শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা

news-image

বাংলাদেশিসহ দ্বীপরাষ্ট্রো বাহরাইনে অবৈধ বসবাসকারী কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার এ সুযোগ থাকছে। এ সময়ে সে দেশে বসবাসকারী বাংলাদেশিরা কোনো জরিমানা ছাড়াই দেশে ফিরে যেতে পারবেন। সোমবার বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির (এলএমআরএ) ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি  দেওয়া হয়। এতে বলা হয়,  যেসব বাংলাদেশি কর্মীর বিরুদ্ধে পুলিশি বা ফৌজদারি মামলা রয়েছে বা যাদের বিরুদ্ধে সরকার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা এ সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় পড়বেন না। যেসব বাংলাদেশি অভিবাসী এ সময়ের মধ্যে নতুন চাকরিদাতার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চান, তারা আগের চাকরিদাতার অনুমতি নিয়ে তা করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত তাদের মানতে হবে। খবর ট্রেড আরাবিয়া ও গালফ ডিজিটাল অনলাইন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি কর্মীরা বাহরাইন সরকারের এ সাধারণ ক্ষমা ঘোষণার সবচেয়ে বেশি সুবিধা নিতে পারবেন। কেননা সে দেশে বিদেশি অবৈধ কর্মীদের মধ্যে ৮০ শতাংশই বাংলাদেশি নাগরিক। সেখানে বাংলাদেশ দূতাবাস সূত্রে বলা হয়, বাহরাইনে বর্তমানে এক লাখ ১৫ হাজার বাংলাদেশি অভিবাসী রয়েছেন। এর মধ্যে ৩৬ হাজার ৫৭২ জন অবৈধ বলে ধারণা করা হচ্ছে। এ দ্বীপরাষ্ট্রটিতে মোট জনসংখ্যা সাড়ে ১৩ লাখ। এলএমআরএ সংস্থার প্রধান নির্বাহী অসামাহ আলি আবসি জানান,  সাধারণ ক্ষমা ঘোষণার মেয়াদ শেষ হলে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হবে। তার মতে,  প্রায় ৬১ হাজার অবৈধ বিদেশি কর্মী বাহরাইনে অবস্থান করছেন। তিনি বলেন, যাদের পাসপোর্ট কর্মস্থলে আটকে রাখা হয়েছে তারা এ সময় তাদের পাসপোর্ট ফেরত পাবেন। আবসি বলেন,  এর মাধ্যমে যারা অনেক দিন থেকে অবৈধভাবে এখানে থাকছেন, তাদের কেউ যদি বাংলাদেশে ফেরত যেতে চান, তারা নির্বিঘ্নে  ফিরতে পারবেন। বাহরাইন সরকার তাদের কালো তালিকাভুক্ত করবে না। তিনি বলেন,  সাধারণত অবৈধভাবে বাহরাইনে অবস্থানকারীদের দেশে ফেরত পাঠানো হলে তাদের কালো তালিকাভুক্ত করা হয়ে থাকে। তারা আর কখনোই দেশটিতে প্রবেশের অনুমতি পান না।