অদম্য দশ মুসলিম নারী, হাসিনা তৃতীয় খালেদা চতুর্থ
বিশ্বজুড়ে মুসলিম বিদ্বেষ ও ভুল বুঝাবুঝির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ম্যাগাজিন ‘ব্রাউন গার্ল’ বর্তমান বিশ্বের অদম্য শীর্ষ দশ মুসলিম নারীকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।
এই প্রতিবেদনের যৌক্তিকতা সম্পর্কে ম্যাগাজিনটি বলেছে, বিশ্বে মুসলিম নারীকে ‘নির্যাতিত’ বা ‘অধিকতর নির্যাতিত’ হিসেবে উপস্থাপন করা হয়। অথচ বাস্তবতা হচ্ছে অন্য ধর্মের নারীর মতো মুসলিম নারীরাও আজ পিছিয়ে নেই। তারা তাদের যোগ্যতার বলে রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ম্যাগাজিনটি বিশ্বের শীর্ষ দশ অদম্য মুসলিম নারীর যে তালিকা তৈরি করেছে, তাতে বাংলাদেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়া যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন। ম্যাগাজিনটির রোল অব অনার হচ্ছে :
বেনজির ভুট্টো : পাকিস্তানের ১১তম ও দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। একই সাথে তিনি মুসলিম বিশ্বেরও প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তিনি প্রথম মেয়াদে ১৯৮৮-৯০ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৩-৯৬ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
মেঘবতী সুকর্ণপত্রী : মুসলিম এ নারী ২০০১-০৪ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
শেখ হাসিনা : বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯৬- ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
খালেদা জিয়া : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় গণতান্ত্রিক দেশের সরকার প্রধান হিসেবে নির্বাচিত হন। তিনি প্রথম মেয়াদে ১৯৯১-৯৬ সাল পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ২০০১-০৬ সালে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আতিফিতে জাহজাগা : কসোবোর বর্তমান নারী প্রেসিডেন্ট আতিফিতে জাহজাগা । তিনি কসোবোর প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট। বলকান অঞ্চলের প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট তিনি। একই সাথে তিনি বিশ্বে সর্বকনিষ্ঠ নির্বাচিত প্রেসিডেন্টের তালিকায় নিজের নাম লেখান।
তানসু সিলার : তুরস্কের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী তানসু সিলার। শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ এই নারী ১৯৯৩-৯৬ পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মামি বদিউর বউয়ি : মুসলিম নারী বউয়ি ২০০১-২০০২ সালে সেনেগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আমিনেতা তোরে : সেনেগালের অন্য একজন নারী প্রধানমন্ত্রী আমিনেতা তোরে। ২০১২-১৪ সালে সেনেগালের প্রধানমন্ত্রীর আসনে তিনি অধিষ্ঠিত হন।
সাইজি মরিয়ম কায়দামা সিদিবি : মালির এ মুসলিম নারী শিক্ষাবিদ অধ্যাপক সিদিবি নামে পরিচিত। শিক্ষাবিদ থেকে রাজনীতিবিদে পরিণত হয়ে মালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০১১ সালে। তিনি ২০১১-১২ সালে মালির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সিদিবি মালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।











