শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাহফুজের যতো অপকর্ম

news-image

আমিরজাদা চৌধুরী : পুলিশের এএসআই মাহফুজুর রহমানের অপকর্মের হাতেখড়ি হয়েছিলো ব্রাহ্মণবাড়িয়াতেই। এখান থেকেই যাত্রা শুরু হয় তার মাদক ব্যবসার। ধর-ছাড় বানিজ্যেও ছিলো সে পারদর্শী। অর্থ কামানোর ধান্ধা ছিলো তার দিনরাতের কাজ। সন্ত্রাসীদের ডেরাতেই বেশীরভাগ সময় কাটতো এই এএসআই’র। অপকর্মের ওস্তাদ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় চাকুরীর অল্প সময়েই তার নাম ছড়িয়ে পড়ে। মাহফুজ বিয়েও করেছে ব্রাহ্মণবাড়িয়ায়। সদর উপজেলার বরিশল গ্রামে তার শ্বশুর বাড়ি। ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ গত ২০ শে জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলে ধরা পরার পরই তাকে নিয়ে আলোচনা শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ায়। এই মাহফুজ ব্রাহ্মণবাড়িয়ায় চাকুরী করে যাওয়া এএসআই মাহফুজ কিনা তা নিশ্চিত হতে চান তার হাতে হয়রানী-নির্যাতনের শিকার হওয়া এখানকার মানুষজন। এখানে নিরন্তর করা তার অপরাধ আলোচনা চলে আসে সামনে। জেলা পুলিশে খোজ নিয়ে জানা যায়- ২০০৯ সালের ১০ ই জুলাই ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলী হয়ে আসে মাহফুজ।

২০১১ সালের ৫ই নবেম্বর পর্যন্ত কর্মরত ছিলো সে সদর মডেল থানায়। এরপর নিজ থেকেই আবেদন করে চট্টগ্রাম রেঞ্জে বদলী হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার পাশেই কুমিল্লার মিরপুরের মকিমপুরে তার বাড়ি। বিভিন্ন সুত্রে জানা গেছে- ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করার পরই বিভিন্নস্থানে চেকপোষ্ট বসিয়ে সামারি করা ছিলো তার প্রধান কাজ। লোকজনকে হয়রানী করে নানা ভাবে টাকা আদায় করতো সে। শহরের কাজীপাড়ার জনৈক আজিজের বাসায় প্রথমে ভাড়া থাকতো মাহফুজ। এই বাসায় ভাড়া থাকার সুবাধেই শহরের চিহ্নিত সন্ত্রাসী আজিজের ভাতিজা আতিকের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। এছাড়া শহরের পৈরতলার সন্ত্রাসী লিংকনের সাথেও ছিলো তার খাতির। এ শ্রেনীর সন্ত্রাসীরা তার মদদেই ছিলো তখন বেপড়োয়া। আতিক অবশ্য গত প্রায় ২ বছর ধরে নিখোজ। ষ্টেশন রোড এলাকা ছিলো মাহফুজের বিচরণ ক্ষেত্রের অন্যতম। সেখানকার  চন্দ্রিমা হোটেল হয়ে উঠেছিলো তার সকল অপরাধের কেন্দ্রবিন্দু। এখানে বসেই সে মাদক ব্যবসা পরিচালনা করতো ।

সঙ্গীসাথীদের নিয়ে করতো মাদক সেবন। এ আড্ডায় জেলা ছাত্রলীগের সাবেক এক নেতাও থাকতো নিয়মিত হাজির। মাহফুজের সেল্টারে অসামাজিক কার্যকলাপ চলতো অবাধে এ হোটেলে। এসব ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক জন জানিয়েছেন- এই হোটেলের মালিক নূরু ছিলো তার বিশেষ খাতিরের লোক। একপর্যায়ে মাহফুজের আনা ইয়াবা বিক্রির সেলসম্যান হয়ে যায় নূরু। ৫০ পিস ইয়াবাসহ নূরু র‌্যাবের হাতে ধরাও পড়ে একবার। সুত্র জানায়- ব্রাহ্মণবাড়িয়া থাকার সময়ই চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে এসে বিভিন্নজনের কাছে বিক্রি করতো মাহফুজ। নূরু ছাড়াও কলেজপাড়ার আনিস,কসবার জিয়ার মাধ্যমে ইয়াবা বিক্রি করাতো সে এখানে। সেসময় কয়েক’শ পিস করে আনলেও ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলী হয়ে যাওয়ার পর  তা বেড়ে দাড়ায় হাজারে। হাজার হাজার পিস ইয়াবা ব্রাহ্মণবাড়িয়ায় সরবরাহ করতো সে। ভৈরব ও আশুগঞ্জে  ইয়াবা  সরবরাহ করতো মাহফুজ। তখন ৪০/৫০ হাজার পিস ইয়াবা যেত এই দু-উপজেলায়  তার মাধ্যমে ।

ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামের টেকনাফে বদলী হয় মাহফুজ। সেখান থেকে সঙ্গী সাথীসহ ইয়াবা নিয়ে প্রাইভেট কার বা মাইক্রো করে প্রতিমাসে  ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসতো মাহফুজ। সঙ্গে করে আনা ইয়াবার মোটা চালান নিজেই পৌছে দিয়ে যেত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পয়েন্টে। এসময় পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গেও স্বাক্ষাত করতো সে। তার এমনই এক বন্ধু জানান- যেসব লোক তার সঙ্গে আসতো তাদের দেখলেই ভয়ংকর বলে মনে হতো। চেহারা-হাবভাব এমন দেখেছি যে তাদের পক্ষে যেকোন কাজ করাই সম্ভব বলে মনে হয়েছে আমার কাছে। মুহুর্তেই  খুন খারাপি করে ফেলার লোক বলেই মনে হয়েছে মাহফুজের সঙ্গে আসা সেসব লোকদের। ষ্টেশন রোডের হোটেল মালিক নূরুর মাধ্যমেই মাহফুজ বিয়ে করে ব্রাহ্মণবাড়িয়ায়। নূরুর বাড়ি বরিশলেই তাকে বিয়ে করিয়ে দেয় সে। তার স্ত্রীর নাম কাকলী বলে জানা গেছে। নূরু হয় তার উকিল শ্বশুর। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে একটি সহ শহরে তার ২ টি বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। এরমধ্যে ভাদুঘরে বিছমিল্লাহ হাউজিং থেকে  ৫ শতক আয়তনের একটি প্লট কিনেছে বলে নিশ্চিত হওয়া গেছে। প্রতিশতক সাড়ে ৬ লাখ টাকা করে মোট সাড়ে ৩২ লাখ টাকায় এই জায়গাটি কিনে সে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশের এক কর্মকর্তা বলেন-তার বিরুদ্ধে চেকপোষ্ট বসিয়ে সামারি করার অভিযোগই ছিলো বেশী। লোকজনকে নানাভাবে সে হয়রানী করতো।