শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে লিচুর ভালো ফলন ও দাম পাওয়ায় চাষীরা খুশি

news-image

রাঙ্গামাটি জেলায় এবছর সুস্বাদু ও মিষ্টি ফল লিচুর ভালো ফলন হয়েছে। এ ফলে চাষীরা লিচুর ন্যায্য দাম পাওয়ায় অত্যন্ত খুশি। মৌসুমি এ ফলে কম পরিশ্রমে অধিক ফলন ও ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকরা প্রতি বছরে আগ্রহী হয়ে উঠছে এর অধিক আবাদে। এছাড়া চাষীরা তাদের বাগান ও বসতবাড়ির আঙ্গিনায় ব্যাপকভাবে লিচুর আবাদ করছেন। আবাদকৃত দেশিজাতের গাছে এবারও ভালো ফলন হয়েছে। সঠিক পরিচর্যার মাধ্যমে লিচু গাছে ভাল ফলন আসে এবং চাহিদা থাকায় বেশ লাভবানও হচ্ছেন চাষীরা। বুধবার শহরের বনরুপা বাজার, রিজার্ভ বাজর, কলেজ গেইট বাজার ও তবলছড়ি বাজার ঘুরে দেখা যায়, বিক্রির জন্য বিভিন্ন জাতের লিচু সাজিয়ে বসেছেন ফল ব্যবসায়ীরা। খুচরা লিচু বিক্রেতা ও চাষী প্রিয়ময় চাকমা জানান, ‘আমরা বিভিন্ন উপজেলা থেকে আমাদের উৎপাদিত ফল লিচু বেশি দামে বিক্রি করার জন্য শহরের বিভিন্ন বাজারে নিয়ে আসি। তিনি জানান, এখানে লিচুর চাহিদা বেশি। কারণ এখানকার উৎপাদিত লিচু আকারে বড় এবং খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি হওয়ায় ক্রেতারা কিনতে আগ্রহী হন। অপর এক চাষী জানান, গত দুই বছরের তুলনায় এবছর লিচু ফলন ভালো হয়েছে এবং দামও পেয়েছেন ভাল। তিনি জানান, বাগানে এবছর চায়না-২ ও চায়না-৩ লিচু গাছে এবার ফলন ভালো হয়েছে। বাজারে খুচরা লিচু বিক্রেতারা জানান, তারা জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে চাষীদের কাছ থেকে পাইকারী দরে লিচু ক্রয় করে, তা শহরের বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করছেন। ভালো মানের লিচু প্রতি শ’ ২৫০ থেকে ৩শ’ টাকা দরে এবং দেশি জাতের (ছোট) লিচু প্রতি শ’ ৮০ থেকে একশ’ টাকা দরে বিক্রি হচ্ছে।