নবীনগরে ভূমিদস্যুদের অত্যাচারে বাড়িছাড়া একটি পরিবার,নির্যাতনের শিকার হচ্ছে বউ-ঝিরাও
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁওয়ের একটি পরিবার বাড়িছাড়া। জোরপূর্বক জায়গা দখলের চেষ্টায় ঐ পরিবারের ওপর চলছে নির্যাতন। বাড়িতে এলেই দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করা হচ্ছে । এসব ঘটনায় থানায় মামলা দেয়া হয়েছে। পুলিশ সুপারের কাছে করা হয়েছে লিখিত অভিযোগ। তারপরও বেপড়োয়া গ্রামের ঐ ভূমিদস্যুরা। শনিবার ঐ বাড়িতে হামলা চালিয়ে পুরুষদের না পেয়ে ১২ বছরের এক কিশোরীকে মারধোর করে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে,বীরগাও কাজীবাড়ির কাজী মফিজ উদ্দিনের ছেলে মো: কাজী আবদুর রহিম ও তার অন্য দুই ভাইয়ের সঙ্গে প্রতিবেশী কাজী বশির উদ্দিন গং এর জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। পৈত্রিকসুত্রে আবদুর রহিম ও তার ভাইদের পাওয়া ৩৫৩৮ দাগের সাড়ে ৮ শতক জায়গা বশির উদ্দিন গং নিজেদের বলে দাবী করে আসছে। কয়েকমাস আগে গর্ত থাকা এ জায়গাটিতে মাটি ভরাট করে সেখানে গাছ রোপন করেন রহিম ও তার ভাইয়েরা। ঐ জায়গায় একটি দোকান ঘরও করা হয়। এরপর জায়গাটিতে তারা পাকা দেয়াল করার কাজ শুরু করলে গত ৩০ শে জানুয়ারী কাজী বশির উদ্দিন তার দলবল নিয়ে সেখানে চড়াও হন। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রহিম ও তার ভাইদের ওপর হামলা চালানো হয়। এতে রহিম ও তার ভাই আবদুর রহমান গুরুতর আহত হলে তাদেরকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন বশির উদ্দিনের লোকজন কাজী আবদুর রহিমের জায়গায় লাগানো সব গাছপালা কেটে নিয়ে যায়। এসময় জায়গাটির সামনের দিকে থাকা তাদের দোকান ঘরের সব মালামাল লুট করে নেয়। পরে ঐ জায়গা ও দোকানটি ঘিরে বাশ ও কাটার বেড়া দিয়ে দেয় । এরপর তাদের বসত বাড়িতেও বেড়া দিয়ে দেয়। মারধোর ও গাছকেটে নেয়ার ঘটনায় কাজী আবদুর রহিম বাদী হয়ে গত ১ লা ফেব্রুয়ারী নবীনগর থানায় ৯ জনকে আসামী করে একটি মামলা দেন। এই মামলার আসামীরা হচ্ছে কাজী বশির উদ্দিন(৫৫),কাজী রাজিব(২২),কাজী রাসেল(২০),কাজী রাসেদ(১৮),কাজী ফিরোজ মিয়া(৬২),কাজী সোলায়মান(২৭),কাজী আবদুল রহমান(৫০),কাজী হাবিবুর রহমান(৫৫),কাজী সজিব (২৩)। গত ১৬ ই মার্চ আবারো আবদুর রহমানকে মারধোর করে এরা। সর্বশেষ শনিবার আবদুর রহমানের মেয়ে মিনু আক্তার(১২) কে মারধোর করে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজী আবদুর রহিম বলেন, সাড়ে ৮ শতক আয়তনের তাদের একটি চারা ভূমি কাজী বশির তাদের বলে দাবী করে। চারা ভূমিটি এতোদিন গর্ত ছিলো। সম্প্রতি ৮০ হাজার টাকার মাটি ফেলে আমরা সেটি ভরাট করে গাছ লাগাই। সেখানে একটি দোকান ঘরও করি। এরপর দেয়াল নির্মান করতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। জায়গাটি নিয়ে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এরআগে কয়েক দফা সালিশ-দরবার হয় জানিয়ে রহিম বলেন সেখানেও জায়গাটি আমাদের বলে সিদ্ধান্ত হয়। জায়গাটি নিয়ে এরও আগে আদালতে মামলা মোকদ্দমা হয়। ২০০৯ সালে বশির উদ্দিনের লোকজন আদালতে মুচলেকা দেয় তারা আর ঐ জায়গাটি নিয়ে কোন দিন শান্তি ভঙ্গ করবেননা। রহিম বলেন-বর্তমানে তাদের অত্যাচারে আমরা বাড়ি ছাড়া। বাড়িতে গেলেই দা লাঠি বল্লম নিয়ে এসে হামলা চালানো হচ্ছে। এমনকি তাদের অত্যাচারে বাড়ির বউ-ঝিরাও থাকতে পারছেনা। কাজী সোলায়মান, আবদুল, ফিরোজ, সজিব,মহিবুর,কাউসার,হাবিবুর রহমান এসব অত্যাচার নির্যাতন করছে বলে জানান কাজী রহিম।











