জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঠাকুরগাঁওয়ে ১
জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শিমলতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক ফরিদ মন্ডল (৫০) ও যাত্রী খন্দকার আব্দুল মান্নান (৬৫)। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সকালে জয়পুরহাট-বগুড়া সড়কের শিমুলতলী নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা ও জয়পুরহাটগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অন্যদিকে বাসটি রাস্তার পাশে হেলে পড়লে ১৮ যাত্রী আহত হন। আহতদের কালাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালাইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে।
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে পাঁচজন আহত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার বাগের হাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোবাইকটি গড়েয়া থেকে ৬জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। ওপর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর বাগের হাট নামকস্থানে পৌঁছলে মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটে। এতে ঘনটাস্থলেই হজরত আলী (৩৬) নামে অটোবাইক চালক মারা যান। পরে আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার এসআই আতিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।











