রমজানের রোজা ও তাকওয়া
রমজান মাস। তাকওয়ার মাস। কোরআন নাজিলের মাস। আত্মশুদ্ধির মাস। সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করার মাস। ধৈর্যের মাস। আত্মসমালোচনার মাস। সংযমের মাস। গুনাহ মাফের মাস। মোট কথা, যে ব্যক্তি এই মাসে রোজা পালন করবে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের কারণ হলো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা, সম্মান এবং গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। রমজান মাসের সম্মান ও মর্যাদা বৃদ্ধির কথা আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ‘রমজান মাসই হলো সে মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নিদর্শনসমূহ এবং ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসে রোজা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনের গণনা পূরণ করবে’। এ বাণী নিঃসন্দেহে এ কথা প্রমাণ করে যে, আল-কোরআন মানব জাতির জন্য একটি সংবিধান বা নীতিমালা। আমরা এ নীতিমালা অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই নীতিমালার আলোকে মন-মানসিকতা, চিন্তা-চেতনা, কর্মপন্থা, সামাজিকতা, চরিত্র এবং কর্ম তৎপরতাকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। সে আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে আমল করে মুত্তাকী গুণ অর্জন করতে হবে। রমজান মাসে শুধু আল-কোরআন নয়, সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে। হজরত আবু যর গেফারী (রা.) বর্ণনা করে বলেন, বিশ্ব নবী (সা.) বলেছেন, হজরত ইব্রাহিম (আ.)-এর উপর সহিফাসমূহ ৩ রমজানে, হজরত মুসা (আ.)-এর উপর তাওরাত ৬ রমজানে, হজরত ঈসা (আ.)-এর উপর ইনজিল ১২ রমজানে এবং হজরত দাউদ (আ.)-এর উপর যবুর ১৮ রমজানে নাজিল হয়েছে। আসমানি কিতাব মহাগ্রন্থ আল-কোরআন রমজান মাসের চব্বিশ তারিখে বায়তুল ইজ্জতে সম্পূর্ণ একত্রে নাজিল হয়েছে (মাযহারী)। কোরআনে এরশাদ হচ্ছে ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে (কদর)। অন্য জায়গায় বলা হয়েছে- ‘আমি তো এ কোরআন অবতীর্ণ করেছি এক মোবারক রাতে’ (দুখান)। অতঃপর মহান আল্লাহ তাআলা কোরআন শরীফকে বায়তুল ইজ্জত থেকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে খ- খ- আকারে রাসূল (সা.)-এর উপর নাজিল করেন। মহাগ্রন্থ আল-কোরআন মানব জীবনের মহাসংবিধান। এই সংবিধানে মহান আল্লাহ তাআলা ব্যক্তি, পরিবার, সমাজ নীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমর নীতি, রাষ্ট্রনীতিসহ চলমান জীবনের সব সমস্যার সমাধান করেছেন। যে ব্যক্তি বা জাতি এই সংবিধানের আলোকে জীবন পরিচালনা করবে, সেই ব্যক্তি বা জাতি আল্লাহর কাছে মহান পুরস্কারে ভূষিত হবে। আর যে ব্যক্তি বা জাতি এই সংবিধানের সীমালঙ্ঘন করবে সেই ব্যক্তি বা জাতিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সীমাহীন জ্বলন্ত শাস্তি ভোগ করতে হবে।এ মাসের মর্যাদা, সম্মান এবং গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ কোরআনের সম্মান রক্ষার্থে প্রতিবছর মোমেন বান্দাহর প্রতি রোজা পালন করা ফরজ করে দিয়েছেন। এরশাদ হচ্ছে- ‘হে ইমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া বা পরহেজগারিতা অর্জন করতে পার’। রোজা পালন করলেই তাকওয়া বা মুত্তাকী হওয়া যায় না। মুত্তাকী হওয়ার জন্য মুত্তাকীর গুণ অর্জন করতে হয়। প্রশ্ন থেকে যায়, তাহলে মুত্তাকী কারা? যারা হারাম বস্তু থেকে নিজেকে রক্ষা করে এবং ফরজসমূহ আদায় করার চেষ্টা করেন, তারাই মুত্তাকীন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যারা হিদায়াতকে বর্জন করার ক্ষেত্রে আল্লাহর শক্তিকে ভয় করেন এবং তার নির্দেশকে সত্য প্রতিপন্ন করার কারণে রহমতের আশা ছাড়েন না, তারাই মুত্তাকী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মুত্তাকীন শব্দের অর্থ হলোÑ মুমিনীন বা মুমিনগন। সাইদ ইবনে আবী আরুবা বলেন, আমি হজরত কাতাদাকে জিজ্ঞেস করলাম, মুত্তাকীন কারা? তাদের পরিচয় ও গুণাবলী কি? তিনি কোরআনের আয়াত পড়ে, তাদের পরিচয় ও গুণাবলী তুলে ধরেন। এরশাদ হচ্ছে- ‘যারা গায়েবে বিশ্বাস করে নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজক থেকে খরচ করে’ তারাই মুত্তাকী। কোরআন মজিদে মহান আল্লাহ তাআলা শুধু রমজান মাসের কথা উল্লেখ করেছেন। অন্য কোন মাসের কথা উল্লেখ করেননি। কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করেছেন। রমজান মাস সম্পর্কে ‘হজরত রাসূল (সা.) বলেন, ‘যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শেকল পরানো হয়’। ‘যে ব্যক্তি ইমানের সাথে একনিষ্ঠ সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পেছনের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে’॥ বিশ্ব নবী (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি অতি আনন্দদায়ক সময় রয়েছে। একটি ইফতারের সময় এবং অন্যটি আল্লাহর দিদারের সময়’। হজরত রাসূল (সা.) আরো বলেছেন, ‘রোজা ঢাল স্বরূপ। তোমাদের মধ্যে কেহ রোজা রাখিলে যেন খারাপ কথা না বলে, কলহ না করে। যদি তোমাকে কেহ গালি দেয় অথবা আঘাত করে, তাকে বলবে, ভাই আমি রোজা রেখেছি।’ তিনি আরো বলেছেন, ‘দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুম্মা থেকে আরেক জুম্মা, এক রমজান থেকে আরেক রমজান, এদের মধ্যকার সব গুনাহ রোজা মুছে ফেলে। যদি কোন ব্যক্তি, কবিরাহ গুনাহ থেকে বিরত থাকে তার জীবনের সব গুনাহ ক্ষমা করা হবে।’ রাসূল (সা.) বলেছেন, হে লোক সকল, তোমাদেরকে ছায়াদান করতে যাচ্ছে একটি মহান মাস, একটি মোবারক মাস। এ মাসে এমন একটি মহান রাত রয়েছে, যে হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ এ মাসের সিয়ামকে ফরজ এবং কিয়ামকে নফল করেছেন। যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরজ কাজ করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ কাজ করবে, সে অন্য মাসে সত্তরটি ফরজ কাজের সওয়াব পাবে। মাসটি হলো ধৈর্যের মাস রোজার মাস। যার পরিণতি হলো জান্নাত। এ মাস হলো সহমর্মিতার। এ মাস এমন মাস যাতে মোমিনের রিজিক বৃদ্ধি করা হয়। তিনি (সা.) আরো বলেন, ‘যে ব্যক্তি এ মাসে তার অধিনস্তের বোঝা হালকা করে দেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন’। তিনি আরো বলেন, ‘রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেশক অপেক্ষা অধিক উত্তম। আল্লাহর সন্তুষ্টির জন্য যে কেহ একটি রোজা রাখিবে, তিনি তাকে দোজখের অগ্নি হতে সত্তর বৎসরের রাস্তা দূরে রাখিবেন। রোজাদার পরনিন্দা হতে বিরত থাকলে সমস্ত দিবসই তার এবাদত রূপে গণ্য হবে। হালাল বস্তুর দ্বারা ইফতার করত ঐ সময় দোয়া করলে রোজাদারের দোয়া আল্লাহর দরবারের কবুল হয়। যে রোজাদার ব্যক্তি মিথ্যা কথা পরিত্যাগ করতে পারেনি, খোদা তার রোজার প্রতি রাজি নয়।’ হাদিসে কুরসিতে এসেছে, আল্লাহ বলেন, ‘রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব’।রমজান মাস, আত্মশুদ্ধির মাস। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করা সম্ভব। তবে আত্মশুদ্ধির পূর্বে ন্যায়ের আদেশ, অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। হারাম বর্জন করে হালাল রিজিক খেতে হবে। পারিবারিক হকসমূহ যথাযথভাবে আদায় করতে হবে। ইসলামী শরীয়তের যাবতীয় কাজ কর্ম সঠিবভাবে পালন, সুদ ও ঘুষ থেকে দূরে থাকতে হবে। গরিব দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের আনাচে-কানাচে ঘটমান অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তবেই সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া বা আত্মশুদ্ধির গুণ অর্জন করা সম্ভব হবে। বর্তমান সমাজে জ্ঞান অর্জনের পাশাপাশি তাকওয়ার পরিচর্চা করা প্রত্যেক মোমেন মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। কারণ, আল্লাহর ভয় ছাড়া, কোন বান্দাহ পরকালে মুক্তি পাবার কোন কোন পথ খুঁজে পাবে না। এজন্য ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে তাকওয়া অর্জন করার পরিবেশ তৈরি করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি তাকওয়ার পরিবেশ না থাকে, তাহলে সব নাগরিক রাষ্ট্রের আনুগত্য করা থেকে দূরে সরে থাকবে। সমাজে তাকওয়া না থাকলে সমাজের নেতারা সালিসের নামে মানুষকে ঠকাবে। ব্যক্তির মাঝে তাকওয়া না থাকলে, ব্যক্তি বিবেকহীন হয়ে পড়বে। ভালো-মন্দ বিচার করার ক্ষমতা হারাবে। সুতরাং রহমতের মাসে রোজা পালন করে তাকওয়া অর্জন, বরকতের মাসে বেশি বেশি দান-খয়রাত করার অভ্যাস তৈরি করে দানবীর এবং মাগফিরাতের মাসে জীবনের যাবতীয় গুনাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেকে মুত্তাকী বান্দাহ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। তবেই মাহে রমজানের তাকওয়া অর্জন করা সম্ভব হবে। রমজান মাসের রোজা ও তাকওয়া অর্জন করতে পারলেই মুত্তাকী হওয়া সম্ভব।











