তদন্ত কমিটি গঠন জাতিসংঘে চিঠি যাচ্ছে
চট্টগ্রাম বন্দরে পাওয়া কোকেনের অধিকতর পরীক্ষা ও পরিমাণ জানতে সরকারের চিঠি যাচ্ছে জাতিসংঘে। ভোজ্যতেলের নামে মিথ্যা ঘোষণায় আসা ১০৭ ড্রাম তেলের একটিতে মাদক জাতীয় দ্রব্য কোকেনের অস্তিতের প্রমাণ পাওয়ায় সরকার চিঠি দিচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমে (ইউএনওডিসি)। অর্থমন্ত্রীর সম্মতি পেলেই জাতিসংঘের এই সংস্থাটিকে চিঠি দেবে এনবিআর। পরে ভারতে ইউএনওডিসি'র আঞ্চলিক অফিসের অধিকতর পরীক্ষাগার বা ফরেনসিক ল্যাবে এই কোকেনের প্রকৃত পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কাস্টমস। এনবিআরের একাধিক শীর্ষ কর্মকর্তা জানান, ভোজ্যতেলের নামে মিথ্যা ঘোষণা দিয়ে আসা ১০৭ ড্রামে কী পরিমাণে কোকেন আছে, তা জানে না শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ওই ড্রামগুলোর সব তরলের মধ্যে পুরোটা কোকেন নয়। তাই কোকেনের অধিকতর পরীক্ষা ও পরিমাণ জানতে এই বিষয়ে বিশেষভাবে পারদর্শী জাতিসংঘের মাদক ও অপরাধ বিভাগ ইউএনওডিসি-কে চিঠি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এ বিষয়ে একটি সারসংক্ষেপ অর্থ মন্ত্রণালয়ে ইতিমধ্যে পাঠানো হয়েছে। এই সারসংক্ষেপে ইউএনওডিসি-কে চিঠি পাঠানোর জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সম্মতি চাওয়া হয়েছে। মন্ত্রীর সম্মতি পেলেই ইউএনওডিসিকে আনুষ্ঠানিক ভাবে চিঠি পাঠাবে এনবিআর। জানা গেছে, ইউএনওডিসির ঢাকা কার্যালয়ে কর্মরত আছেন মাত্র দুজন কর্মকর্তা। এখানে মাদক জাতীয় দ্রব্য পরীক্ষার জন্য নেই কোনো কারিগরি ও দক্ষ পরীক্ষাগার। অথচ এই অফিসটির কাজই হলো মাদক ও অপরাদ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশকে সহায়তা করা। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরে পাওয়া কোকেন নিয়ে বাংলাদেশ সরকার ইউএনওডিসির সহায়তা চাইলে, সংস্থাটি তাদের সদরদফতরের নির্দেশনা অনুযায়ী উদ্যোগ নেবে। এক্ষেত্রে ভারতে অবস্থিত ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের ফরেনসিক ল্যাবে ওই কোকেনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ প্রসঙ্গে ইউএনওডিসির ঢাকা কার্যালয়ের কো-অর্ডিনেটর কামরুল আহসান বলেন, চট্টগ্রাম বন্দরে কোকেন পাওয়ার বিষয়টি গণমাধ্যমে জেনেছি। এখনো সরকারের আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার কোনো সহায়তা চাইলে ইউএনওডিসির সদরদফতরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এনবিআর সূত্রের তথ্যমতে, আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে সান ফ্লাওয়ার ভোজ্যতেল হিসেবে চট্টগ্রাম বন্দরে আসা ১০৭ ড্রাম তেলের একটিতে কোকেনের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। ড্রাম থেকে সংগৃহীত নমুনা ঢাকায় দুটি পরীক্ষাগারে পুনঃপরীক্ষায় তরল কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। এর আগে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের করা পরীক্ষায় কোকেনের প্রমাণ না মেলায় পুলিশ প্রশাসনের অধিক আগ্রহে ওই তরল পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়। পরে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিচার্স (বিসিএসআইআর) এবং বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে তরলের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ক্রমানুসারে ৯৬ নম্বর ড্রামে থাকা ১৮৫ কেজি তরলে এক-তৃতীয়াংশ কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে। এই কোকেনের প্রতিকেজি ৫০ কোটি টাকা মূল্য হিসেবে, আনুমানিক মূল্য দাঁড়ায় ৩ হাজার কোটি টাকা। এর আগে সানফ্লাওয়ার অয়েল