বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লতিফ সিদ্দিকীর মুক্তিতে বাধা নেই

news-image

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ১০ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী। এর ফলে তার জামিনে মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয়। এর আগে গত ২৬ মে একই বেঞ্চ থেকে আরো ৭ মামলায় জামিন পেয়েছেন লতিফ সিদ্দিকী। আদালতে জামিনের আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। জামিন পাওয়া ১০টি মামলার মধ্যে চট্টগ্রামে ৭টি, লক্ষীপুরে ১টি, চাপাইনবাবগঞ্জে ১টি ও ঢাকায় ১টি দায়ের করা হয়। উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির এক মতবিনিময় সভায় হজ, তাবলিগ জামায়াত ও প্রধানমন্ত্রীপুত্র জয় সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেন। ওই ঘটনার প্রতিক্রিয়ায় দেশে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের হয়। নিউ ইয়র্কের ওই সভায় লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরবিরোধী। হজে যে কতো ম্যানপাওয়ার নষ্ট হয়।’ তিনি বলেন, ‘হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গেছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন করতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। অ্যাভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায়, প্রত্যেকের ৫ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।’
মহানবী হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে লতিফ সিদ্দিকী বলেন, ‘আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ চিন্তা করল, এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারা তো ছিল ‘ডাকাত’। তখন একটা ব্যবস্থা করল যে, তার অনুসারিরা প্রতিবছর একবার এক সঙ্গে মিলিত হবে এবং এর মধ্যদিয়ে একটা আয়ের ব্যবস্থা হবে।’তিনি প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করেন। তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় প্রকাশিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি মোট সাতটি মামলা দায়ের করেন।এরপর ওই বছরের ২৩ নভেম্বর রাতে ভারত থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। দেশে ফেরার পরপরই ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল তার গ্রেপ্তারের দাবি জানায়। ২৬ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়।এ সময় তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয় এবং আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। গত ২৬ মে লতিফ সিদ্দিকী হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান। ওইদিনই হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে।ফৌজদারি কার্যবিধির ১৮৮ ধারা অনুযায়ী দেশের বাইরে সংঘটিত অপরাধ নিজ দেশে বিচার করতে হলে মামলা দায়েরের আগে সরকারের অনুমোদন নিতে হয়। কিন্তু এক্ষেত্রে কোনো অনুমোদন নেওয়া হয়নি।এছাড়া সংবিধানের ৩৫(২) ধারা অনুযায়ী একই অপরাধের ঘটনায় একাধিক মামলা চলতে পারে না। এ বিবেচনায় মামলার কার্যক্রম স্থগিত করে দেন হাইকোর্ট।