এক দুঃখী রাজপুত্র
ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের সেই সন্ধ্যাটার কথা মনে আছে! মঞ্চের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। একপাশে জার্মান ফুটবলাররা বিশ্বজয়ের উল্লাস করছে আরেক পাশে ম্যাচেরানো-আগুয়েরোদের বিষন্ন মুখ। একবার একটু মুখ তুলে চাইলেন শিরোপাটির দিকে, মূহূর্তে বিশ্বের নানা প্রান্তের শত কোটি চোখ সেই মুখে আবিষ্কার করে ফেললো হতাশার স্রোতধারা। লিওনেল মেসির বিষন্ন সেই দৃষ্টিতে কী ছিল জানা নেই, কিন্তু সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর কাছে তার অনুবাদ হয়ে দাঁড়ালো প্রায় একই রকম- ‘কাছে এসেও খালি হাতে ফিরে যাওয়া।’ চিলির সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামের গত শনিবারের সন্ধ্যাটাও যেন বিনিসুতার মালায় গাঁথা পড়লো মাারাকানার সেই সন্ধ্যার সাথে। শুধু চ্যাম্পিয়ান জার্মানির বদলে চিলি, আর সবই একই রকম। এখানে পরাজিত সেই আকাশি-সাদা জার্সিধারীরা। বলা হয়ে থাকে একজন ফুটবলারের যা যা পাওয়া সম্ভব তার সবই তিনি পেয়েছেন। তবে সেই কথার সাথে ব্রাকেট বন্দী হয়ে আরো একটি কথাও চলে আসে- সব পাওয়া তো ক্লাবের হয়ে। নিজের দেশ, যার জার্সি গায়ে তোলা একজন খেলোয়ারের সারাজীবনের স্বপ্ন হয়ে থাকে সেই দেশের হয়ে তো তাকে বারবারই খালি হাতে ফিরতে হয়েছে। এখনও কিছুই পাওয়া হয়নি। অন্তত একদশক ধরে বিশ্ব ফুটবলের অবিসংবাদিত নেতা তিনি। তর্কসাপেক্ষে সর্বকালের সেরাও বলা হয়। তাবৎ ফুটবল বিশ্বকে নাচাচ্ছেন দুই পায়ের জাদুতে। একে একে দখলে নিচ্ছেন সব রেকর্ড। তাকে আটকানোর মন্ত্র খুঁজে খুঁজে হয়রা জাদরেল সব কোচ। ক্লাবের সেই সর্বজয়ী মেসিই যেন নিজেকে হারিয়ে খোঁজেন আকাশি-সাদা জার্সিতে। প্রথম দিকে ‘ক্লাবের মেসি আর জাতীয় দলের মেসি এক নয়’ এমন সমালোচনা থাকলেও তার জবাব দিয়েছেন নিজের পারফর্ম্যান্সে। আর্জেন্টিনার হয়েও যে তিনি সেরা তার প্রমান রেখেছেন অসংখ্যবার। গত বিশ্বকাপে বলতে গেলে একাই দলকে টেনে নিয়ে গেছেন ফাইনালে। কখনো গোল করে, কখোনো বা সতীর্থদের দিয়ে করিয়ে বের করে নিয়ে গেছেন একের পর এক ম্যাচ। সমালোচকদের বারবার জাতীয় দলের হয়ে নিজেকে প্রমাণ করার খোঁচা যেন শেষ হবে বলেই ধরে নিয়েছিল সবাই। আশায় বুক বাধতে শুরু করে আর্জেন্টাই সমর্থরাও। এবার হয়তো ঘুচরে ২৮ বছরের শিরোপ খরা। আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ দিয়াগো ম্যারোডোনার পর মেসিকে ঘিরেই যে সবচেয়ে বেশি স্বপ্ন দেখছে তার দেশ। ম্যারাডোনা পেরেছেন কিন্তু মেসি কি পারবেন?
ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মান ফরোয়ার্ড মারিও গেটসের সর্বনাশা গোলে পাওয়া গেছে সেই প্রশ্নের উত্তর। শিরোপার খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে খালি হাতে। নিজে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন ঠিকই, কিন্তু সে পুরস্কার হৃদয়ের জ্বালা আরো বাড়িয়েছে বৈ কমাতে পারেনি। কারণ ফুটবলে শিরোপাই যে শেষ কথা। আর একটা শিরোপার জন্যই তো তাকে সহ্য করতে হচ্ছে কত সমালোচনা। ম্যারাডোনার সাথে তুলনায় এই একটা জায়গায়ই যে পিছিয়ে মেসি। ম্যারাডোনা দেশকি দিয়েছেন অনেক কিছু, মেসি কিছুই না। বছর ঘুরতেই আবার এসেছে কোপা আমেরিকা। ল্যাটিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এবার। দারুণ ফর্মে দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি, তাই আবার স্বপ্ন দেখতে শুরু করে সমর্থকরা। তাদের স্বপ্নের রাজপুত্র হয়তো এই ট্রফিটা উপহার দেবেন তাদের। যথারীতি স্বপ্নের পথেই চলতে শুরু করে মেসি বাহিনী। গ্রুপ সেরা হয়ে ওঠে কোয়ার্টার ফাইনালে। টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে আবার দেখা হয় গ্রুপ পর্বের প্রতিপক্ষ প্যারাগুয়ের সাথে। এবার প্যারাগুয়েকে নিয়ে রীতিমত ছেলেখেলা করে আর্জেন্টাইন ফুটবলাররা। মেসির দুর্দন্ত প্লেমেকিং আর স্ট্রাইকারদের ফিনিশিংয়ে ৬-১ গোলের জয় পায় দল। নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে মেসি এদিন একাই করিয়েছেন তিনটি গোল।
ফাইনালে দেখা স্বাগতিক চিলির সাথে। শক্তির বিচারে নিশ্চিতভাবেই পিছিয়ে চিলি। কিন্তু তারা মাঠে বুঝিয়ে দিলো শিরোপ জিততেই নেমেছে। আর্জেন্টিনার দুর্বল রক্ষণভাগ ভেদ করে বারবার কাঁপন ধরিয়ে দিয়েছে সমর্থকদের মনে। তবে মেসি ছিলেন তার মতই। বারবার বল নিয়ে হামলে পড়েছেন চিলির রক্ষণে কিংবা সতীর্থদের তৈরি করে দিয়েছেন আক্রমণের উৎস। তবে কখোনো চিলির গোলরক্ষক কখনো ভাগ্য বঞ্চিত করেছে গোল থেকে। শেষতক সেটাই ছিল যেন নিয়তি। টাইব্রেকারে হেরে ধুলায় লুটালো শিরোপার আরো একটি স্বপ্ন। আর্জেন্টিনার মাঝমাঠের দুর্বলতার কারণে তার স্বাভাবিক স্ট্রাইকারসুলভ খেলা কখোনেই খেলতে পারেননি মেসি। দলের প্রয়োজনেই মাঝমাঠ দখলে রাখা আর আক্রমণভাগে বল সরবরাহের কাজটি করতে হয় তাকে। দলের রক্ষণভাগের চিরাচরিত দুর্বলতা তো আছেই। প্রতিটি টুর্নামেন্টেই এই দুর্বলতা মেনে নিয়েই চলতে হয় মেসিকে । তবুও কখনো এতটুকু দমে যান না ফুটবল জাদুকর। দেশের হয়ে শিরোপ জেতার জন্য নিজেকে শতভাগ উজার করে দেন প্রতিনিয়ত।
দেশের হয়ে একটি শিরোপা যে মেসির কাছে কত আরাধ্য তা তার কথাতেও ফুটে ওঠে। কোপা আমেরিকা শুরু হওয়ার আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দেশের হয়ে একটি শিরোপার জন্য ক্লাবের সব অর্জন বিসর্জন দিতে পারি।’ সব পাওয়া একজনে মুখ থেকে যখন এরকম কথা বের হয় তখন বুঝতে হবে মনে কতখানি ক্ষুধা, কতখানি অপ্রাপ্তি। নিজের প্রতিভা আর পরিশ্রমের কল্যাণে হয়তো ফুটবল বিশ্বকে শাসন করবেন আরো অনেক বছর। কিন্তু বারবার দেশের হয়ে খালি হাতে ফিরে যাওয়ার কষ্টটা কবে দূর হবে তা নিয়তিই ভালো বলতে পারে। আর নিয়তি যদি তার ভাগ্যে সারা জীবন এই ব্যর্থতাই লিখে রাখে সেটা হবে ফুটবল ইতিহাসের সবেচেয বড় ট্রাজেডি।











