শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আ.লীগ অফিসে বোমা হামলার ১৪ বছর

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ১৪ বছর পূর্ণ হচ্ছে মঙ্গলবার ১৬জুন। চাঞ্চল্যকর এ বোমা হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় আদালতে চার্জশিট দেওয়া হলেও বিচারকাজ চলছে ঢিমেতালে। এখন চলছে স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণের কাজ।এদিকে ১৪ বছর ধরে নিহতের পরিবারের লোকজন চোখের অশ্রু ঝরিয়েই চলেছেন। তাদের অনেকের অভিযোগ, এ ঘটনা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল রাজনীতি করেছে। রাজনৈতিক কূট কৌশলের ফাঁদে পড়ে আপনজন হারিয়েও মামলা করতে পারেননি আহত-নিহতদের স্বজনরা। ফলে ঘাতকদের বিচারকাজটি সম্পন্ন হয়নি আজও।নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান জানান, সবশেষ গত ১০ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বোমা হামলার দুটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিস্ফোরক আইনের মামলার চার্জ শুনানি ও হত্যা মামলায় স্বাক্ষ্য গ্রহণ করা হয়। তবে সেদিন গ্রেপ্তারকৃত দুই আসামি মুফতি হান্নান ও শাহাদাতউল্লাহ জুয়েলকে আদালতে হাজির করা হয়নি। আগামী ৩০ জুন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিন এ দুইজনকে হাজির করতে কারাগারের ডিআইজি প্রিজনকে নির্দেশ দেওয়া হয়েছে।  তার দাবি, সঠিকভাবেই মামলার বিচারকাজ চলছে।জানা গেছে, ২০০১ সালের ১৬ জুন ভয়াবহ বোমা হামলার ২০ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা দুটি মামলায় ২০১৩ সালের ২ মে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চার্জশিট আদালতে জমা দেয়। এ দুটি মামলায় বাদীসহ ৭জনকে স্বাক্ষী করা হলেও গত ২১ জানুয়ারি বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পূরক চার্জশিটে আগের চার্জশিটভূক্ত আসামি অভিন্ন রেখে শুধু সাক্ষীর সংখ্যা বাড়ানো হয়। সম্পূরক চার্জশিটে ৮জন তদন্তকারী কর্মকর্তার পাশাপাশি ৩৭জনকে সাক্ষী করা হয়েছে।চার্জশিটভুক্ত ৬ জনের মধ্যে নারায়ণগঞ্জে ক্রসফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ভোট ভাই শাহাদাতউল্লাহ জুয়েল ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান গ্রেপ্তার রয়েছেন। পলাতক রয়েছেন ওবায়দুল্লাহ রহমান। ভারতের নয়াদিল্লি কারাগারে আটক রয়েছেন সহোদর আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিন। আর জামিনে আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। 

এখনো নয়াদিল্লির কারাগারে বন্দী মোরসালিন মোত্তাকিম

২০০৫ সালের ১ অক্টোবর গ্রেপ্তার হন হরকাতুল জেহাদের অন্যতম নেতা মুফতি আবদুল হান্নান। গ্রেপ্তারের পর তিনি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া জবানবন্দিতে চাষাঢ়া বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। ২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লির একটি রেল স্টেশন থেকে হরকাতুল জিহাদের দুই জঙ্গি-সহোদর আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। তারাও বোমা হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। বর্তমানে নয়াদিল্লি কারাগারে বন্দী তারা। এই দুইজনকে এখনো দেশে ফেরত আনা হয়নি। আর এর কারণেই বোমা হামলার মামলা অনেকটাই ধীরগতির বলে জানা গেছে।

বোমা হামলা মামলার ১২ নম্বর আসামি শাহাদাৎ উল্লাহ জুয়েল নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ক্রস ফায়ারে নিহত মমিনউল্লাহ ডেভিড ও পরিবহন-সন্ত্রাসী মাহবুব উল্লাহ তপনের ছোট ভাই। ২০০৭ সালের ২৭ নভেম্বর শহরের মিশনপাড়ার বাসভবন থেকে জুয়েলকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। জুয়েলের বিরুদ্ধে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার অর্থ জোগান দেয়ার অভিযোগ রয়েছে।

নৃশংস সেই বোমা হামলা

প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ জুন শহরের চাষাঢ়াস্থ আওয়ামী লীগ অফিসে দেশের ভয়াবহ নৃশংস বোমা হামলায় মারা যান ২০ জন হতভাগ্য। সেদিন আহত হয়েছিল অর্ধ শতাধিক, অনেকেই হয়েছেন পঙ্গু। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে নারায়ণগঞ্জজুড়ে। ঘটনাস্থলে ১১ জন ও পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু ঘটে মোট ২০ জনের। এদের মধ্যে ১৯ জনের পরিচয় শনাক্ত করা হলেও পরিচয় মেলেনি ১ মহিলার। নারায়ণগঞ্জের ইতিহাসে এই ভয়াবহ স্মতি মনে করে আজও শিওড়ে ওঠে এখানকার মানুষ। 

সেদিন নিহত হয়েছিলেন শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পী, সহোদর সরকারী তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের জিএস আকতার হোসেন ও সঙ্গীতশিল্পী মোশাররফ হোসেন মশু, সঙ্গীতশিল্পী নজরুল ইসলাম বাচ্চু, ফতুল্লা থানা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ভাসানী, নারায়ণগঞ্জ থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ বি এম নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান সবুজ মোল্লা, মহিলা আওয়ামী লীগ নেত্রী পলি বেগম, ছাত্রলীগকর্মী স্বপন দাস, কবি শওকত হোসেন মোক্তার, পান-সিগারেট বিক্রেতা হালিমা বেগম, সিদ্ধিরগঞ্জ ওয়ার্ড মেম্বার রাজিয়া বেগম, যুবলীগকর্মী নিধু রাম বিশ্বাস, আব্দুস সাত্তার, আবু হানিফ, এনায়েতউল্লাহ স্বপন, আব্দুল আলীম, শুক্কুর আলী, স্বপন রায় ও অজ্ঞাতপরিচয় এক মহিলা। নিহত মহিলার পরিচয় পেতে তেমন কোনো চেষ্টা করেনি প্রশাসন। হামলায় শামীম ওসমান সহ অর্ধশতাধিক আহত হন। তার ব্যক্তিগত সচিব চন্দন শীল, যুবলীগকর্মী রতন দাস দুই পা হারিয়ে চিরতরে হয়ে গেছেন পঙ্গু। 

মামলা দায়ের

বোমা হামলার পর দিন খোকন সাহা বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় দুইটি মামলায় (একটি বিস্ফোরক অন্যটি হত্যা) জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক (বর্তমানে কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি) অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে প্রধান করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের মোট ২৭ জনকে আসামি করা হয়। ঘটনার দীর্ঘ ২২ মাস পর ২০০৩ সালের এপ্রিল মাসে বোমা ট্রাজেডি মামলা দুটির ফাইনাল রিপোর্টে বলা হয়, ‘উল্লেখিত ২৭ জনের কেউই চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে ১৬ জুন ২০০১ সালের বোমা হামলায় জড়িত নয়। যদি ভবিষ্যতে অত্র মামলার তথ্য সম্বলিত ক্লু পাওয়া যায় তবে মামলাটি পুনরুজ্জীবিত করার ব্যবস্থা করতে হবে।’ 


দীর্ঘ প্রায় ছয় বছর মামলাটি হিমাগারে থাকার পর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২ জুন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মামলাটি পুনরুজ্জীবিত করে সুষ্ঠুভাবে তদন্ত করে মামলাটি নিষ্পত্তি করার জন্য সরকারকে নির্দেশ দেয়। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঘটনায় নিহত চা দোকানি হালিমা বেগমের ছেলে আবুল কালাম বাদী হয়ে শামীম ওসমান, তার ভাই নাসিম ওসমান, সেলিম ওসমান সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের ৫৮ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন। পরবর্তি সময়ে উচ্চ আদালত এ মামলাটি খারিজ করে দেন।

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