ঘোষণা দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে কনটেইনারটি আমদানি করে চট্টগ্রামের খান জাহান আলী লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ জুন চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর ইয়ার্ডে থাকা কনটেইনারটি আটক করে সিলগালা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। পরদিন ৮ জুন গোয়েন্দা পুলিশ, শুল্ক গোয়েন্দা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী, কাস্টমসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে কনটেইনারে থাকা ভোজ্যতেলের কায়িক পরীক্ষা হয়। প্রাথমিক পরীক্ষায় ১০৭টি তরল ড্রামের কায়িক পরীক্ষায় তরল কোকেনের নমুনা ধরা পড়েনি। জানা গেছে, সানফ্লাওয়ার তেলবাহী আটক কনটেইনারটি চীন থেকে পাঠানো হয় বলিভিয়ার মন্টিকন বন্দরে। এরপর সেখান থেকে এটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর এবং সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আসে। চালানটির রপ্তানিকারক বলিভিয়ার সান্তা ক্রুজ কোম্পানি থেকে খাতুনগঞ্জের নবী মার্কেটের খান জাহান আলী লিমিটেডের নামে সূর্যমুখী তেলের চালানটি আমদানি হয়। তদন্ত কমিটি গঠন : চট্টগ্রাম বন্দরে সানফ্লাওয়ার তেলের একটি ড্রামে কোকেন পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদকে প্রধান করে গতকাল চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিন অন্য সদস্যরা হলেন- শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক জাকির হোসেন, সহকারী পরিচালক ওমর ফারুক ও সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুর রহমান। অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, 'কোকেন চোরাকারবারির সঙ্গে দেশি-বিদেশি কারা জড়িত, খান জাহান আলী লিমিটেড-এর নামে যে চালানটি এসেছিল তার আটক কর্মচারী আবদুল আজিজ সোহেলের সঙ্গে কারা জড়িত, এর বিনিয়োগকারী কারা, কনটেইনারটি চট্টগ্রামে খালাস না করে তৃতীয় কোনো দেশে নেওয়ার চেষ্টা হয়েছিল কি না- এসব বিষয় তদন্ত কমিটি খুঁজে বের করবে। আশুলিয়ায় এক কেজি কোকেনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার : ঢাকার অদূরে আশুলিয়ায় আফগানিস্তানে প্রস্তুতকৃত এক কেজি ওজনের কোকেনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে বলিভদ্র বাজার এলাকায় কোকেন বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। আটকরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর গ্রামের আবদুর রশিদের ছেলে শফিকুল ইসলাম শরিফ (৪০) ও গাজীপুর সদর থানার কোনাবাড়ী এলাকার পরশ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০)। পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা বলিভদ্র বাজার এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে দেখতে পান কোকেন ব্যবসায়ী শফিকুল ও সিরাজুল ঢাকা থেকে আসা মাদক ক্রেতাদের জন্য শমসের প্লাজার সামনে অপেক্ষা করছেন। তখন একটি চামড়ার ব্যাগে কোকেনসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ঢাকা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (আশুলিয়া সার্কেল) নাজমুল হাসান জানান, পুলিশের একটি দল গ্রেফতারকৃতদের অনুসরণ করার সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশি করে আফগানিস্তানে প্রস্তুতকৃত চামড়ার ব্যাগসদৃশ এক কেজি ওজনের একটি কোকেনের প্যাকেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। পুলিশের ধারণা, পুলিশ তাদের অনুসরণ করছে এমনটি টের পেয়ে ঢাকা থেকে কোকেন কিনতে আসা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা হয়েছে।











