ইয়াবা চালানে জড়িত এসআই বিল্লাল ও আশিক এখনও ধরা পড়েনি
ফেনীতে গত ২০ জুন ৬ লাখ ৮০ হাজার পিচ ইয়াবার চালান নিয়ে পুলিশের এএসআই মাহফুজুর রহমানকে আটকের ঘটনা তদন্তের জন্য সিআইডির ডিআইজি সাইফুল হকের নেতৃত্বে গঠিত চার সদস্যের তদন্ত দল এখন কক্সবাজারে অবস্থান করছেন। মঙ্গলবার পুলিশের উচ্চ পর্যায়ের দলটি তদন্তের জন্য কক্সবাজারে এসে পৌঁছে বলে কক্সবাজার জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তদন্ত দল বুধবার কক্সবাজার জেলা পুলিশ অফিসে সারাদিন ব্যাপি জেলা গোয়েন্দা (ডিবি) অফিসের কর্মকর্তা ও কনষ্টেবলদের জিজ্ঞাসাবাদ করেছে।
গত ২৪ জুন পুলিশ সদর দপ্তর ইয়াবা ও মানব পাচারে জড়িত পুলিশ সদস্যদের খুঁজতে দুইটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির একটি হচ্ছে ফেনীতে আটক পুলিশ সদস্য সহ ইয়াবার চাঞ্চল্যকর ঘটনা তদন্তের জন্য। সিআইডির ডিআইজি সাইফুল হকের নেতৃত্বে গঠিত চার সদস্যের তদন্ত দলটির অপর তিন সদস্য হচেছন যথাক্রমে পুলিশ সদর দপ্তরের এআইজি (পিআইও) কাজী জিয়া উদ্দিন, ডিসিপ্লিন ও প্রফেশনাল ষ্ট্যান্ডার্ড শাখার সিনিয়র এএসপি আবদুস সালাম এবং ফেনীর এএসপি হেডকোয়ার্টার শাহরিয়ার আলম। এই দলটি কক্সবাজারে অবস্থান করে তদন্ত করছে। দশ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের কথা রয়েছে। অপরদিকে পুলিশের ষ্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত ডিআইজি তৌফিক মাহবুব চৌধুরীকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত দলটি পুলিশের কোন সদস্য পেশাগত মান থেকে বিচ্যুত হচেছ কিনা বা অন্য কোন অপরাধে জড়িত হচ্ছে কিনা-এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। এদিকে ফেনী থানা পুলিশের আরো একটি দল গত তিনদিন ধরে কক্সবাজারে অবস্থান করছেন পলাতক জেলা ডিবি অফিসের এস,আই বিল্লাল হোসেন ওরফে বেলাল দারোগার খোঁজে। ফেনী থানায় র্যাবের দায়ের করা ৬ লাখ ৮০ হাজার পিচ ইয়াবা পাচারের মামলায় আটক এ,এস,আই মাহফুজুর রহমানের সাথে কক্সবাজার ডিবি অফিসের এস আই বিল্লাল হোসেন এবং চট্টগ্রামের কুমিরা হাইওয়ে ফাঁড়ির এস, আই আশিককে আসামী করা হয়েছে। ফেনীর ইয়াবার চালান ধরা পড়ার সাথে সাথেই কক্সবাজারের এস, আই বিল্লাল হোসেন পালিয়ে যান। ফেনীর ইয়াবার চালান উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনার ১১ দিনেও এ,এস,আই আশিক এবং এস,আই বিল্লাল ধরা পড়েনি। কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ কালের কণ্ঠকে বলেন-‘কক্সবাজার ডিবি অফিস থেকে এস,আই বিল্লালকে চকরিয়া উপজেলার মাতামুহুরি পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়। গত ২০ জুন বিল্লাল কক্সবাজারের ডিবি অফিস থেকে মাতামুহুরি ফাঁড়িতে যোগ দেয়ার কথা বলেই গা ঢাকা দেন। তাকে ফেনীর ঘটনার পর পরই সাসপেন্ড করা হয়েছে।’ ফেনী থানা পুলিশের এই দলটি কক্সবাজার জেলার সম্ভাব্য বিভিন্ন স্থানে পলাতক এস,আই বিল্লালকে ধরার জন্য হানা দিয়েছে। সেই সাথে শহরের সার্কিট হাউজ সড়কের হাজী আমির আলী ম্যানসনে এস,আই বিল্লালের ভাড়া নেওয়া ফ্ল্যাটেও তল্লাশী চালিয়েছে। মাসিক ১৭ হাজার টাকায় ভাড়া নেওয়া এই ফ্ল্যাটটিতেই ইয়াবার ডেরা গড়ে তুলেছিলেন পুলিশের পলাতক এস,আই বিল্লাল সহ ইয়াবা সিন্ডিকেটের সদস্যরা। ফেনী পুলিশের দলটি কক্সবাজারে খুঁজছে পলাতক ডিবি পুলিশের এস,আই বিল্লালের কয়েকটি দামি মাইক্রোবাস ও প্রাইভেট কার এবং ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত কয়েকটি মোটর সাইকেলও।
জানা গেছে, কক্সবাজার ডিবি পুলিশের বদলি হওয়া প্রত্যেক উপ পরিদর্শক ও সহকারি উপ পরিদর্শকগন পরষ্পরের মধ্যে প্রতিযোগিতায় নেমেছিলেন কে কয়টা গাড়ীর মালিক হতে পারেন সেটা নিয়ে। কক্সবাজার ডিবি অফিসে অনেক কাঠ-খড় পুড়িয়ে যোগদান করার পর থেকেই পুলিশের কর্মকর্তারা উঠেপড়ে লেগে যান ইয়াবা ব্যবসায় প্রসারের জন্য। এমনকি কক্সবাজার ডিবি অফিসে পুলিশের সাথে গত বছরখানেক সময় ধরে বাংলাদেশ আনসারের যে তিনজন সদস্য ছিলেন তারাও এখন কোটিপতি। ২০০০ সালে দেশের পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরের সর্বহারা পার্টি থেকে এসব লোকজনকে আনসারের সদস্য করা হয়েছিল। এদেরই তিনজন সদস্য কক্সবাজার ডিবি অফিসে পুলিশের সাথে ইয়াবা অভিযানে অংশ নিয়ে এখন প্রত্যেকেই গাড়ি ও বাড়ির মালিক। কক্সবাজার ডিবি পুলিশের অফিস থেকে বিশেষ আনসারের আলোচিত এই তিন সদস্যকে ইতিমধ্যে অন্যত্র বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুল থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবা সহ পুলিশের এসবির এএসআই মাহফুজুর রহমান ও তার গাড়িচালক মো. জাবেদ আলীকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ সাত লাখ টাকা, চারটি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের আটটি ক্রেডিট কার্ড ও তিনটি মাদক বিক্রির টাকার হিসাবের নোটবুক উদ্ধার করে র্যাব। এ ঘটনার পর ইয়াবা পাচারের ঘটনায় পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। যার প্রেক্ষিতে পুলিশ সদর দফতর দুইটি পৃথক কমিটি ঘটনা করে বিষয়ের তদন্ত শুরু করে।
এদিকে, ফেনীতে সাত লাখ ইয়াবাসহ পুলিশের এক কর্মকর্তা আটকের ঘটনায় কক্সবাজারের একজন পরিদর্শককে ক্লোজড ও ১০ উপ পরিদর্শককে বদলি করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেনকে ক্লোজড করে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াবা মামলার আসামি বিল্লাল হোসেনকে ফেনী, উপপরিদর্শক (এসআই) একরামুল হককে খাগড়াছড়ি, উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ভূঞাকে রাঙামাটি, উপ পরিদর্শক (এসআই) মো. আমীরকে নোয়াখালী, কুতুবদিয়া থানার উপ পরিদর্শক (এসআই) এবিএম কামালকে রাঙামাটি, কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনকে চাঁদপুর, উপ পরিদর্শক (এসআই) মাসরুরুল হককে লক্ষ্মীপুর, মো. ফিরোজ আলমকে রাঙামাটি, টেকনাফ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেলিম ও উখিয়ার উপ পরিদর্শক (এসআই) সেলিমকে লক্ষ্মীপুরে বদলি করা হয়েছে।











