শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃংখলার অবনতিতে সংসদ সদস্যের উদ্বেগ : পুলিশ সুপার বলছেন বিচ্ছিন্ন ঘটনা

10703902_706315292816710_3291387094502984078_nআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজিত দাসের ওপর হামলাকারী দুর্ধর্ষ সন্ত্রাসী উজ্জ¦লকে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষনা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি আজ শুক্রবার বিকালে জেলা শহরের পূর্ব পাইকপাড়ার দাস পাড়ায় সন্ত্রাস বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষনা দেন। এসময় তিনি উজ্জ্বলকে আটক করার জন্য পাইকপাড়ায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করার আহবান জানান। উল্লেখ্য গত ৩১ মার্চ সকালে শহরের মেড্ডা বাজারে শতশত লোকের সামনে আওয়ামী লীগ নেতা  অজিত কুমার দাসকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসী উজ্জল ও তার সহযোগীরা। এরপর বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেননি। ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে নানা কর্মসূচী পালন করা হচ্ছে। ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজান আনসারীর সভাপতিত্বে সন্ত্রাসবিরোধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাবেক যুগ্ম-সম্পাদক তাজ মো. ইয়াছিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ।  সংসদ সদস্য সমাবেশস্থলে পৌছলে এলাকাবাসীর পক্ষ থেকে সন্ত্রাসী উজ্জ্বলকে দ্রুত গ্রেফতারের দাবীতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এরআগে সকালে সময় টিভির এক অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী উদ্বেগ প্রকাশ করে এলাকার নাগরিকদের কাছে দু:খ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা ভালো যাচ্ছেনা। শহরের মেড্ডা বাজারে চিহ্নিত সন্ত্রাসী উজ্জল ও তার সাঙ্গপাঙ্গরা কুপিয়ে গুরুতর আহত করে আওয়ামীলীগ নেতা উজ্জল দাসকে। বর্তমানে তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার সময় সংসদ সদস্য ছিলেন দেশের বাইরে। ব্রাহ্মণবাড়িয়া এসে তিনি এ প্রতিক্রয়া ব্যক্ত করেন।
 এছাড়াও সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। গত ৭ থেকে ৯ ই এপ্রিল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের উপজেলা থেকে শিশুসহ সাতজনের লাশ উদ্ধার হয়। এসব লাশের মধ্যে কারো গলাকাটা, কারো পানিতে ভাসমান ও কারো গলায় গামছা বাঁধা, কারো গলিত লাশ রয়েছে।
৭ ই এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকার নিজ বাসায় ভাত খাবার সময় আসা অজ্ঞাত নম্বরের ফোন পেয়ে বাইরে বের হন সদ্য সৌদি ফেরত যুবক মনির হোসেন (২৭)। পরে রাতে আর  সে বাসায় ফিরেনি। পরদিন বুধবার কাউতলি এলাকার জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত মনির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারি নজরুল ইসলামের ছেলে। দুর্বৃত্তরা তাকে খুন করে তার মোবাইল ফোনটি নিয়ে গেছে।
৮ ই এপ্রিল বিকেল পৌনে পাঁচটার দিকে বিজয়নগনর উপজেলার চরইসলামপুর গ্রাম সংলগ্ন সোনাই নদীতে ভাসমান অবস্থায় সমদেব বর্মণ (২২) নামের এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সমদেব বর্মণ স্থানীয় জনতা ব্রিকস নামে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। স্থানীয়রা সোনাই নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ৯ এপ্রিল সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের জমি থেকে চার বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজিদ উল্লাহ সুহিলপুর গৌতমপাড়ার হোসেন মিয়ার ছেলে। গত ৫ এপ্রিল ওই শিশুটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। সকালে শিশুটির গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসাপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তবে সংসদ সদস্য একথা বললেও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।