কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১৫, আহত সহস্রাধিক
ডেস্ক রির্পোট : সারা দেশে বয়ে যাওয়া ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশ। প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঝড়ে কমপক্ষে ১৫ জন নিহত ও সহস্রাধিক ব্যক্তি আহত হয়েছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। এর মধ্যে কিশোরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে পিতা-পুত্রসহ ৫ জন নিহত হয়েছেন। ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া ও মুক্তাগাছায় কালবৈশাখীতে গাছ চাপায় ৪ ও বজ্র্রপাতে ১ জনসহ মোট ৫ জন এবং সুনামগঞ্জের দিরাইয়ে ঝরে খেয়া নৌকাডুবিতে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া রংপুরের বদরগঞ্জ, পাবনার চাটমোহর, সিরাজগঞ্জের রায়গঞ্জসহ বিভিন্ন জেলায় ফসল, বাড়িঘর ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিস্তারিত স্টাফ রিপোটার ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে-
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে এবং ভৈরব, কুলিয়ার চর, হোসেনপুর ও কটিয়াদ প্রতিনিধি জানান: কিশোরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে শনিবার পিতা-পুত্রসহ ৫ জন নিহত হয়েছে। এতে ৫ শতাধিক ঘরবাড়ি ও বিপুলসংখ্যক গাছপালা বিধ্বস্ত হওয়া ছাড়াও কয়েকশ’ হেক্টর জমির বোরো ফসল বিনষ্ট হয়েছে। এছাড়া বেশকিছু বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। নিহতরা হলেন- মধ্য পাকুন্দিয়ায় কৃষক হযরত আলী (৪০) ও তার শিশুপুত্র রিজন (৫) গাছের চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়; কুলিয়ারচরের পৈলানপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা ঝড়ের কবলে পড়ে উল্টে গেলে শীতল বর্মণ (৫০) নামে এক মাছ ব্যবসায়ী, কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের গাজীরচর গ্রামে আবদুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধ এবং বাজিতপুরে দিলালপুর ইউনিয়নের তাতালচর গ্রামে ঘরের নিচে চাপা পড়ে রানী আক্তার (১০) নামের এক স্কুলছাত্রী মারা যায়। এছাড়া উপজেলার বোর্ডবাজারে একটি শতবর্ষী রেইনট্রি গাছ ভেঙে পড়লে বাজারের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং রনি ভূঁইয়া (১৬) ও সেতু খাঁ (১৪) নামে দুই দোকান কর্মচারী আহত হয়। অন্যদিকে কুলিয়ারচরের পৈলানপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা ঝড়ের কবলে পড়ে উল্টে গেলে শীতল বর্মণ (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ঝড় ও শিলাবৃষ্টিতে পাকুন্দিয়া, কটিয়াদী এবং কুলিয়ারচরে শতাধিক হেক্টর জমির বোরো ফসল ও শাকসবজির ক্ষতি হয়েছে।
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ও ত্রিশাল প্রতিনিধি জানান: ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া ও মুক্তাগাছায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় ৪ জন এবং ত্রিশালে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ফুলবাড়িয়ার আবদুল করিম (৫০), মুক্তাগাছার জালাল উদ্দিন ভুট্টো (২৯) ও সুজন মিয়া (৩০), নান্দাইলে আবদুল মোতালেব (৩৮) এবং ত্রিশালের ইলিয়াস (২৫)। এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঝড়ে সহস্রাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত এবং উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রাতে জেলার ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ত্রিশাল ও ত্রিশাল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে কাঁচা ও টিনের সহস্রাধিক ঘর-বাড়ি, মাদরাসাসহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ সময় ফুলবাড়িয়ার দবড়দস্তা গ্রামের আবদুুল করিমের ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মারা যায় আবদুল করিম। আহত হয় রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ তিনজন। খেরুয়াজানি ইউনিয়নের ইছামতি গ্রামের জালাল উদ্দিন ভুট্টো (২৯) নামে অপর এক যুবক গাছের ডাল ভেঙে চাপা পড়ে মারা যায়। আহত হয় আরও ৩ জন। এ ছাড়াও মুক্তাগাছায় কালবৈশাখীতে সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে সন্তুষপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে সুজন মিয়া (৩০) মারা যায়। এ ছাড়াও জেলার নান্দাইল উপজেলার চর গোপীনাথপুর গ্রামের আবদুল মোতালেব (৩৮) ঝড়ের কবলে পড়ে মারা গেছেন। অপরদিকে ত্রিশাল উপজেলার বালিপাড়ায় বজ্রপাতে মারা গেছেন ইলিয়াস নামে এক যুবক।
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে কালবৈশাখীতে কালনী নদীতে খেয়া নৌকা ডুবিতে আবদুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি প্রাণ হারান। জানা যায়, তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের বাসিন্দা। গতকাল রোববার সকাল ৮টার দিকে আচমকা ঝড় শুরু হলে ঝড়ের কবলে পড়ে খেয়া নৌকা ডুবে যায়। এ সময় হাওরে ধানকাটার উদ্দেশ্যে পাড়ি জমানো উজানধল গ্রামের ২০-২৫ জন খেয়া নৌকাতে ছিলেন। ঝড়ের কবলে পড়ে খেয়া নৌকাটি নদীতে তলিয়ে গেলে সবাই সাঁতার কেটে তীরে আসতে পারলেও আবদুর রহমান পানিতে ডুবে মারা যান।
এ ব্যাপারে তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক তালুকদার বলেন, আমি সিলেটে আছি। ঘটনাটি আমি শুনেছি, এটা খুবই দুঃখজনক।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম বলেন, নৌকাডুবিতে একজন নিহতের খবর পেয়েছি।
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান: রংপুরের বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলা বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে কয়েক শতাধিক কাঁচাঘর বাড়ি গাছপালা ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। অনেক ঘরবাড়ির টিন উড়ে গেছে শিলার আঘাতে ফুটো হয়েছে টিনের চাউনি। চলতি মওসুমের আধাপাকা বোরো ধান, ভুট্টা, পাট, শাকসবজিসহ আম, কাঁঠাল ও লিচুগাছের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষত-বিক্ষত চিত্র। এ বিষয়ে রাধানগর ইউনিয়নের লালদিঘী এলাকার পেয়ার মাহমুদ, পাঠানের হাট এলাকার অহিদুল হক ও বালাপাড়া গ্রামের ইমরান হোসেন জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালা,কাচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতিসহ লালদিঘি ও পাঠানের হাট বাজারের ২৫টি দোকান ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। উড়ে গেছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের চালা। মানসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষের টিনের চালা উড়ে গেছে।
চাটমোহর (পাবনা) প্রতিনিধি জানান: গত শনিবার বিকালে চাটমোহর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ধান-আম-লিচুসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে শ’ শ’ গাছ ও ডালপালা এবং অর্ধশতাধিক কাঁচা ঘর-বাড়ি। স্থানীয় কৃষি অধিদপ্তর সূত্র বলছে, শিলাবৃষ্টিতে ৩শ’ ২৫ হেক্টর বোরো ধান, তিল ৩৩ হেক্টর, শাক-সবজি ৩০ হেক্টর, আমবাগান ৩০ হেক্টর এবং ৩৩ হেক্টর লিচু বাগানের ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, বিকাল সাড়ে ৫টার পর উত্তর-পশ্চিম দিক থেকে প্রবল বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। সঙ্গে ছিল শিল। প্রায় আধাঘণ্টা ধরে চলে ঝড়-শিলের তাণ্ডব। রাস্তাঘাটে শিলের স্তূপ জমে যায়। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। ২০ ঘণ্টা পর রোববার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বছরের এটাই ছিল বড় ধরনের শিলাবৃষ্টি।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রবল শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শনিবার রাতে ২ দফা প্রবল শিলা-বৃষ্টি ও ঝড়ে প্রায় ৩ হাজার হেক্টর জমির বোরো ধান, ভুট্টা, সবজি, আম, কাঁঠাল, পেঁপে ও অন্য ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ব্রহ্মগাছা, চান্দাইকোনা ও ধানগড়া ইউনিয়ন এলাকার মাঠ ও বাগানের ফল ও ফসলের সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। নলকা ও ধামাইনগর ইউনিয়ন এলাকায় আংশিক ক্ষতি হয়েছে। ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন জানান- তার গ্রামসহ ওই ইউনিয়নের ১১টি গ্রামের মাঠের বিআর-২৮, ২৯, মিনিকেট, কাজললতা ও হাইব্রিড জাতের কাঁচা-পাকা ধান প্রবল শিলা ঝড়-বৃষ্টির তোড়ে মাটির সঙ্গে মিশে গেছে।
উলাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান: গত শনিবার মধ্যরাতে উল্লাপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল কালবৈশাখীতে শতাধিক কাঁচা ও আধাকাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত, ব্যাপক ফসলের ক্ষতি ও বিদ্যৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। উলাপাড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে উপজেলার পশ্চিমাঞ্চলের প্রায় শতাধিক কাঁচা, আধাকাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ লাইনের খুঁটি ওপরে পড়ায় এবং বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ায় ঝড়ের পর থেকে গোটা জেলায় প্রায় ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ঝড়ে উপজেলার তাড়াশ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কের ওপর অর্ধশতাধিক গাছ ভেঙে পড়ায় এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার পার্শ্ববর্তী গ্রামের লোকজন স্বেচ্ছায় ভেঙে পড়া গাছ কেটে সরিয়ে ফেলার পর রোববার দুপুর থেকে এই পথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কালবৈশাখীতে গাছ ভেঙে পড়ে উপজেলা পরিষদ চত্বরের শিশুপার্কের গ্রিলের দেয়াল ভেঙে গেছে। ঝড়ে উপজেলার রামকৃষ্ণপুর, বাঙ্গালা, বড় পাঙ্গাশী, উধুনিয়া ও সলঙ্গা ইউনিয়নের প্রায় ৬০ হেক্টর জমির উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক তুষার কান্তি দেবনাথ জানান, কালবৈশাখীতে উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ লাইনের অন্তত ১০টি খুঁটি ভেঙে যাওয়ায় এবং সমিতি এলাকার বিভিন্ন অঞ্চলে গাছ পড়ে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ লাইন মেরামতের জন্য সমিতির ১০টি কর্মী দল সর্বত্র কাজ করে চলেছে। রোববার সন্ধ্যার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবারহ করা সম্ভব হবে বলে মহাব্যবস্থাপক আশা প্রকাশ করেন।
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান: তারাগঞ্জ উপজেলা সয়ার ইউনিয়নের শিলাবৃষ্টিতে বেশ কয়েকটি গ্রামের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে কৃষকদের ইরি-বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন কৃষক জানিয়েছেন। জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে সয়ার ইউনিয়নের দামদুলপুর, কাজীরহাট, বুড়িরহাটসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঝড়োহাওয়াসহ শিলাবৃষ্টিতে কৃষকদের ইরি-বোরোর ব্যাপক ক্ষতি হয়েছে। কাজীপাড়া গ্রামের কৃষক ফকির আলী, আজাহার উদ্দিনসহ বেশ কয়েকজন জানান, ইরি-বোরো ধানের শীষের ক্ষতি হচ্ছে। এ অবস্থায় শিলাবৃষ্টিতে ধান ক্ষেতগুলো পড়ে গেছে এবং থোড় নষ্ট হয়ে গেছে।
গয়ার ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান জানান, শিলাবৃষ্টি হওয়ায় কৃষকদের ইরি-বোরো ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শনিবার সন্ধ্যায় প্রচণ্ড শিলাবৃষ্টি আর কালবৈশাখীতে বোরো ধান, আম, কলা, পানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিগত কয়েক দফার তুলনায় এই শিলাবৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি। এর ফলে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে কৃষকদের ধারণা।
খোঁজ নিয়ে জানা গেছে, শিলাবৃষ্টির ফলে উপজেলার সাতইল, গরিলা, চিনিডাঙ্গা, ধলার, কুমারখালী, বাগডোব, জোনাইল, কৈখোলাসহ অধিকাংশ বিলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে আম, কলা ও পানের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতি রাণী জানান, শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হয়তো এবারে লাভের মুখ দেখবে না।











