধিক রুটে ১৫ জুলাই থেকে ১৭ জুলাইয়ের কোনো টিকিট নেই। যেসব রুটে টিকিট আছে তা অগ্রিম বিক্রি হয় না। ভ্রমণের দিন কাউন্টারে টিকিট হয়।' তিনি জানান, ঈদ উপলক্ষে চট্টগ্রাম মহানগরের কদমতলী, বিআরটিসি, বায়েজিদ বোস্তামী, দামপাড়া, ইপিজেড, অলংকার, পাক্কা রাস্তার মাথাসহ ১২/১৫টি স্থান থেকে দূরপাল্লার বাস ছাড়বে। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ হাজার যাত্রী ঈদে বাড়ি যাবেন। ১৫ থেকে ১৭ জুলাই তিনদিন দুই লাখের বেশি যাত্রী বাসে গন্তব্যে যাবেন।