জনগণের ভয়ে সরকার নির্বাচন দিতে চায় না -খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের ভয়ে সরকার নির্বাচন দিতে চায় না। বিদেশীরা প্রত্যেকে বলছে, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। অতিদ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা উচিৎ। কিন্তু ক্ষমতাসীনরা এতো লুটপাট-চুরি-খুন-খারাবি করেছে যে, তারা মানুষের ভয়ে বিচারের ভয়ে আজ ক্ষমতা ছাড়তে চায় না। তারা জনগণের ভয়ে নির্বাচন দিতে চায় না। রাজধানীর হোটেল পূর্বানীর ‘জলসাঘর’ মিলনায়তনে জোট শরিক ইসলামী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন।তিন সিটি নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনগণের ক্ষোভের কথাও উল্লেখ করেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, মানুষ কিভাবে তাদের প্রত্যাখ্যান করবে তা সিটি নির্বাচনে শুধুমাত্র একটুখানি দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে। ওই নির্বাচন সুষ্ঠু হলে ভোটারা জবাব দিতো। খালেদা জিয়া বলেন, দেশটাকে সরকার কারাগারে পরিণত করেছে। সাধারণ মানুষ বলেন, আর রাজনৈতিক নেতা-কর্মীরা বলেন, তারা সকলে আজ বন্দি। অন্যদিকে আওয়ামী লীগের লোকজন যতই অত্যাচার-জুলুম-অনাচার-চুরি-ডাকাতি-খুন-খারাবি সব কিছু করুক না কেনো, তারা সবাই বহাল তবিয়তে আছে। তারা সবাই ফ্রি। বিচার বিভাগকে দলীয়করণের অভিযোগে আবারো তুলে তিনি বলেন, জনগণের ভরসা ছিলো বিচার বিভাগের ওপর। আজ একে দলীয়করণ করা ফলে সেখানে ন্যায়বিচার পাওয়া যায় না, সুবিচার পাওয়া যায় না। এখানে বিচার করা হয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ২০ দলীয় জোট বা অন্যান্য বিরোধীদল, তা বিবেচনা করে। বিএনপি ও ২০ দলের নেতা-কর্মী হলে তারা অপরাধ না করলেও অপরাধী হয়ে কারাগারে মরতে হয়। আর আওয়ামী লীগের লোকেরা আল্লাহ-নবী-রাসূলকে অপমান করুক, দেশের মানুষকে অত্যাচার করুক, খুন করুন, তারপরও তারা বিচারের ঊর্ধ্বে থাকে। তাদের ধরাও হয় না, তাদের জেল-জুলুমও হয় না।সাম্প্রতিককালে মানব পাচার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, গ্রামে আজ খাবার নেই, কাজ নেই। গ্রাম থেকে চাকরির লোভে যারা বিদেশে যাচ্ছে, তাদের পাচারের সঙ্গে আওয়ামী লীগের একটা দালাল চক্র জড়িত। এরসঙ্গে পুলিশও রয়েছে। তারা লোভ-ভয়ভীতি দেখিয়ে তাদের পাচার করছে। খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুুল লতিফ নেজামী ছাড়াও ছিলেন জাতীয় পার্টির কাজী জাফর আহমদ, বিএনপির নজরুল ইসলাম খান ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুুর রকীব, মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়েজুল্লাহ।জামায়াতে ইসলামের আমীনুল ইসলাম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএল’র সাইফুদ্দিন মনি, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, জমিয়তে উলামা ইসলামের মাওলানা শেখ মজিবুর রহমান ইফতার অনুষ্ঠানে ছিলেন।বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মীর মো. নাসির, মাহবুবউদ্দিন খোকন, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন।২০ দলীয় জোটের খন্দকার লুৎফর রহমান, মজিবুর রহমান মঞ্জু, শাহাদাত হোসেন সেলিম, গোলাম মোস্তুফা ভুঁইয়া, হামদুল্লাহ আল মেহেদি, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সৈয়দ মাহবুব হোসেন, আবুল মতিন সাউদ, মঞ্জুর হোসেন ঈসা, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুুর রশীদ মজুমদার, মুফতি তৈয়ব হোসাইন, মাওলানা আবুল কাশেম, অধ্যাপক আব্দুুল করীম, অধ্যাপক এহতেসাম সারোয়ার, মাওলানা জুবায়ের আহেমেদ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আলতাফ হোসাইন, হেফাজতে ইসলামের মাওলানা আবু তাহের জেহাদী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ আজাদী ইফতারে ছিলেন।এছাড়া পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সাবিনা মেহতা, সিনিয়র সাংবাদিক মোস্তুফা কামাল মজুমদারও ইফতারে ছিলেন।











