কোকেনের চালান যেভাবে আটক হয়
চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানে ভয়ঙ্কর মাদক 'কোকেন' থাকার বিষয়টি জব্দের সাত দিন আগে পুলিশের বিশেষ শাখাকে (এসবি) অবহিত করেছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। ২৯ মে টেলিফোনে পাওয়া এ বার্তাটি এসবির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি সঙ্গে সঙ্গে শুল্ক গোয়েন্দা সংস্থাকে অবহিত করেন। মূলত তার দিকনির্দেশনায় এসবি এবং শুল্ক গোয়েন্দা সদস্যরা যৌথভাবে শুরু করে গোয়েন্দা কার্যক্রম। পুরোপুরি নিশ্চিত হওয়ার পর ৬ জুন আনুষ্ঠানিক অভিযান শুরু হয় বলে জানিয়েছে একাধিক সূত্র। অন্যদিকে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যে পাওয়া চালানের অন্যতম হোতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের ব্যাপারে তথ্য বাংলাদেশের পক্ষ থেকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরীক্ষায় ১০৭টি ড্রামে কোকেনের অস্তিত্ব ধরা না পড়ায় কিছুটা সময়ের জন্য হতাশ হয়ে পড়েন গোয়েন্দারা। তবে হাল ছাড়েননি এসবির প্রধান। সর্বশেষ বিসিএসআইআর এবং ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির পরীক্ষায় মেলে কোকেনের অস্তিত্ব। আবিষ্কৃত হয় দেশের ইতিহাসে সবচেয়ে বড় 'কোকেন' চালান। আটক করা হয় চালান খালাসের জন্য বন্দরে আসা খানজাহান আলী লিমিটেডের মোস্তফা কামালকে। এ ব্যাপারে জাভেদ পাটোয়ারি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেন চালান। তাই পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে। তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এটা আমার দায়িত্ব। দেশকে মাদকের রুট হতে দেওয়া যায় না। আমি শুধু আমার কাজটিই করে যেতে চাই। জানা গেছে, উরুগুয়ের মন্টিভিডিও বন্দর থেকে অপরিশোধিত সূর্যমুখী ভোজ্যতেলের চালানটি গত ৮ মে চট্টগ্রাম বন্দরে এসে পেঁৗছায়। আমদানি চালানের তথ্য অনুযায়ী, আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেড। এই তেল উরুগুয়ের বন্দর থেকে জাহাজিকরণ হলেও তা এসেছে বলিভিয়া থেকে। মাত্র একটি কনটেইনারের ভিতর ১০৭টি ড্রামে করে এই তেল আমদানি করা হয়। প্রতিটি ড্রামের ধারণ ক্ষমতা ১৮৫ কেজি। কনটেইনারটি বন্দর চত্বরে নামানো হয় ১২ মে। ৮ জুন বন্দর চত্বরে তেলের নমুনা পরীক্ষা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তখন মাদক শনাক্ত না হলেও উন্নত পরীক্ষার জন্য বিসিএসআইআর ও ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়। গত শনিবার শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, চালানের একটি নমুনায় তরল কোকেনের উপস্থিতি শনাক্ত হয়েছে। গোয়েন্দা সূত্র জানায়, বন্দরে আসা চালানটি খালাস করার জন্য আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেড কাস্টমসে কোনো নথিপত্র জমা দেয়নি। ৬ জুন পুলিশ কনটেইনারটি জব্দ করতে শুল্ক গোয়েন্দাদের সহায়তা নেয়। একই সঙ্গে আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মী গোলাম মোস্তফাকে আটক করে। ওই দিনই কনটেইনারটি জব্দ করা হয়। তবে চালানটি খালাসে আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মীর সঙ্গে যোগাযোগ করেছিলেন মোস্তফা কামাল। তার মামাতো ভাই বকুল মিয়া যুক্তরাজ্যের নাগরিক। ১ জুন তিনি তাকে আতিকুর রহমানের সঙ্গে আলাপ করে সূর্যমুখী তেলের চালানটি খালাসের অনুরোধ করেন। এ জন্য তার কাছে নথিও পাঠানো হয়। পরে তারা জানতে পারেন, ঋণপত্রসহ প্রয়োজনীয় অনেক নথি না থাকায় চালানটি খালাস করা যাবে না। এটি তার ভাইকেও জানানো হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গোলাম মোস্তফা জানান, লন্ডন থেকে তার এক আত্দীয়ের পরামর্শে চালানটি খালাসের দায়িত্ব নেন তিনি। এ জন্য ঢাকা থেকে দুই ব্যক্তি তাকে কিছু নথি পাঠান। তারা হলেন মোস্তফা কামাল ও আতিকুর রহমান। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এ চালান আমদানির বেশ কিছু নথিপত্র, ই-মেইলে যোগাযোগের নথি আমাদের হাতে আছে।











