চারদেশের মধ্যে যানবাহন চলাচলে পূর্ণ সুবিধা পাবে ভারত
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে মোটরযান চলাচলে চুক্তির ফলে আগামী বছর থেকে এ চার দেশের মধ্যে সবধরণের যান চলাচল শুরু হবে। ১৫ জুন কাঠমা-ুতে চার দেশের যোগাযোগমন্ত্রী পর্যায়ের এবিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে অবকাঠামো উন্নয়ন না করে যানবাহন চলাচল শুরু করলে তা দেশের অর্থনীতির লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী হবে বলে মনে করেন বিশ্লেষকরা। চার দেশের কানেকটিভিটি চালু করতে সম্ভাব্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে এই সময়ের মধ্যে অবকাঠামো উন্নয়ন করা কতটা সম্ভব হবে সেবিষয়েও রয়েছে সংশয়। ভারত তার বাণিজ্য বৃদ্ধি ও যোগাযোগ উন্নয়নের জন্য বাংলাদেশের ট্রানজিট সুবিধা চায় অনেক আগেই। আবার সার্ক অঞ্চলে বাণিজ্যে গুরুত্বপূর্ণ নেপাল ও ভুটানের সাথে যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশও। এ কারণে বর্তমান যোগাযোগের একমাত্র রুট চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর ঘুরে নেপাল ও ভুটান যাওয়ার দূরত্ব কমিয়ে এ পথটি ছোট করতে বাংলাদেশও ভারতীয় ভূমি ব্যবহারে আগ্রহী। তাই বাংলাদেশ ভারতকে ট্রানজিট দিতে দ্বিধা করছে না।
বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান বাস্তবতায় কানেকটিভিটির জন্য অবকাঠামো উন্নয়ন জরুরি। তবে এ খাতে অর্থায়নের বিষয়টি এখনও অমীমাংসিত। যদিও এ ইসু্যুতে ভারত বাংলাদেশকে ২০০ কোটি ডলারের নমনীয় ঋণ দিচ্ছে। তবে ওই ঋণের খুব কম অর্থই অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে। এছাড়া চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ খাতে ২৬ হাজার ৩২৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর সিংহভাগ অর্থই পদ্মা সেতু, গভীর সমুদবন্দর কার্যক্রমসহ বিভিন্ন খাতে চলে যাবে। ফলে বাজেটের অর্থও কানেকটিভিটি অবকাঠামো উন্নয়নে ব্যয় করার তেমন নির্দেশনা নেই।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ও ট্রানজিট কোর কমিটির আহ্বায়ক ড. মজিবুর রহমান এসম্পর্কে বলেন, মানসিকভাবে বাংলাদেশ ট্রানজিট দেয়ার বিষয়ে প্রস্তুত থাকলেও অবকাঠামোগত দিক থেকে মোটেই প্রস্তুত নয়। অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা না গেলে কোনোভাবেই ট্রানজিট কার্যকর করা যাবে না। কারণ সড়ক, রেল, নৌ রুট কোনোটিই উপযুক্ত নয়। যদিও নৌপথে আংশিক কার্যকর রয়েছে, তবু সেটি দিয়ে চট্টগ্রাম বন্দরে যাওয়া যায় না। আবার সারা বছর চলেও না। তিনি বলেন, ট্রানজিট করতে হবে প্রত্যেকের স্বার্থরক্ষার জন্য। এর জন্য মাল্টি মডেল ব্যবস্থা থাকতে হবে। সেক্ষেত্রে ট্রানজিট পয়েন্টে রেল, নৌ ও সড়ক পথের অবকাঠামো নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি মাল্টি মডার্ন ভিসারও ব্যবস্থা থাকতে হবে। নতুবা এর থেকে তেমন সুফল মিলবে না। ট্রানজিট কার্যকর করতে হলে ভারতকেই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।
বিশ্লেষকরা মনে করেন, ট্রানজিট শুরু করার আগে মাশুল, অবকাঠামোগত উন্নয়ন, মাল্টি মডার্ন ভিসাসহ সব দিক বিবেচনা করেই তা শুরু করা প্রয়োজন। ট্রানজিট সুবিধা যেন সব দেশ সমানভাবে পায় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তবে বিশ্লেষকরা এটাও মনে করেন, ভৌগোলিক অবস্থানের কারণে চার দেশের চুক্তির পূর্ণ সুবিধা পাবে কেবল ভারত। কারণ রফতানি বা আমদানিকৃত পণ্য নিয়ে এক দেশ থেকে আরেক দেশে গেলে তা খালাস করে খালি অবস্থায় ফিরতে হবে পণ্যবাহী গাড়িগুলোকে। এতে পণ্য পরিবহন ব্যয় বেড়ে যাবে। আর অতিরিক্ত ব্যয় ব্যবসায়ীদের থেকেই আদায় করবে পরিবহন কোম্পানিগুলো। ফলে ব্যয় সাশ্রয়ে আগের মতোই বর্ডার এলাকায় পণ্য খালাস করে অন্য দেশের গাড়িতে তুলে দিতে সাচ্ছন্দ্যবোধ করবেন ব্যবসায়ীরা। তবে ভারতের এ ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। কারণ বাংলাদেশের ওপর দিয়ে ভারতের পণ্যবাহী গাড়ি দেশটির এক অংশ থেকে আরেক অংশে যাবে। ফলে স্থানীয় পণ্য পরিবহনের শর্তটি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবিএম রফিকুজ জামান সাগর বলেন, ক্যাবোটাজ রেস্ট্রিকশন পণ্য পরিবহন ব্যয় বাড়িয়ে দেবে। এক্ষেত্রে খালি গাড়ি নিয়ে ফিরতে হলে পরিবহন কোম্পানিগুলো চার্জ বাড়িয়ে দেবে। ফলে ব্যবসায়ীরা আগের মতোই বর্ডারে পণ্য খালাস করে অন্য দেশের গাড়িতে তুলে দিতেই আগ্রহী হবে। তাই চার দেশের পণ্য সুবিধা আদায়ে ক্যাবোটাজ রেস্ট্রিকশন তুলে দেয়া উচিত। এছাড়া চুক্তির ধারা ৪-এর ৭-উপধারায় বলা হয়েছে, গাড়ির চালক বা ক্রুদের ন্যূনতম একজনকে ইংরেজি ভাষায় বা গন্তব্য দেশের ভাষায় কথা বলতে পারতে হবে। ট্রাক-কাভার্ড ভ্যানচালকরা অধিকাংশই কম শিক্ষিত হওয়ায় বাংলাদেশের জন্য এটি প্রতিবন্ধক হিসেবে কাজ করবে বলে মনে করেন ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী। তিনি বলেন, ট্রাক-কাভার্ড ভ্যানচালকদের অধিকাংশের পক্ষেই ইংরেজি বলাটা প্রায় অসম্ভব।
এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত বড় দেশ, তাই তারা চুক্তির শর্তগুলো দ্রুত বাস্তবায়ন করতে পারবে। এতে তারা মূল সুবিধাভোগী হবে। তবে বাংলাদেশকে এর সুবিধা নিতে হলে দরকষাকষি ক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে প্রটোকলগুলো চূড়ান্ত করার আগে সবকিছু যাচাই-বাছাই করা উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন মনে করেন, চার দেশের যানবাহন চলাচল চুক্তি নিয়ে যত বিতর্কই থাকুক না কেন এই চারটি দেশের মধ্যে যান চলাচলের চুক্তিকে আমি ইতিবাচকভাবেই দেখি। ‘কানেকটিভিটি’ সব সময়ই অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। বাংলাদেশের মধ্য দিয়ে যদি ভারতের পণ্য ‘সেভেন সিস্টার’ বলে খ্যাত রাজ্যগুলিতে যায়, তাহলে বাংলাদেশের ট্রেড ‘অপরচুনিটি’ কমতে পারে কিন্তু এতে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতা বেড়ে যাবে। বাংলাদেশের জন্য আরেকটি সুযোগ তৈরি হবে। ‘ইনফর্মাল ট্রেড’ কমে গিয়ে ‘ফরমাল ট্রেড’ বাড়বে আর বাংলাদেশের আয়ের নতুন আরেকটি পথ খুলবে। তিনি বলেন, ইউরোপসহ বিশ্বের আরো অনেক জায়গায় প্রতিবেশিদের জন্য সীমান্ত খুলে দেয়া হচ্ছে। তাতে তাদের লাভই হচ্ছে। বিশ্বের এই ধারার বাইরে আমরা থাকতে পারি না। এই সুযোগ আমরা কতটা কাজে লাগাতে পারব, তা নির্ভর করছে অবকাঠামোগত উন্নয়ন ও বন্দরের উন্নয়নের উপর।











