শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ডিজিটাল বাসগুলো এখন ‘অ্যানালগ’

news-image

বছর খানেক আগে মতিঝিলে বিআরটিসির বাস কাউন্টারে চোখে পড়ত লালরঙা বেশ লম্বা সংযুক্ত (আর্টিকুলেটেড) বাসের বহর। এখনো তাই দেখা যায়। তবে বাসগুলোর গায়ে সেঁটে থাকা কিউআর (কুইক রেসপন্স) কোডের স্টিকারগুলো উধাও। এর মানে হলো বাসগুলোতে এখন আর তারহীন ওয়াই-ফাই সংযোগ নেই। কবে আবার চালু হবে, তারও ঠিক নেই। জানা যায়, ওয়াই–ফাইয়ের জন্য থ্রিজি সংযোগের বিল বকেয়া থাকায় বাসগুলোতে তারহীন ইন্টারনেট চালু নেই। ২০১৪ সালের ১০ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ রাজধানীতে সাড়ম্বরে উদ্বোধন করেন ওয়াই-ফাই ও ভেহিকল ট্র্যাকিং সুবিধার ‘ডিজিটাল’ বাস৷ অ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচি ও আরবানলঞ্চপ্যাডের কারিগরী সহায়তায় শুরু হয় এই কার্যক্রম। এতে আর্থিক সহায়তা করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি—ইউএনডিপি ও ইউএসএআইডি।
প্রাথমিকভাবে গতবছর মতিঝিল-উত্তরা রুটে ১০টি এবং পরবর্তীকালে আরও ১৬টি সংযুক্ত ও দোতলা বাস বিআরটিসির এই বহরে যুক্ত করা হয়। মতিঝিল-উত্তরার পাশাপাশি মতিঝিল-বালুরঘাট রুটে যাত্রা শুরু করে ডিজিটাল বাস। তবে উদ্বোধনের কিছুদিনের মধ্যেই বাসগুলো ডিজিটাল তকমা হারায় বলে জানা যায়। বাসগুলো আবারও ‘অ্যানালগ’ হয়ে যায়। গত ২৮ জুন সরেজমিনে কয়েকটি বাসে উঠে ওয়াই-ফাই সংযোগ পাওয়া যায়নি। এ সময় মতিঝিল-উত্তরা-গাজীপুর রুটের বাসের চালক আর হেল্পারদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসের ওয়াই-ফাই সংযোগ প্রদানকারী রাউটারগুলো আর নেই। কেন নেই বা কোথায় সেগুলো, সে ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই। তাঁরা বলেন, আমরা চুক্তিভিত্তিক চালাই, এ ব্যাপারে কিছু জানি না। একই রুটের আরেকটি বাসের চালক জানান, বালুরঘাটের বাসগুলোতে ওয়াই-ফাই সংযোগ পাওয়া যেতে পারে। তবে মতিঝিল-বালুরঘাট রুটের একটি বাসেও একই অবস্থা দেখা যায়। বালুরঘাট রুটের একটি বাসের কন্ডাক্টর বললেন, ‘প্রথম এক-দেড় মাস ছিল, তারপর থেকে আর ওয়াই-ফাই নেই। এই রুটের ১০টি বাসের আটটিতে ওয়াই-ফাই সংযোগ দেওয়া হয়েছিল।’
এ রকম আরও চারটি বাসে চড়ে একই অবস্থা দেখা গেছে। এ সময় বাসের এক যাত্রী বলেন, ‘সে তো এক-দেড় মাস ছিল। তারপর থেকে তো আর দেখি না।’ এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক (প্রশাসন ও পরিচালন) ও যুগ্ম সচিব মো. শামছুল আলম বলেন, ‘এটা কারিগরি বিভাগের এখতিয়ারে, আমাদের এ ব্যাপারে কিছু বলার নেই।’ বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল এ আর মোহাম্মদ পারভেজ মজুমদার সোমবার প্রথম আলোকে প্রকল্পটির বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, ‘মানুষ ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার নিয়ে বাসে ইন্টারনেট ব্যবহার করছে, এমনটা দেখা যায়নি। বরং বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বাসগুলো দেওয়া আছে, সেগুলোতে এটা ভালো কাজে আসবে।’ বর্তমানে ডিজিটাল বাসগুলোতে কেন ওয়াই-ফাই সংযোগ নেই, এমন প্রশ্নের উত্তরে এ আর মোহাম্মদ পারভেজ মজুমদারবলেন, ‘ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য যে অপারেটরের (টেলিটক) সঙ্গে আমরা চুক্তিবদ্ধ, তাদের বিল পরিশোধ না করায় সংযোগ আপাতত বন্ধ আছে। গত এপ্রিলে ফাইলটি পাঠিয়েছি। চেয়ারম্যান অনুমোদন করেছেন। তবে টাকা ছাড় হয়নি। তবে ওয়াই-ফাই যন্ত্র নিয়ে কোনো সমস্যা আমাদের নেই।’ নেই ট্র্যাকিং ডিভাইস: ডিজিটাল বাস প্রকল্পের শুরুতে বাসগুলোতে ভেহিকল ট্র্যাকিং সুবিধা থাকবে এবং ওয়েবসাইটে www.urbanlaunchpad.org/brtc বাসের অবস্থান জানা যাবে বলা হলেও আদতে তা শুরুই হয়নি বলে জানালেন এ আর মোহাম্মদ পারভেজ মজুমদার। তিনি বলেন, এখনো ব্যাপারটা নীতিগত পর্যায়ে রয়ে গেছে। অনেক বড় অঙ্কের অর্থের দরকার। তবে খুব দ্রুত শুরু হবে এমনটা মনে হয় না। গতকাল বুধবার বিকেলে ওয়েবসাইটটিতে ঢুঁ মেরে মূল ওয়েবসাইটটির পরিবর্তে হোস্টিং প্রতিষ্ঠানের ওয়েবপেজ দেখা যায়।  

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা