বোমা মেরে মানুষ মারার অধিকার কারো নেই-খাদ্য মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এম.পি বলেছেন, দেশে রাজনীতি করার অধিকার সবারই আছে কিন্তু বোমা মেরে মানুষ মারার অধিকার কারো নেই। ধংসাত্মক কার্যকলাপ করার অধিকার কারো নেই। তিনি শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির সভাপতি মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এম.পি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও আমাদের ব্যাপক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি বিশেষকেও এগিয়ে আসতে হবে।
খাদ্য মন্ত্রী আরো বলেন, সরকার শিক্ষার জন্য কাজ করলেও একটি অপশক্তি স্কুল পুড়িয়ে দিচ্ছে। গত ৩ মাস ওই চক্রটির কারনে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশুনা করতে পারেনি। ৩ মাসে ওই অপশক্তি দেশের প্রায় ৫ শতাধিক স্কুল পুড়িয়ে দিয়েছে। পেট্্েরাল বোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছে। ওই চক্রটি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়। বিদেশী বন্ধুরাও তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমারা নিজেদের টাকা দিয়ে পদ্মাসেতু নির্মান করছি। ২০১৮ সালে এর উপর দিয়ে গাড়ি চলাচল করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আজাদ ছাল্লাল, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সমিতির সহসভাপতি কাজী আবুল বাশার, সমিতির সদস্য মাহবুবুর রহমান আলমগীর, এনামুল হক, প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, নাঈমা জান্নাত, ফরিদা নাজমীন, শিক্ষার্থী নওরিন ইসলাম, রকিবুল ইসলাম রিফাত ও অনন্ত রহমান চিশতি।
সভা পরিচালনা করেন ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩জন শিক্ষার্থীকে এককালীন ৩ হাজার টাকা করে মেধাবৃত্তি ও সনদপত্র দেওয়া হয়।











